নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩২ পিএম
চরমোনাই মাদ্রাসা অডিটোরিয়ামে দলের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বরিশাল বিভাগের সকল উপজেলা ও সিটি ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, প্রশাসনের দায়িত্বশীলতা ও কার্যকর নজরদারির অভাবে সমাজে বিভিন্ন ধরনের অপরাধ ও অনিয়মের সুযোগ তৈরি হচ্ছে। এতে জনগণের মধ্যে উদ্বেগ রয়েছে। এসব সমস্যা সমাধানে সরকার ও বিরোধী উভয় পক্ষেরই দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।
সোমবার সকালে চরমোনাই মাদ্রাসা অডিটোরিয়ামে দলের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বরিশাল বিভাগের সকল উপজেলা ও সিটি ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। রাজনৈতিক প্রতিহিংসা ও বিভাজনের পরিবর্তে জনগণের অধিকার, ন্যায়বিচার, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণের জন্য রাষ্ট্র পরিচালনায় নৈতিকতা ও ইনসাফকে গুরুত্ব দিতে হবে।
সম্মেলনে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিকভাবে প্রস্তুতি গ্রহণ ও প্রার্থীদের সফলতার জন্য নিয়মতান্ত্রিক ও জনসম্পৃক্ত কার্যক্রম জোরদারের নির্দেশনা দেন মুফতি রেজাউল করীম। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের এবং কেন্দ্রীয় সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ এমপিসহ বিভাগের বিভিন্ন উপজেলা ও সিটি ওয়ার্ডের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।