গাজীপুর সাফারি পার্ক
রায়হানুল ইসলাম আকন্দ, শ্রীপুর (গাজীপুর)
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৪ পিএম
গাজীপুর সাফারি পার্কে জলহস্তী পরিবারে সম্প্রতি নতুন শাবকের জন্ম হয়েছে। নতুন শাবককে নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে মা জলহস্তী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গাজীপুর সাফারি পার্কে জলহস্তী পরিবারে সম্প্রতি নতুন শাবকের জন্ম হয়েছে। নতুন শাবককে নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে মা জলহস্তী। নতুন শাবকের খুনসুটিতে আনন্দের বন্যা বইছে জলহস্তী পরিবারে।
গত রবিবার দুপুরে পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তারেক রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে পার্কে নতুন শাবকসহ জলহস্তীর সংখ্যা ৫টিতে দাঁড়িয়েছে। তবে কত তারিখে শাবক জলহস্তীটির জন্ম হয়েছে তা নিশ্চিত না পার্ক কর্তৃপক্ষ।
সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক রাজু আহমেদ বলেন, জন্মের পর এখন পর্যন্ত শাবকটি সুস্থ রয়েছে। তার মা সার্বক্ষণিক নিরাপত্তা দিচ্ছে। পুষ্টিমানের কথা বিবেচনা করে তাদের খাবারের পরিমাণও বাড়ানো হয়েছে। দিনের বেশির ভাগ সময়ই মায়ের সঙ্গে শাবকটি পানিতেই থাকছে।
তিনি জানান, জলহস্তীর প্রজনন প্রক্রিয়া পানির ভেতরেই সম্পন্ন হয়। স্ত্রী জলহস্তী সাধারণত ৫ থেকে ৬ বছর বয়সে এবং পুরুষ জলহস্তী ৭ থেকে ৮ বছর বয়সে প্রজননের জন্য পরিপক্বতা লাভ করে। স্ত্রী জলহস্তীর গর্ভধারণকাল বা জেস্টেশন পিরিয়ড প্রায় ২৪০ দিন (৮ মাস)। জন্মের পর পরই বাচ্চাকে সাঁতার কেটে পানির ওপরে এসে প্রথম শ্বাস নিতে হয়। বাচ্চারা পানির নিচে এবং ডাঙ্গায় উভয় স্থানেই মায়ের দুধ পান করতে পারে।
রাজু আহমেদ বলেন, জলহস্তীর আচরণ জল এবং ডাঙায় দুই জায়গায় দুই রকমের হয়ে থাকে। পানিতে নিজের এলাকা রক্ষায় পুরুষ জলহস্তীগুলো খুব উগ্র হয়ে ওঠে। তবে ডাঙায় থাকার সময় এরা সাধারণত একে অপরের এলাকা নিয়ে মাথা ঘামায় না।
শ্রীপুর সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক নূরুল ইসলাম বলেন, জলহস্তীর মুখ প্রায় ১৫০ ডিগ্রি পর্যন্ত বড় করে খোলা যায়। এদের নিচের চোয়ালের দাঁতগুলো প্রায় ৫০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। ওই দাঁতগুলো দিয়ে তারা নিজেদের রক্ষা করতে বা লড়াইয়ের সময় ব্যবহার করে। পানির নিচে যাওয়ার সময় এরা স্বয়ংক্রিয়ভাবে নাক ও কান বন্ধ করে নিতে পারে। তিনি আরও বলেন, জলহস্তী মূলত তৃণভোজী প্রাণী। এদের প্রধান খাবার হলো ঘাস। ডাঙার নরম ও ছোট ঘাস খেতে এরা সবচেয়ে বেশি পছন্দ করে।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান জানান, এখনও শাবকটির লিঙ্গ শনাক্ত করা যায়নি। শাবকটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। মা জলহস্তীর সাথে কচুরিপানার ভেতরে দিয়ে উঁকিঝুঁকি দিচ্ছে। গভীর পানিতে মাঝে মাঝে গা ভাসিয়ে পার্কের দর্শনার্থীদের বিনোদন দিচ্ছে সদ্য জন্ম নেয়া শাবকসহ পার্কের বেষ্টনীতে থাকা জলহস্তীগুলো।