লক্ষ্মীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২২:২২ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৫ পিএম
লক্ষ্মীপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
‘৫ কোটি টাকা থেকে আমাকে ২ কোটি টাকা দেন, আমি সব সই করে দেব।’ Ñসামনে থাকা এক ব্যক্তিকে এমন কথা বলছেন লক্ষ্মীপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিন। তার কথোপকথনের একটি ভিডিও গত রবিবার রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
প্রায় ৮ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওটির একটি অংশে নুরুল আমিনকে বলতে শোনা যায়, ‘এসি স্যার রাজি হয়ে গেছে, কোনো একটা কারণে, আমি ২ কোটি টাকা থেকে নড়ব না। ৬ কোটি টাকা তিন গুণ না, আমি ২ কোটি টাকার নিচে নড়ব না। চেয়ারম্যানের কাছে যেতে হলে যাব। দেখি চেয়ারম্যান কী কয়।’
এরপর তাকে আরও বলতে শোনা যায়, ‘একটা বিলের জন্য যদি ২ কোটি টাকা নিই, তাহলে চেয়ারম্যান কি আমার বিরুদ্ধে যাবে? আমাকে জায়গামতো পোস্টিং দেবে।’
ভিডিওর আরেক অংশে একটি কাজের ব্যয় এবং এক ব্যক্তি কর্তৃক প্রকল্পের মালামাল আত্মসাতের বিষয়ে কথা বলতে শোনা যায় নুরুল আমিনকে। তিনি বলেন, ‘সোজা হিসাব, ৩ লাখ টাকার ওয়ার্কে মালামাল লাগে ৩০ লাখ টাকা। তাহলে কত কোটি টাকার মাল সে আত্মসাৎ করছে। ওই হিসাব করে দেখা যাবে, ৫ কোটি টাকার মাল সে আত্মসাৎ করেছে।... ৫ কোটি টাকা থেকে আমাকে ২ কোটি টাকা দেন, আমি সব সই করে দেব।’
ভিডিওতে নুরুল আমিনকে হাতে কিছু একটা নিয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করতে দেখা যায়, ‘এখানে কত।’ জবাবে ওই ব্যক্তি বলেন, ‘৩৫ স্যার।’ তখন নুরুল আমিন বলেন, ‘হ্যাঁ, ৩৫, ১ লাখ ৩৫।’ সামনে থাকা ব্যক্তি বলেন, ‘আগে দিছিলাম ১ লাখ, স্যার।’
ভিডিওতে কয়েকজন ব্যক্তির কাছ থেকে নগদ টাকা গ্রহণ করতেও দেখা যায়। তবে তাদের মুখ দেখা যায়নি এবং পরিচয়ও জানা যায়নি। ভিডিওটি ঠিক কতদিন আগের, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
অভিযোগ ও ভিডিওটির বিষয়ে জানতে নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের মোবাইলে একাধিকবার কল করা হয়। তবে তিনি রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠালেও জবাব দেননি। পরে গতকাল সোমবার দুপুর ১২টার দিকে তার কার্যালয়ে গিয়েও তাকে পাওয়া যায়নি। কার্যালয়ে থাকা পিডিবির এক সহকারী প্রকৌশলী জানান, নির্বাহী প্রকৌশলী নুরুল আমিন সকাল থেকে কার্যালয়ে আসেননি।
ভিডিওটি গণমাধ্যমে প্রচারের পর সাময়িক বরখাস্ত: আর্থিক লেনদেন সংক্রান্ত কথোপকথনের একটি ভিডিও গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর লক্ষ্মীপুরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার পিডিবির তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউসার আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, মো. নুরুল আমিনের বিরুদ্ধে আর্থিক লেনদেন সংক্রান্ত কথোপকথনের একটি ভিডিও গণমাধ্যমে প্রচারিত হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (কর্মচারী) চাকরি বিধিমালা, ১৯৮২-এর ১৪১ (১) বিধির অধীনে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। বিধি অনুসারে তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
পিডিবির কুমিল্লা বিতরণ অঞ্চলের প্রধান প্রকৌশলী শেখ ফিরোজ কবিরও সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাকে সাময়িক বরখাস্তের অফিস আদেশের চিঠিটি আমি বিকালে পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।