× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সমবায়ের টাকা ফেরত পাওয়ার দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩৪ পিএম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সমবায়ের টাকা ফেরত পাওয়ার দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও করেছেন সমিতির গ্রাহকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সমবায়ের টাকা ফেরত পাওয়ার দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও করেছেন সমিতির গ্রাহকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিভিন্ন সমবায় সমিতিতে জমা রাখা আমানতের টাকা ফেরত পাওয়ার দাবিতে উপজেলা পরিষদ ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করছেন ভুক্তভোগী গ্রাহকরা।

এ সময় তারা উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেন। সোমবার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। এর আগে গত রবিবার দুপুর ১২ থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে ভুক্তভোগী গ্রাহকরা।

‘আন্দোলনরত সকল বঞ্চিত গ্রাহক’ ব্যানারে আয়োজিত কর্মসূচিতে প্রায় এক হাজার গ্রাহক অংশ নেন। বেলা ১১টায় মাদারগঞ্জ পৌরসভার গাবেরগ্রাম চৌরাস্তা মোড় এলাকা থেকে অর্থ উদ্ধার আন্দোলনের নেতা শিবলুল বারী রাজুর নেতৃত্বে লাঠি হাতে বিক্ষোভ মিছিল নিয়ে তারা উপজেলা পরিষদ চত্বরে আসেন। একপর্যায়ে উপজেলা পরিষদ ঘেরাও করে প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেন তারা।

কর্মসূচি চলাকালে দুপুর দেড়টার দিকে আন্দোলনকারীদের দু’পক্ষের কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে দুই দু’পক্ষই উপজেলা চত্বর ত্যাগ করেন।

জেলা সমবায় দপ্তর জানায়, মাদারগঞ্জের ২৩টি সমবায় সমিতিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এসব সমিতির গ্রাহকসংখ্যা ৩২ হাজার ৪২৪ জন। অভিযোগ অনুযায়ী, এসব গ্রাহকের প্রায় ৭২০ কোটি ১৯ হাজার ১৫০ টাকা আটকে আছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক, প্রবাসী, দিনমজুর, পোশাকশ্রমিক ও চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ রয়েছেন।

আন্দোলনকারীদের অভিযোগ, এসব সমবায় সমিতির অধিকাংশের পরিচালক আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পাশাপাশি জামায়াতের নেতাদেরও একাধিক সমবায় সমিতির সঙ্গে সম্পৃক্ততা রয়েছে বলে তারা দাবি করেন।

অর্থ উদ্ধার আন্দোলনের নেতা শিবলুল বারী রাজু বলেন, প্রায় তিন বছর ধরে আন্দোলন চলছে। এখনও গ্রাহকরা তাদের আমানতের টাকা ফেরত পাননি। গ্রাহকদের আত্মসাৎ করা অর্থ উদ্ধার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। সংসদ সদস্যের দেওয়া প্রতিশ্রুতি সাধারণ গ্রাহকরা মেনে নেননি। ওই প্রতিশ্রুতি ভুক্তভোগী গ্রাহকদের স্বার্থের পরিবর্তে সমবায়গুলোর মালিকপক্ষের স্বার্থ রক্ষা করবে বলে তারা জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, এ বিষয়ে এমপি মহোদয় ও অর্থ উদ্ধার কমিটির সঙ্গে কথা হয়েছিল। তারা আন্দোলন করবেন না বলে জানিয়েছিলেন। এখন কী কারণে আবার আন্দোলন করছেন, সে বিষয়ে তিনি অবগত নন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা