জাহিদ হাসান ভূঁইয়া, গাজীপুর
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩১ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২১:৪২ পিএম
রথখোলায় দোকানে সারি সারি সাজানো মাটির তৈরি নানা ধরনের শোপিস ও তৈজসপত্র। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কাঁচ, ক্রিস্টাল কিংবা প্লাস্টিকের আধুনিক সামগ্রী ঘর সাজানোর বাজার দখল করলেও মাটির তৈরি শোপিসের প্রতি মানুষের আগ্রহ কমেনি। বরং গাজীপুরের জয়দেবপুরের রথখোলা এলাকায় মাটির তৈরি বাহারি সামগ্রীর চাহিদা বাড়ছে।
বাসাবাড়ির সাজসজ্জা থেকে রেস্তোরাঁ- বিভিন্ন প্রয়োজনে মাটির পণ্য কিনছেন ক্রেতারা।
তবে জ্বালানি ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় উৎপাদনকারীদের কাছ থেকে বেশি দামে পণ্য কিনতে হচ্ছে ব্যবসায়ীদের। ফলে বাড়ছে বিক্রয়মূল্যও।
রথখোলা এলাকায় সোমবার গিয়ে দেখা যায়, কয়েকটি দোকানে সারি সারি সাজানো মাটির তৈরি নানা ধরনের শোপিস ও তৈজসপত্র। ফুলদানি, জগ ফুলদানি, পেন ফুলদানি, রজনী ফুলদানি, ঘোড়া, হাতি, পুতুল, ধূপদানি, মোমদানি ও হারিকেনের পাশাপাশি রয়েছে কলস, হাঁড়ি-পাতিল, দইয়ের মালসা, পিঠার ছাঁচ, সরা, রসের হাঁড়ি, ফুলের টব, ঘোড়ার গাড়ি, পাখি, মাটির ব্যাংক ও ঘটি।
পণ্যের আকার, নকশা ও ধরন অনুযায়ী দামেও রয়েছে পার্থক্য। সাধারণ ফুলদানি ১০০ থেকে ৩০০ টাকা, জগ ফুলদানি ৪৫০ থেকে ৫০০, পেন ফুলদানি ৮০ থেকে ১০০ এবং রজনী ফুলদানি ১০০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
মাটির ঘোড়া ২৫০ থেকে এক হাজার এবং হাতি ২৫০ থেকে তিন হাজার টাকা পর্যন্ত। ধূপদানি ৫০, মোমদানি ২৫০ থেকে ৩০০ এবং হারিকেন ১০০ থেকে ২৫০ টাকায় পাওয়া যাচ্ছে।
মাটির ডিনার সেটের দাম ২ হাজার থেকে ১০ হাজার এবং বউ দোলনা ২ হাজার ৫০০ থেকে ৮ হাজার টাকা।
কয়েকজন ব্যবসায়ী জানান, ছুটির দিন ও বিভিন্ন উৎসবকে ঘিরে এসব পণ্যের বিক্রি বাড়ে। বাসার ড্রইংরুম, বারান্দা কিংবা বিভিন্ন কক্ষ সাজাতে শোপিস কিনছেন অনেকে।
পাশাপাশি রেস্তোরাঁ ও হোটেলে মাটির তৈরি কাপ, থালা-বাসনের ব্যবহার বাড়ায় এসব পণ্যের অর্ডারও আসছে বলেও জানান তারা।
রথখোলার ‘পাটি ও মাটিঘর’-এর স্বত্বাধিকারী শংকর দত্ত প্রায় ৩৬ বছর ধরে এ ব্যবসার সঙ্গে যুক্ত।
তিনি বলেন, প্রতিবছরই মাটির পণ্যের বিক্রি বাড়ছে। বিশেষ করে মাটির ব্যাংকের চাহিদা বেশি। মাটির হাঁড়ি-পাতিলে রান্নার প্রতি মানুষের আগ্রহ এবং বিভিন্ন রেস্তোরাঁয় মাটির তৈজসপত্র ব্যবহারের কারণে এ ধরনের পণ্যের চাহিদাও বেড়েছে।
তবে বাড়তি খরচের চাপের কথাও জানান তিনি। শংকর দত্ত বলেন, বরিশালসহ বিভিন্ন এলাকা থেকে পণ্য আনতে গিয়ে পরিবহনের সময় পণ্য নষ্ট হলে লাভ কমে যায়। রথ মেলাকে কেন্দ্র করে পণ্য আনা-বেচা বাড়লেও বর্তমানে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় কুমারদের কাছ থেকে আগের তুলনায় বেশি দামে পণ্য কিনতে হচ্ছে। সেই বাড়তি খরচের প্রভাব পড়ছে বিক্রয়মূল্যে।
‘সৃজা মৃৎশিল্প’-এর স্বত্বাধিকারী কাঞুরাম ভৌমিকের ছেলে উজ্জ্বল ভৌমিকও জানান, ছুটির দিন ও উৎসবের আগে বিক্রি বাড়ে।
তার ভাষায়, মাটির তৈরি শৌখিন সামগ্রীর প্রতি মানুষের আলাদা আকর্ষণ রয়েছে। করোনার সময়ে ব্যবসায় বড় ধাক্কা এলেও পরে পরিস্থিতি ঘুরে দাঁড়িয়েছিল। এখন জ্বালানির দাম বৃদ্ধির কারণে আবারও খরচের চাপ বেড়েছে।
মাটির তৈজসপত্র কিনতে আসা শামীম ও লিজা দম্পতি বলেন, মাটির পণ্য দেশের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে জড়িত। কাঁচ বা ক্রিস্টালের পণ্যের আধিক্যের মধ্যেও মাটির শোপিস ঘরে আলাদা সৌন্দর্য তৈরি করে। রথখোলায় নানা নকশা ও আকারের পণ্য পাওয়া যায়, আবার দামও তুলনামূলক নাগালের মধ্যে।
নিজ দোকানের জন্য মাটির তৈজসপত্র কিনতে আসা চায়ের আড্ডার স্বত্বাধিকারী মো. মনসুর আলী বলেন, মানুষের রুচি ও চাহিদা বদলালেও মাটির পণ্যের প্রতি আগ্রহ রয়েছে। নকশা ও বৈচিত্র্যে নতুনত্ব আনা গেলে এ বাজার আরও বড় হতে পারে।
ব্যবসায়ীদের মতে, চাহিদা থাকলেও উৎপাদন ও পরিবহন ব্যয় বাড়ায় মাটির পণ্যের ব্যবসায় চাপ তৈরি হচ্ছে।
তবে নতুন নকশা, বৈচিত্র্য ও আধুনিক ব্যবহারের সঙ্গে মৃৎশিল্পকে যুক্ত করা গেলে ঐতিহ্যবাহী এ শিল্পের বাজার আরও সম্প্রসারিত হওয়ার সুযোগ রয়েছে বলেও মনে করছেন তারা।