× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইজিবাইক চালক থেকে কোটিপতি, নেপথ্যে ইয়াবা কারবারের অভিযোগ

প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২৫ পিএম

অভিযুক্ত অপু মন্ডল।

অভিযুক্ত অপু মন্ডল।

একসময় ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ী গ্রামের অপু মন্ডল। তার বাবা চালাতেন প্যাডেলচালিত ভ্যান। সংসার চালাতে হিমশিম খাওয়া সেই অপু এখন কোটি কোটি টাকার সম্পদের মালিক- এমন অভিযোগ স্থানীয়দের।

সম্প্রতি ঝিনাইদহ শহরতলির মধুপুর চৌরাস্তা এলাকায় প্রায় অর্ধকোটি টাকা মূল্যের একটি জমি কেনার পর বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়।

অভিযোগ রয়েছে, ইজিবাইক চালানোর আড়ালে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন অপু। পরে ইয়াবার কারবার বিস্তৃত করে অল্প সময়ের মধ্যে বিপুল অর্থ-সম্পদের মালিক হন তিনি। 

স্থানীয় অনেকের দাবি, শুরুতে ছোট পরিসরে ইয়াবা সরবরাহ করলেও ধীরে ধীরে একটি নেটওয়ার্ক গড়ে তোলেন অপু। ঝিনাইদহ সদর, শৈলকুপা ও কালীগঞ্জসহ বিভিন্ন এলাকার খুচরা বিক্রেতা ও মাদকসেবীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে চলত এ কারবার।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক ব্যবসা থেকে অর্জিত অর্থ দিয়ে একের পর এক জমি, বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন অপু। নিজের পাশাপাশি পরিবারের সদস্য, ঘনিষ্ঠজন ও আত্মীয়স্বজনের নামেও সম্পদ গড়ে তোলার অভিযোগ রয়েছে।

সূত্রটির দাবি, কয়েক বছর আগেও তার জীবনযাত্রা ছিল সাধারণ। ইজিবাইক চালিয়েই চলত সংসার। পরে দামি মোটরসাইকেল, বিলাসবহুল বাড়ি, জমি কেনা ও বিভিন্ন ব্যবসায় বিনিয়োগের কারণে তার জীবনযাত্রায় আকস্মিক পরিবর্তন স্থানীয়দের নজরে আসে।

অভিযোগ রয়েছে, মাদক ব্যবসার অর্থ বৈধ করতে বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে। জমি কেনা, বাড়ি নির্মাণ ও ব্যবসায় অংশীদার হওয়ার মাধ্যমে অর্থ ব্যয়ের তথ্যও স্থানীয়ভাবে আলোচিত হচ্ছে।

তবে এসব সম্পদের প্রকৃত উৎস ও মালিকানা যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

স্থানীয়দের আরও অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে অপু সরাসরি ইয়াবা বহন না করে সহযোগীদের ব্যবহার করেন। স্থান পরিবর্তন, মোবাইল নম্বর বদল এবং মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে লেনদেনের কৌশলও ব্যবহার করা হয়।

পুলিশ প্রশাসনের কতিপয় ‘বিপথগামী সদস্য’কে অর্থের বিনিময়ে ‘ম্যানেজ’ করে ব্যবসা পরিচালনার অভিযোগও রয়েছে।

জেলা সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি ড. আনোয়ারুজ্জামান আজাদ বলেন, “একজন স্বল্প আয়ের ইজিবাইক চালক কীভাবে অল্প সময়ের মধ্যে বিপুল সম্পদের মালিক হলেন- এ প্রশ্নের উত্তর খুঁজতে শুধু মাদক ব্যবসার অভিযোগ নয়, তার সম্পদের উৎসও খতিয়ে দেখা দরকার।”

একই সঙ্গে কথিত মাদক নেটওয়ার্কের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা প্রয়োজন বলেও মনে করেন তিনি।

তবে অভিযোগ প্রত্যাখ্যান করে অপু মন্ডল বলেন, “মাঝে অল্পকিছু মাদক ব্যবসা করতাম তবে আমি এখন ভালো হয়ে গেছি। তবে আমার প্রতিপক্ষরা আমাকে নিয়ে অপপ্রচার ছড়াচ্ছে।”

এদিকে রাজনৈতিক নেতাসহ একাধিক ব্যক্তি প্রতিবেদককে ফোন করে অপুকে নিয়ে সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ করেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শেখ হাশেম আলী বলেন, “ওই ব্যক্তির বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এছাড়াও আমাদের টিম তার বিষয়ে খতিয়ে দেখছে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা