চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৫৮ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০০ পিএম
মোহাম্মদ ইসফাতুল ইসলাম জিসান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কক্সবাজারের চকরিয়ায় অপহরণের প্রায় ৪ ঘণ্টা পর মোহাম্মদ ইসফাতুল ইসলাম জিসান (২৭) নামের এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে সোমবার ভোরে মরদেহটি উদ্ধার করা হয়।
জিসান চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের লোটনী গ্রামের নাজেম উদ্দিনের ছেলে। তিনি কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
সাদা মাইক্রোবাসে তুলে নেওয়ার অভিযোগ
জিসানের পরিবারের ভাষ্য, গভীর রাতে কাকারা ইউনিয়নের লোটনী এলাকায় সাবের সওদাগরের দোকানের সামনে থেকে কয়েকজন ব্যক্তি সাদা রঙের একটি মাইক্রোবাসে করে জিসানকে তুলে নিয়ে যায়। এর প্রায় চার ঘণ্টা পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
তার পরিবারের দাবি, অপহরণের পর তাকে চকরিয়া পৌরসভার সবুজবাগ আবাসিক এলাকার কবির টাওয়ারে নিয়ে হত্যা করা হয়। পরে তার মরদেহ মহাসড়কের পাশে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের।
ভাইরাল অডিও রেকর্ড
এদিকে জিসানের বড় ভাই কায়সারের সঙ্গে কবির টাওয়ারের মালিক জকরিয়ার ছোট ভাই মিজানের কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কায়সারের দাবি, জিসান অপহরণের প্রায় দুই ঘণ্টা আগে তাদের মধ্যে ওই কথোপকথন হয়।
ছড়িয়ে পড়া অডিওতে মিজানকে বলতে শোনা যায়, “আমরা অপারগ হয়ে একটি সিদ্ধান্ত নিয়েছি, এজাহার লিখেছি। কালকে দিনের মধ্যে আপনার ভাইকে (জিসানকে) নিয়ে যদি সমাধানে না বসেন, তাহলে আমি আমার মতো সমাধানের রাস্তা খুঁজে নেব। আপনার ভাইকে খুঁজতে ৫০ জন লোক রেডি আছে”।
কথোপকথনে জিসানকে নিয়ে আরও কিছু বক্তব্য রয়েছে। তবে অডিওটির সত্যতা ও কথোপকথনের প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
কবির টাওয়ারে সাদা গাড়ি, সিসিটিভি নিয়ে পুলিশের বক্তব্য
চকরিয়া থানা-পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজন সবুজবাগ আবাসিক এলাকার কবির টাওয়ারের পার্কিংয়ে সাদা রঙের একটি এক্স-নোহা গাড়ি শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভবনের সিসিটিভি ফুটেজ দেখতে চাওয়া হলে বাড়ির মালিক জকরিয়ার পরিবারের পক্ষ থেকে ফুটেজ দেখানো সম্ভব হয়নি বলে পুলিশ জানিয়েছে।
চকরিয়া থানার ওসি আরিফুর রহমান বলেন, “জিসানকে কেন অপহরণ করা হয়েছিল এবং তার মৃত্যুর প্রকৃত কারণ কী- তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে”।
পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলেও জানিয়েছেন তিনি।