সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৩:২১ পিএম
ভাঙন প্রতিরোধে কাজ করছেন স্থানীয়রা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় কপোতাক্ষ নদসংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। সোমবার রাত ৩টার দিকে ভাঙন শুরু হলেও সকাল ৭টার দিকে তা বড় আকার ধারণ করে। এরই মধ্যে প্রায় ৫০ মিটার বাঁধ ধসে নদী-খালের দিকে চলে গেছে।
দ্রুত ভাঙন রোধ করা না গেলে প্রতাপনগর ও পার্শ্ববর্তী এলাকার ১০ থেকে ১২টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। এতে বসতবাড়ি, ফসলি জমি ও হাজার হাজার মৎস্যঘের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয়রা জানান, ভাঙনস্থলটি কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে। বেড়িবাঁধের পাশাপাশি ওয়াবদা সড়কের একটি অংশও ধসে পড়েছে। ফলে ওই সড়ক দিয়ে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
ভাঙনের খবর ছড়িয়ে পড়ার পর সকাল থেকেই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হন। পরে স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছাশ্রমে ভাঙন প্রতিরোধের কাজ শুরু করেন তারা। বালি ও মাটি ফেলে ক্ষতিগ্রস্ত বাঁধের অংশ রক্ষার চেষ্টা করছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক বলেন, “সারা বছর আমাদের নদীর সঙ্গে যুদ্ধ করে বাঁচতে হয়। সবসময় আতঙ্কে থাকি- কখন ঘরবাড়ি প্লাবিত হয়ে যায়। পানি উন্নয়ন বোর্ডের অবহেলার কারণে আমরা একটু শান্তিতে বসবাস করতে পারি না। সবে এলাকায় গাছপালা ও ফসল হচ্ছে। আবার প্লাবিত হলে সব শেষ হয়ে যাবে। হাজার হাজার মৎস্যঘের পানিতে ভেসে যাবে”।
আরেক স্থানীয় বাসিন্দা নূরে আলম সিদ্দিকী বলেন, “সকাল থেকে স্থানীয় জনগণকে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভাঙন মোকাবিলায় কাজ করছি। দ্রুত বালি ফেলে ভাঙনস্থল মেরামত করা না গেলে ভাঙন আরও বিস্তৃত হয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে”।
পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, “ভাঙন শুরু হওয়ার পরই সাধারণত পানি উন্নয়ন বোর্ড কাজ শুরু করে। আগে থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয় না। যে স্থানে ভাঙন দেখা দিয়েছে, তার সামনেই খাল রয়েছে। বাঁধটি পুরোপুরি ভেঙে গেলে প্রতাপনগর ইউনিয়নের পাশাপাশি পার্শ্ববর্তী আনুলিয়া ইউনিয়নও প্লাবিত হতে পারে। আমরা দ্রুত কার্যকর পদক্ষেপ চাই”।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ভাঙন রোধ করা না গেলে নদীর পানি লোকালয়ে ঢুকে পড়তে পারে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়তে পারেন। তাদের দাবি, জরুরি ভিত্তিতে বালি ও মাটি ফেলে ভাঙন ঠেকানোর পাশাপাশি ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ স্থায়ীভাবে সংস্কার করতে হবে।
এ বিষয়ে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুণ্ডু বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় চেয়ারম্যানকে প্রাথমিকভাবে কাজ শুরু করার জন্য জানিয়েছি। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডকেও বিষয়টি অবহিত করা হয়েছে। তারা দ্রুত কাজ শুরু করবে”।
সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া বলেন, “আমরা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শনের জন্য রওনা হয়েছি। আনুমানিক ৫০ মিটারের মতো বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। খুব দ্রুত কাজ শুরু করা হবে”।