নূর আলম, দুর্গাপুর (নেত্রকোণা)
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ২১:২১ পিএম
দুর্গাপুরের নয়ন যোগী আশ্রম মানব কল্যাণকামী অনাথালয়ের অনাথ শিশুরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নেত্রকোণার দুর্গাপুরে চরম আর্থিক সংকটে ধুঁকছে জেলার সর্ববৃহৎ অনাথালয় ‘নয়ন যোগী আশ্রম মানব কল্যাণকামী অনাথালয়’। সরকারি ও বেসরকারি অনুদান আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় খাদ্য, শিক্ষা, বাসস্থান ও চিকিৎসাসহ ১১২ জন অনাথ শিশুর মৌলিক চাহিদা পূরণে মারাত্মক হিমশিম খাচ্ছে আশ্রম কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯৬ সালে দুর্গাপুর উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের চণ্ডীগড় গ্রামে নিবেদিতপ্রাণ ব্যক্তি নিত্যানন্দ গোস্বামী নয়ন অনাথালয়টি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে সরকারি ও বেসরকারি পর্যায়ের পর্যাপ্ত সহায়তায় এর কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছিল। তবে ২০২০ সালে প্রতিষ্ঠাতা নিত্যানন্দ গোস্বামীর মৃত্যুর পর থেকেই মূলত সংকটের সূচনা হয়। এরপর ধীরে ধীরে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক দাতাদের আর্থিক সহায়তা কমতে থাকে।
সমাজসেবা অধিদপ্তরের তথ্যানুযায়ী মাত্র বছর দুয়েক আগেও এখানকার ১১২ জন অনাথ শিশুর মধ্যে ৫৬ জনের বিপরীতে সরকারি বরাদ্দ পাওয়া যেত। কিন্তু গত বছর সেই বরাদ্দ একলাফে নেমে আসে মাত্র ২২ জনে। চলতি বছরে তা কিছুটা বেড়ে ৩২ জনে পৌঁছালেও প্রয়োজনের তুলনায় তা অত্যন্ত অপ্রতুল। ফলে অবশিষ্ট ৮০ জন শিশুর ভরণপোষণ চালাতে চরম অচলাবস্থায় পড়েছে আশ্রম কর্তৃপক্ষ। পর্যাপ্ত বরাদ্দ না থাকায় অনাথ শিশুরা নিয়মিত পুষ্টিকর খাদ্য, উপযুক্ত পোশাক, স্বাস্থ্যসেবা এবং পড়াশোনার ন্যূনতম সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
আশ্রমে থাকা অনাথ শিশুরা জানায়, মৌলিক চাহিদাগুলো পাওয়ার তাগিদে প্রতিদিন তাদের নানান সংগ্রামের মুখোমুখি হতে হচ্ছে। কষ্টের মধ্যে দিন কাটলেও তারা সুন্দর এক ভবিষ্যতের স্বপ্ন দেখছে।
সুশীল সমাজের প্রতিনিধি কবি লোকান্ত শাওন বলেন, শিশুদের মুখে হাসি ফোটাতে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের দ্রুত এগিয়ে আসা জরুরি। সবাই এগিয়ে এলে এই অনাথ শিশুদের জন্য একটি নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব হবে।
আশ্রমের বর্তমান পরিচালক নিশা দেবী জানান, শিশুদের স্বাভাবিক জীবন নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি উভয় খাতের জরুরি সহায়তা প্রয়োজন। পর্যাপ্ত অনুদান না পেলে অনাথালয়টির প্রাতিষ্ঠানিক কার্যক্রম পুরোপুরি ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
দুর্গাপুর উপজেলা ইউএনও আহমেদ সাদাত বলেন, আশ্রম কর্তৃপক্ষ বরাদ্দ বাড়ানোর বিষয়ে আমাদের কাছে আবেদন করেছেন। আবেদনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।