শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫৪ পিএম
শ্রীনগরে অগ্রণী ব্যাংকের শাখায় শত শত গ্রাহক নিজেদের হিসাব যাচাই করতে ভিড় করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের এক ক্যাশ কর্মকর্তার পলাতক হওয়ার পর শতাধিক গ্রাহকের হিসাবে অর্থ লোপাটের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার পর্যন্ত ১৪টি হিসাব থেকে প্রায় পৌনে দুই কোটি টাকা গায়েব হওয়ার তথ্য পাওয়া যায়। এ ঘটনায় ব্যাংকটির প্রবাসী ও নারী গ্রাহকসহ প্রায় ১০ হাজার গ্রাহকের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
রবিবার সকাল থেকে শ্রীনগর প্লাজার ২য় তলাস্থ ব্যাংকটির শাখায় শত শত গ্রাহক নিজেদের হিসাব যাচাই করতে ভিড় করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্লাজার গেটের কাচ ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ব্যাংক সূত্রে জানা গেছে, গতকাল বিকাল ৫টা পর্যন্ত ১১৩ জন গ্রাহক অর্থ লোপাটের অভিযোগ জমা দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাংকের এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে শতাধিক হিসাব থেকে প্রায় ১০ কোটি টাকা লোপাটের তথ্য পাওয়া গেছে। তবে সব হিসাব যাচাই শেষ না হওয়া পর্যন্ত মোট কত টাকা এবং কতজন গ্রাহকের অর্থ লোপাট হয়েছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। অভিযোগ জমা দিতে আরও অনেক গ্রাহক অপেক্ষায় রয়েছেন।
এর আগে গত বৃহস্পতিবার দুপুরে অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখায় গ্রাহকদের আমানত লোপাটের বিষয়টি জানাজানি হলে শত শত গ্রাহক ব্যাংকে ভিড় করেন। এর দুই দিন আগ থেকেই ব্যাংকটির ক্যাশ কর্মকর্তা শরীফুজ্জামান সোহাগ পলাতক রয়েছেন বলে ব্যাংক সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার পর্যন্ত ১৪টি হিসাব থেকে প্রায় পৌনে দুই কোটি টাকা গায়েব হওয়ার তথ্য পাওয়া যায়। এ ঘটনায় ব্যাংকটির প্রবাসী ও নারী গ্রাহকসহ প্রায় ১০ হাজার গ্রাহকের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে অগ্রণী ব্যাংকের মুন্সীগঞ্জ জেলার ডিজিএম মিজানুর রহমান জানান, এ ঘটনায় পলাতক ক্যাশ কর্মকর্তা শরীফুজ্জামান সোহাগের বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা করা হয়েছে। একই সঙ্গে শরীফুজ্জামান ও ক্যাশিয়ার মো. জিন্নাহকে শোকজ করা হয়েছে।
তিনি আরও বলেন, শরীফুজ্জামানের ব্যক্তিগত সিল ব্যবহার করে গ্রহণ করা টাকা গ্রাহকরা ফেরত পাবেন কি না এ বিষয়টি যাচাই করতে ব্যাংকের অডিট টিম কাজ করছে। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি হিসাব যাচাই-বাছাই করে গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে।
তিনি আরও বলেন, সব হিসাব যাচাই শেষ না হওয়া পর্যন্ত কতজন গ্রাহকের কত টাকা লোপাট হয়েছে, তা বলা সম্ভব নয়। কোনো গ্রাহকের হিসাবে পরবর্তী সময়ে অসঙ্গতি ধরা পড়লে তিনিও অভিযোগ জমা দিতে পারবেন।