× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বীকৃতির লড়াইয়ের দায়িত্ব রোহিঙ্গাদের নিতে হবে: অধ্যাপক ইমতিয়াজ

কক্সবাজার অফিস

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:৩৩ পিএম

কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সম্মেলন কক্ষে ‘গণহত্যা কূটনীতি ও রোহিঙ্গা বিচার, স্বীকৃতি এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়ার রাজনীতি’ শীর্ষক গবেষণা-নীতি সংলাপে অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সম্মেলন কক্ষে ‘গণহত্যা কূটনীতি ও রোহিঙ্গা বিচার, স্বীকৃতি এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়ার রাজনীতি’ শীর্ষক গবেষণা-নীতি সংলাপে অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গণহত্যার ক্ষেত্রে ভুক্তভোগী জনগোষ্ঠীই স্বীকৃতির লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রোহিঙ্গাদের ক্ষেত্রেও সেই দায়িত্ব তাদের নিজেদের নিতে হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি বিশেষজ্ঞ অধ্যাপক ইমতিয়াজ আহমেদ।

তিনি বলেন, রোহিঙ্গা গণহত্যার স্বীকৃতি আদায়ে ক্যাম্পের ভেতরেই একটি ‘রোহিঙ্গা গণহত্যা সেল’ গঠন এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা রোহিঙ্গা প্রবাসীদের যুক্ত করে গণহত্যার স্মৃতি, অভিজ্ঞতা ও প্রমাণ সংরক্ষণ জরুরি। ওই সেলের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে থাকা রোহিঙ্গাপ্রবাসীদের যুক্ত করতে হবে। 

রবিবার কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সম্মেলন কক্ষে ‘গণহত্যা কূটনীতি ও রোহিঙ্গা: বিচার, স্বীকৃতি এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়ার রাজনীতি’ শীর্ষক গবেষণা-নীতি সংলাপে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ইমতিয়াজ বলেন, গণহত্যা নিয়ে গবেষণার মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষকে সংবেদনশীল ও সচেতন করে তোলা, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। কিন্তু একের পর এক গণহত্যা ঘটতে থাকায় সেই প্রচেষ্টার সীমাবদ্ধতা নিয়েও নতুন করে ভাবতে হবে।

তিনি বলেন, রোহিঙ্গাদের নিজস্ব খাবার, পোশাক, সাহিত্য, কবিতা, ইতিহাস, সংস্কৃতি ও বীরত্বের গল্প আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার উদ্যোগ দরকার। এজন্য অন্তত পাঁচ খণ্ডের একটি ‘রোহিঙ্গা-পিডিয়া’ বা বিশ্বকোষ প্রকাশের প্রস্তাবও দেন তিনি। তাদের ইতিহাস, সংস্কৃতি, ভূগোল ও বীরদের নিয়ে একটি পূর্ণাঙ্গ রোহিঙ্গা-পিডিয়া থাকলে পরিচয় নিয়ে প্রশ্ন তোলার সুযোগ কমবে বলেও মন্তব্য করেন এই কূটনীতি বিশেষজ্ঞ।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার নাজমুল ইসলাম ভুইয়া বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে প্রধান বাধাগুলো চিহ্নিত করতে গবেষকদের আরও কাজ করা দরকার। জাতিসংঘ, আসিয়ান, ওআইসি ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সংকট মোকাবিলায় কী ভূমিকা রাখতে পারত এবং কী করেনি, তা-ও গবেষণায় উঠে আসা প্রয়োজন বলে তিনি মনে করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের পরিচালক নির্ঝর অধিকারী বলেন, ১৯৭৮ ও ১৯৯২ সালে বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বর্তমান সংকট সমাধানের পথ খুঁজতে হবে। 

অনুষ্ঠানে কক্সবাজারের সুশীল সমাজ, সরকারি কর্মকর্তা, গবেষক, মানবাধিকারকর্মী, সংবাদকর্মী এবং রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন। গবেষণা ও নীতির মধ্যে সংযোগ তৈরি করে রোহিঙ্গা সংকটের রাজনৈতিক সমাধানের পথ খোঁজার ওপর আলোচনায় গুরুত্ব দেওয়া হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা