× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লা

কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ২৫৪ জন

কুমিল্লা অফিস

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:২৯ পিএম

কুমিল্লায় কিশোর গ্যাং, উঠতি বয়সী অপরাধী ও বখাটেদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে ২৫৪ জনকে আটক করেছে জেলা পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লায় কিশোর গ্যাং, উঠতি বয়সী অপরাধী ও বখাটেদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে ২৫৪ জনকে আটক করেছে জেলা পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লায় কিশোর গ্যাং, উঠতি বয়সী অপরাধী ও বখাটেদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে ২৫৪ জনকে আটক করেছে জেলা পুলিশ। গত শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান চালানো হয়।

এর আগে গত বুধবার রাতের অভিযানে ৬২৪ জনকে আটক করা হয়েছিল। ফলে মাত্র কয়েক দিনের ব্যবধানে দুই দফা অভিযানে মোট ৮৭৮ জনকে আটক করল পুলিশ।

কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, জেলার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা এবং কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের আড্ডাস্থল চিহ্নিত করে একযোগে অভিযান চালানো হয়েছে। আটকদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে অভিযোগের ধরন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরাধের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ না মিললে সংশ্লিষ্টদের ছেড়ে দেওয়া হবে।

অভিযানে কুমিল্লা নগরের আলোচিত কিশোর গ্যাং ‘রতন গ্রুপ’ বা আর স্কোয়াডের চার সক্রিয় সদস্যকে আটকের কথা জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে আনিসুর রহমান ওরফে আনিক (১৯) গ্রুপটির ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে পরিচিত।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, শনিবার রাতে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৭ জনকে আটক করা হয়। তাদের মধ্যে রতন গ্রুপের চারজন রয়েছে। আটক আনিক নগরের ছোটরা মফিজাবাদ কলোনির আবুল কাশেমের ছেলে। তিনি ২০২২ সালের একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। ওই মামলায় গ্রেপ্তারের পর জামিনে বেরিয়ে তিনি গ্যাংয়ের কার্যক্রমে যুক্ত হন।

অপ্রতিম হত্যার পর নজরদারি জোরদার: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এরপর নগর ও জেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের আড্ডাস্থল চিহ্নিত করে নজরদারি ও অভিযান বাড়িয়েছে পুলিশ।

গত ১৮ সেপ্টেম্বর কোটবাড়ীর গন্ধমতী এলাকার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে। তাদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক।

অপ্রতিম হত্যাকাণ্ডের পর কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে আলোচনার মধ্যেই গত বুধবার রাতেও জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালায় পুলিশ। ওই অভিযানে ৬২৪ জনকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে ৪৫১ জনকে অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি ১৭৩ জনের বিরুদ্ধে মাদক, নিয়মিত মামলা, ভ্রাম্যমাণ আদালত, নিষিদ্ধঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা ও গ্রেপ্তারি পরোয়ানাসহ বিভিন্ন অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা