রংপুর অফিস
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:২৬ পিএম
রংপুরে ‘নারী মুক্তির আন্দোলন বিস্তৃতিকরণ’ শীর্ষক তিন দিনব্যাপী বিভাগীয় সম্মেলন হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নারীকে পরিবার, সমাজ ও রাষ্ট্রের অধিকার সম্পন্ন নাগরিক ও মর্যাদা সম্পন্ন মানুষ হিসেবে প্রতিষ্ঠায় রংপুরে ‘নারী মুক্তির আন্দোলন বিস্তৃতিকরণ’ শীর্ষক তিন দিনব্যাপী বিভাগীয় সম্মেলন হয়েছে।
নারী পক্ষের আয়োজনে এতে রংপুর বিভাগের ৮ জেলার দুর্বার নেটওয়ার্কের সদস্য, রাজনৈতিক নেত্রী, সাংষ্কৃতিক কর্মী, যৌনকর্মী আন্দোলনের নেত্রী ও তরুণ নেত্রীরা অংশ নেন।
গত শনিবার রবিবার নগরীর ব্র্যাক লার্নিং সেন্টার মিলনায়তনে সংবাদ সম্মেলন করে নারী পক্ষের সদস্য সামিয়া আফরিন, কামরুন্নাহার ও রিতা দাস জানান, বিভাগীয় এ সম্মেলনে সহিংসতামুক্ত নারীর জীবন গড়া, নারী বিষয়ক সংস্কার কমিশনের কার্যক্রম, নারীদের এগিয়ে নিতে বাংলাদেশ রিফর্ম ট্র্যাকারের পরিচিতি নিয়ে আলোচনা করা হয়।
এসময় বক্তারা জানান, মাঠ পর্যায়ে নারীদের বেড়ে ওঠার ক্ষেত্রে সামাজিক প্রথা ও মূল্যবোধের নেতিবাচক দিক, ধর্মীয় গোঁড়ামী এবং পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা বাধাগ্রস্ত করছে। এছাড়া এখনও নারীরা সহিংসতার শিকার হচ্ছেন। এসব সমস্যা মোকাবেলায় নিজ নিজ অবস্থান থেকে সহিংসতা প্রতিরোধে বলিষ্ঠ ভূমিকা রাখা, স্থানীয়ভাবে ঐক্যবদ্ধ হয়ে নারীর ওপর সহিংসতার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করাসহ বিভিন্ন করণীয় বিষয় তুলে ধরার কৌশল জেনেছে অংশগ্রহণকারীরা।