কুমারখালী (কুষ্টিয়া) প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫৪ পিএম
বিশিষ্ট কবি, চিন্তক, গবেষক ও নবপ্রাণ আন্দোলনের প্রতিষ্ঠাতা ফরহাদ মজহার বলেছেন, ফকির লালনের দর্শনের সঙ্গে ইসলামের কোনো বিরোধ নেই।
লালনকে ধর্মীয় বিরোধের জায়গা থেকে না দেখে তার ভাব ও দর্শনকে গভীরভাবে বোঝার আহ্বান জানিয়েছেন তিনি।
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউরিয়ায় লালন অ্যাকাডেমির মিলনায়তনে রবিবার বিকালে ‘ফকির লালন শাহ বাংলার ভাব ও ভাষার ঐশ্বর্য’ শীর্ষক সেমিনারে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও লালন অ্যাকাডেমি এ সেমিনারের আয়োজন করে।
ফরহাদ মজহার বলেন, “আমাদের এখানে চারটা এমপির মধ্যে তিনটিই জামায়াতের। জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই। তাদের মধ্যে বড় বড় নেতা- যারা এখন নাই- তারা যদি জীবিত থাকতেন, তারা ভিন্নভাবে ফকির লালনকে নিতেন।”
যারা নেই তারা অনেক বিচক্ষণ ছিলেন দাবি করে তিনি বলেন, “তারা কিন্তু বুঝতেন যে, ইসলামের সঙ্গে ফকির লালনের কোনো বিরোধ নাই।”
ফকির লালন ইসলাম সংস্কারের জন্য আসেননি উল্লেখ করে তিনি বলেন, “ফকির লালন কোনো ইসলাম সংস্কারের জন্যে আসে নাই। তিনি (লালন) শরিয়ত-মারফতের তর্ক তোলেন নাই। তিনি তার একটা পথ তুলেছেন। এটাকে বলি নদীয়রার ভাবের ভুবন। এটা দর্শন চর্চা, ভাব চর্চা, রসও চর্চার অংশ।”
তিনি বলেন, বাংলায় ভাবচর্চা ও রসচর্চার শিকড় তন্ত্রে। “এই ভাব চর্চা, রস চর্চা তার আগে ছিল তন্ত্র। তন্ত্র থেকে রস, রস থেকে ভাব। এই তিনটা স্তর বাংলায় ভাবের মূল। যা অসাধারণ একটা কাজ।”
ফরহাদ মজহার বলেন, ভাবগত তর্ক থাকতেই পারে, তবে কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করা উচিত নয়।
তিনি বলেন, “ভাবগত তর্ক গুলো আছে আমাদের মাঝে। ফকিরদের মাঝে আছে। আমাদের সমাজের মধ্যে আছে। থাকুক, অসুবিধা কি? কিন্তু আমরা যেন কারও অনুভূতিকে আহত না করি। আঘাত না করি। যাতে এই সাঁইজির ধাম, ফকির লালন নিজেই বিপদের মধ্যে পড়েন।”
সেমিনারে বাংলা অ্যাকাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আ আল মামুন, অধ্যাপক সুস্মিতা চক্রবর্তী, আলোকচিত্রী তাসলিম আখতার, জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, পুলিশ সুপার মো. আমিনুল ইসলামসহ অনেকে বক্তব্য দেন।
আলোচকরা বলেন, ফকির লালন শাহ শুধু বাউল সম্রাট নন, তিনি বাংলার ভাব ও ভাষার ঐশ্বর্যের অন্যতম প্রধান রূপকার। তার গান ও দর্শনে মানবতা, অসাম্প্রদায়িকতা ও মানুষের মুক্তির কথা উঠে এসেছে।