আঞ্চলিক প্রতিবেদক, পটুয়াখালী
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩৫ পিএম
পটুয়াখালী সদরের সাবেক উপসহকারী প্রকৌশলী আতিকুর রহমান ও উপজেলা প্রকৌশলী খায়রুল বাশার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পটুয়াখালী সদর উপজেলায় কাজ না করেই এবং অসম্পাদিত কাজের বিপরীতে অতিরিক্ত বিল দেওয়ার অভিযোগ উঠেছে এলজিইডির দুই কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্তরা হলেনÑ সদরের সাবেক উপসহকারী প্রকৌশলী আতিকুর রহমান ও উপজেলা প্রকৌশলী খায়রুল বাশার।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিস দিয়েছে এলজিইডি।
গত মঙ্গলবার এলজিইডি পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী ওয়ালিয়ার রহমানের সই করা পৃথক নোটিসে সাত কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে অভিযোগে উল্লিখিত প্রায় ৯১ লাখ টাকা ‘ভুতুরে বিল’ ফেরতের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিস সূত্রে জানা যায়, দুই কর্মকর্তা দায়িত্ব পালনকালে সিএএফডিআরআইআরপি নামে একটি প্রকল্পের ডব্লিউ-৩৫/২০২৩-২৪ এবং ডব্লিউ-৩৬/২০২৩-২৪ প্যাকেজের সড়ক পুনর্বাসন কাজের তদারকি ও বিল করার সঙ্গে যুক্ত ছিলেন। কাজের বাস্তব অগ্রগতি ও বিল পর্যালোচনায় কিছু কাজ বাস্তবায়ন না হলেও ঠিকাদারকে বিল দেওয়ার তথ্য পাওয়া গেছে বলে নোটিসে উল্লেখ করা হয়। এর মধ্যে ডব্লিউ-৩৫ প্যাকেজে ৩ কোটি ৫৩ লাখ ১২ হাজার ৫২৭ টাকা এবং ডব্লিউ-৩৬ প্যাকেজে ৯৮ লাখ ৭৮ হাজার ৭৪৪ টাকা বিল পরিশোধ করা হয়। নোটিসে বাস্তব কাজের তুলনায় অতিরিক্ত বিলের পাশাপাশি ডব্লিউ-৩৫ প্যাকেজে প্রায় ৪৭ লাখ এবং ডব্লিউ-৩৬ প্যাকেজে প্রায় ৪৪ লাখ টাকা ‘ভুতুরে বিল’ দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
নোটিসে ঠিকাদারের সঙ্গে যোগসাজশ করে আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ সৃষ্টি এবং দায়িত্বে অবহেলার অভিযোগও উল্লেখ করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হতে পারে বলে নোটিসে জানানো হয়েছে।
এদিকে আতিকুর রহমান বর্তমানে মির্জাগঞ্জ উপজেলা এলজিইডিতে সহকারী প্রকৌশলী এবং খায়রুল বাশার পটুয়াখালী সদরের প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন।
নোটিসের বিষয়ে পটুয়াখালী সদরের প্রকৌশলী (এলইজিডি) খায়রুল বাশারের কাছে জানতে চাইলে তিনি বলেন, নোটিস পেয়েছি কি না তা আপনাকে জানাব কেন। এই বলে ফোন কেটে দেন। অপরদিকে আতিকুর রহমান বলেন, যে পরিমাণ কাজ করা হয়েছে ঠিক সেই পরিমাণ বিল দেওয়া হয়েছে।