বগুড়া বিনিয়োগকারী রোডশো ২০২৬
সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল লিমিটেডের উদ্যোগে আয়োজিত এ রোডশোতে বগুড়া অঞ্চলের প্রায় ৭৫ জন স্থানীয় বিনিয়োগকারী অংশ নেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
উত্তরাঞ্চলের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সামনে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের বিনিয়োগ সম্ভাবনা, আধুনিক অবকাঠামো ও সুযোগ-সুবিধা তুলে ধরতে ‘বগুড়া বিনিয়োগকারী রোডশো ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল লিমিটেডের উদ্যোগে আয়োজিত এ রোডশোতে বগুড়া অঞ্চলের প্রায় ৭৫ জন স্থানীয় বিনিয়োগকারী অংশ নেন।
২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত রোডশোতে ব্যবসায়ী, ব্যবসায়িক প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সম্ভাব্য বিনিয়োগকারীদের সামনে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপন ও বিনিয়োগের সুযোগ, অবকাঠামোগত সুবিধা এবং বিনিয়োগকারীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল লিমিটেডের পরিচালক ড. প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান।
দেশের শিল্পায়ন ও বিনিয়োগ সম্প্রসারণে আঞ্চলিক পর্যায়ে এ ধরনের রোডশোর গুরুত্ব তুলে ধরেন তিনি।
মূল বিনিয়োগ উপস্থাপনা করেন প্রতিষ্ঠানটির প্রধান প্রশাসনিক ও মানবসম্পদ কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মো. শরিফুল ইসলাম।
তিনি সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের বিনিয়োগ সম্ভাবনা, অবকাঠামো ও শিল্প স্থাপনের সুযোগ-সুবিধা তুলে ধরেন।
রোডশোতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশাররফ হোসেন। প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা।
এ ছাড়া বক্তব্য দেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. আহসানুল তাইয়ব জাকির এবং বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এম. এস. এম. আতিকুর রহমান বাদল।
বক্তারা শিল্পায়ন, বিনিয়োগ সম্প্রসারণ ও আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর বিষয়ে মতামত দেন।
অনুষ্ঠানে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল লিমিটেডের চেয়ারম্যান এ. মতিন চৌধুরী আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক দেন।
সমাপনী বক্তব্যে এ. মতিন চৌধুরী বলেন, সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে নতুন শিল্প ও বিনিয়োগ আকর্ষণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ‘বগুড়া বিনিয়োগকারী রোডশো ২০২৬’-এর মাধ্যমে উত্তরাঞ্চলের উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সঙ্গে আরও কার্যকর সংযোগ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
একই সঙ্গে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলকে নতুন শিল্প ও বিনিয়োগের একটি সম্ভাবনাময় গন্তব্য হিসেবে তুলে ধরার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়েছে।