মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১৪ পিএম
অষ্টগ্রামে জলমহালের দখল নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ তাওকিরের হাতে চাইনিজ কুড়াল থাকা একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জের অষ্টগ্রামে জলমহালের দখল ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ তাওকিরের হাতে চাইনিজ কুড়াল থাকা একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রবিবার সকাল থেকে ভিডিওটি প্রকাশ্যে আসার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সৈয়দ তাওকির অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদের ছেলে।
জানা যায়, জলমহালের ভোগদখল ও ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপির দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার দুপুরে উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের আখড়াবাজার এলাকায় জলমহাল দখলকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া যায়।
সংঘর্ষের সময়কার একটি ভিডিওতে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ তাওকিরকে হাতে একটি চাইনিজ কুড়াল নিয়ে ঘটনাস্থলে দেখা যায়। ভিডিওতে তাকে কুড়াল হাতে নিয়ে প্রতিপক্ষের দিকে এগিয়ে যেতে দেখা যায়। পরে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
সৈয়দ তাওকিরকে ঘিরে স্থানীয়ভাবে আরও বেশকিছু অভিযোগের কথাও আলোচনা হচ্ছে। তার বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলন, মামলা বাণিজ্য, মাদক ব্যবসা এবং অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করাসহ বিভিন্ন অনিয়মে জড়িত থাকার অভিযোগ উঠেছে।
তবে এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে সৈয়দ তাওকির তা অস্বীকার করে বলেন, সংঘর্ষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সংঘর্ষ থামানোর উদ্দেশ্যেই তিনি অন্য একজনের হাত থেকে কুড়ালটি নিয়েছিলেন।
চাইনিজ কুড়াল হাতে ভিডিওতে তাকে প্রতিপক্ষের দিকে এগিয়ে যেতে দেখা যাওয়ার বিষয়ে জানতে চাইলে তাওকির বলেন, সংঘর্ষ থামানোর জন্য অন্য একজনের হাত থেকে কুড়ালটি নিয়েছিলাম। আমি কাউকে আঘাত করার উদ্দেশ্যে কুড়ালটি হাতে নিইনি।
এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওসাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি এখনও জানা নেই। দেখে ব্যবস্থা নেব।