× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেশবপুর-ত্রিমোহিনী

সড়ক নয় যেন মরণফাঁদ

কেশবপুর (যশোর) প্রতিবেদক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১২ পিএম

সংস্কারের অভাবে খানাখন্দে পরিণত হয়ে যশোরের কেশবপুর-ত্রিমোহিনী সড়ক এখন লাখো মানুষের দুর্ভোগের কারণ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সংস্কারের অভাবে খানাখন্দে পরিণত হয়ে যশোরের কেশবপুর-ত্রিমোহিনী সড়ক এখন লাখো মানুষের দুর্ভোগের কারণ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সংস্কারের অভাবে খানাখন্দে পরিণত হয়ে যশোরের কেশবপুর-ত্রিমোহিনী সড়ক এখন লাখো মানুষের দুর্ভোগের কারণ। ব্যস্ততম এ সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে ছোট-বড় শত শত গর্ত।

ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে মানুষ ও যানবাহন। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা সড়কটি পশ্চিমাঞ্চলের শতাধিক গ্রামের মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও বর্তমানে তা যেন মরণফাঁদে পরিণত হয়েছে। দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পথচারী ও এলাকাবাসী।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কেশবপুর উপজেলার পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম কেশবপুর-ত্রিমোহিনী সড়ক। উপজেলার বিভিন্ন এলাকার মানুষ জরুরি প্রয়োজনে কেশবপুর উপজেলা সদরসহ আশপাশের বিভিন্ন স্থানে যেতে এ সড়ক ব্যবহার করেন। দীর্ঘদিন ধরে সড়কটির প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় এর বিভিন্ন অংশে পিচ ও কার্পেটিং উঠে গেছে। বৃষ্টির পানি জমে গর্তগুলো আরও বড় ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

শুধু কেশবপুর নয়, যশোরের শার্শা ও ঝিকরগাছা উপজেলা এবং সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকার মানুষও এ সড়ক ব্যবহার করে। কেশবপুর উপজেলার বাজিতপুর, সরফাবাদ, মির্জাপুর, মজিদপুর, মঙ্গলকোট, ভোগতী, দোরমুটিয়া, শ্রীরামপুর, চালতেবাড়িয়া, বায়সা, কড়িয়াখলি, বেগমপুর, সাতবাড়িয়া, মূলগ্রাম, হাবাসপোল, মির্জানগর ও বরণডালিসহ শতাধিক গ্রামের মানুষ প্রতিদিন নানা প্রয়োজনে এ পথে চলাচল করে।

স্থানীয়দের অভিযোগ, একাধিকবার সড়কটির সংস্কার করা হলেও নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে কাজের কিছুদিনের মধ্যেই বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। সময়মতো সংস্কার না করায় ছোট গর্তগুলো ধীরে ধীরে বড় হয়েছে। বর্তমানে সড়কের বিভিন্ন অংশে এমন অবস্থা তৈরি হয়েছে যে, যানবাহনকে গর্ত এড়িয়ে চলতে গিয়ে ঝুঁকি নিতে হচ্ছে।

বিশেষ করে মোটরসাইকেল, ইজিবাইক, ভ্যান ও ছোট যানবাহন চালকদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। গর্তে পড়ে যানবাহনের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। রোগী, শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীদেরও প্রতিদিন ঝুঁকি নিয়ে এ সড়ক ব্যবহার করতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, পশ্চিমাঞ্চলের মানুষের জন্য সড়কটি শুধু যোগাযোগের মাধ্যম নয়, স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গেও এটি সরাসরি যুক্ত। সড়কটির বেহাল অবস্থার কারণে একদিকে যেমন যাতায়াতে সময় বাড়ছে, অন্যদিকে যানবাহনের অতিরিক্ত ভাড়া ও মেরামত ব্যয়ের চাপও বাড়ছে।

কেশবপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার শফিকুল ইসলাম বলেন, সড়কের কার্পেটিং দ্রুত উঠে গিয়ে বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে মানুষ কষ্ট করে চলাচল করছে। জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটি সংস্কার প্রয়োজন।

এ বিষয়ে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন বলেন, সড়কটির বেহাল অবস্থার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। দ্রুত সড়কটির সংস্কারকাজ শুরু হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা