হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০৩ পিএম
হালুয়াঘাটে একটি জামে মসজিদের জন্য গভীর নলকূপ স্থাপনের সময় মাটির নিচ থেকে গ্যাসের মতো পদার্থ নির্গমনের ঘটনা ঘটেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
হালুয়াঘাটে একটি জামে মসজিদের জন্য গভীর নলকূপ স্থাপনের সময় মাটির নিচ থেকে গ্যাসের মতো পদার্থ নির্গমনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল ও উদ্বেগ দেখা দিয়েছে। তবে নির্গত পদার্থটি প্রকৃতপক্ষে প্রাকৃতিক গ্যাস কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাটি ঘটেছে উপজেলার ৩নং কৈচাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব দর্শাপাড়া গ্রামে। স্থানীয়রা জানান, দর্শা নদীর পাড়ে একটি জামে মসজিদের ব্যবহারের জন্য গত কয়েক দিন ধরে গভীর নলকূপ স্থাপনের কাজ চলছিল। নলকূপের পাইপ বসানোর জন্য মাটির গভীরে খননকাজের একপর্যায়ে নিচ থেকে গ্যাসের মতো পদার্থ বের হতে দেখা যায়। একই সঙ্গে পানিতে বুদবুদ সৃষ্টি হতে দেখা যায়।
বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। পরে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হলে কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেন। স্থানীয় বাসিন্দা শেখ ফরিদ বলেন, প্রায় ৫-৬ দিন আগে নলকূপ স্থাপনের কাজ শুরু হয়। এ সময় মাটির নিচ থেকে বুদবুদ সৃষ্টি হতে দেখা যায়। পরে বিকল্প উপায়ে আগুন ধরিয়ে তা পরীক্ষা করা হয়। বিষয়টি উপজেলা ইউএনওকে জানানো হলে প্রশাসনের লোকজন ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করে যান।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন হালুয়াঘাট ইউএনও ফয়সল আহমেদ। এ সময় তার সঙ্গে ছিলেন হালুয়াঘাট থানার ওসি জালাল উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজী এবং হালুয়াঘাট ফায়ার সার্ভিসের একটি দল। ইউএনও ফয়সল আহমেদ বলেন, গত শনিবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।