× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেউ চাঁদা চাইলে তাকে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী

কুমিল্লা অফিস

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০২ পিএম

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ছবি: সংগৃহীত

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ছবি: সংগৃহীত

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, “যে ভাই ঠিকাদারের কাজ পেয়েছেন সেই ভাইকে অনুরোধ করব, সড়কের কাজটা সঠিকভাবে করবেন। মুরাদনগরের কাউকে চাঁদা কিংবা ঘুষ দিতে হবে না। যদি কেউ চাঁদা কিংবা ঘুষ চায়, তাকে থানায় সোপর্দ করবেন। মুরাদনগর হবে চাঁদাবিহীন, ঘুষবিহীন ও দুর্নীতিমুক্ত।”

শনিবার সকালে মুরাদনগর টু রামচন্দ্রপুর, বাঞ্ছারামপুর সড়কের মুরাদনগর-রামচন্দ্রপুর অংশের সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেন, “আল্লাহর রহমতে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন বলেই আজ এ সড়কটি সংস্কার হচ্ছে। মুরাদনগরে এ কয়েক মাসেই অনেকগুলো রাস্তা সংস্কার ও প্রশস্ত করার সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওনার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন নেক হায়াত ও সুস্বাস্থ্য দান করেন এবং সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করেন।”

তিনি বলেন, “আল্লাহ কুদরতিভাবে মামলা থেকে মুক্ত করে ইজ্জত সহকারে দেশে নিয়ে এসেছেন। আপনারা আবার আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আল্লাহ আমাকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, আপনারা আমাকে মন্ত্রী বলবেন না, আমি আপনাদের কামলা। ছয়বার আমাকে নির্বাচিত করেছেন আপনাদের কাজ করার জন্য। আমি আপনাদের কাজ করে যাচ্ছি, কাজ করে যাব, যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে।”

ধর্মমন্ত্রী বলেন, “রাস্তার কাজ যে ভাই পেয়েছে সেই ভাইয়ের জন্য বিশেষ করে দোয়া করবেন, যেন কাজটা ভালোভাবে করে। আপনারা সবাই তাদেরকে সহযোগিতা করবেন। রাস্তাটা ভালো হলে মানুষ চলাচল করে শান্তি পেলে তার সওয়াব বর্তমান সরকার পাবে, যে কাজটা করেছে তারাও পাবে।”

তিনি বলেন, “কোম্পানীগঞ্জ-নবীনগর সড়ক ছাড়া এ রাস্তাসহ সড়ক জনপদের আওতায় মুরাদনগরের সকল রাস্তা আল্লাহপাক আমাকে দিয়ে করিয়েছেন। স্বৈরাচার আমলে হয়েছে এমন কোনো রাস্তা কেউ দেখাতে পারবে না। তারা আগের সড়কগুলোর সংস্কারও করেননি।”

কায়কোবাদ বলেন, “আমি চাই দুর্নীতিমুক্ত মুরাদনগর গড়তে, আমি চাই অন্যায়মুক্ত মুরাদনগর গড়তে, আমি চাই মাদকমুক্ত মুরাদনগর গড়তে। আমি এমন একটি মুরাদনগর চাই, যে মুরাদনগর হবে সাধারণ মানুষের, গরীব মানুষের, এটা ছাড়া আমার আর চাওয়া-পাওয়ার কিছু নেই।”

সড়কটি সংস্কার কাজের উদ্বোধনে হাসি ফুটেছে স্থানীয় জনতার মুখে। আনন্দিত শিক্ষক শিক্ষার্থী, ব্যবসায়ী ও গাড়ি চালকরা।

সিএনজিচালক শাওন বলেন, “এতদিন ধরে গাড়ি চালাতে গিয়ে কোমর ব্যথা হয়ে যেত। আজ সড়কের সংস্কার কাজের উদ্বোধনে আমরা আনন্দিত। দাদা ভাইয়ের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন নেক হায়াত দান করে।”

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা গোলাম মহিউদ্দিন বলেন, “এ সড়কটি মূলত আইল ছিল, তাও আঁকাবাঁকা, কাদা পানিতে ভরপুর। সে জায়গায় ১০ কিলোমিটার, ১৮ ফিট সড়ক করেন আমাদের বর্তমান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। সে সড়ক তার হাত ধরে হয়েছিল। তিনিই আবার আজ সংস্কার কাজের উদ্বোধন করছেন।”

জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন বলেন, “সড়কটির বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত আর অধিকাংশ জায়গায় ভেঙে পড়েছে। মানুষ চলাচল করতে কষ্ট হতো। আজ সড়ক সংস্কার উদ্বোধনে মানুষের কষ্টের লাগব হবে।”

কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা, মুরাদনগর উপজেলা কমিশনার (ভূমি) সাকিব হাসান খান, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুইয়া, নজরুল ইসলাম।

উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিমুদ্দিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ধর্মমন্ত্রীর উন্নয়ন কর্মকর্তা সৈয়দ শরীফ আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ বাবু, উপজেলা যুবদলের সভাপতি সোহেল সামাদ, সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাহ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল আহসান।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা