রেলক্রসিংয়ের ওপর আটকা পড়া নয়টি বগি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
লালমনিরহাটের কালীগঞ্জে চলন্ত ট্রেনের ইঞ্জিনের সঙ্গে বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে রেলক্রসিংয়ের ওপর আটকা পড়ে নয়টি বগি।
এ সময় ইঞ্জিনটি প্রায় দুই কিলোমিটার দূরে চলে যাওয়ায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক ও রেলপথে প্রায় আড়াই ঘণ্টা যোগাযোগ বন্ধ থাকে।
এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। ভোগান্তিতে পড়েন ট্রেনের যাত্রীসহ কয়েক হাজার মানুষ।
কালীগঞ্জ উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের একটি রেলক্রসিংয়ে রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।
রেলওয়ে ও স্থানীয় সূত্র জানায়, পার্বতীপুর থেকে বুড়িমারীর উদ্দেশে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি কালীগঞ্জ এলাকায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিনের সঙ্গে বগিগুলোর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে নয়টি বগি রেলক্রসিংয়ের ওপর আটকা পড়ে। অন্যদিকে ইঞ্জিনটি প্রায় দুই কিলোমিটার সামনে চলে যায়।
বগিগুলো রেলক্রসিংয়ে আটকে থাকায় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। একই সঙ্গে ওই রেলপথে ট্রেন চলাচলও বন্ধ থাকে। পরে প্রায় আড়াই ঘণ্টা পর ইঞ্জিনটি ফিরিয়ে এনে বগির সঙ্গে সংযুক্ত করা হয়। এরপর ট্রেনটি সরিয়ে নেওয়া হলে সড়ক ও রেলপথে যোগাযোগ স্বাভাবিক হয়।
লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, ইঞ্জিনের সঙ্গে বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। পরে দ্রুত ব্যবস্থা নিয়ে ইঞ্জিনটি ফিরিয়ে এনে বগির সঙ্গে সংযুক্ত করা হয়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।