এম এ এহসান রিয়াজ, রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর)
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৩ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০১ পিএম
লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনায় জেগে উঠছে হারিয়ে যাওয়া জমি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মেঘনা নদীর অব্যাহত ভাঙনে লক্ষ্মীপুরের কমলনগরে ভিটেমাটি ও ফসলি জমি হারিয়ে একসময় নিঃস্ব হয়েছিলেন হাজারো মানুষ। বছরের পর বছর ধরে যেসব নিমজ্জিত এলাকার ওপর দিয়ে চলেছে নৌযান, সেখানেই এখন জেগে উঠছে বিস্তীর্ণ চর। হারিয়ে যাওয়া জমিতে সবুজ ঘাস দেখে নতুন করে বাঁচার স্বপ্ন বুনছেন নদীভাঙনে ক্ষতিগ্রস্ত কৃষকেরা। তবে চাষাবাদের প্রস্তুতির মধ্যেই জেগে ওঠা এই ভূখণ্ড নিয়ে প্রভাবশালী দখলদার চক্রের তৎপরতায় শুরু হয়েছে সংশয় ও আতঙ্ক।
ভুক্তভোগীদের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ‘কটোরিয়া ও কাঁকড়ার চর’-এর প্রায় ৪০০ একর জমি এককভাবে দখলে নেয় স্থানীয় একটি ‘মাতব্বর’ চক্র। চার বছর ভোগদখলের পর সম্প্রতি চরটি ভোলার চরফ্যাশনের বাসিন্দা সকেট জামালের কাছে এক বছরের জন্য ৩৪ লাখ টাকায় ইজারা দেওয়া হয়েছে। এবার চক্রটির নজর পড়েছে দক্ষিণ জগবন্ধু সীমানায় নতুন জেগে ওঠা চরের ওপর। কোনো মালিকানা না থাকলেও কেবল গায়ের জোরে তারা এই নতুন চর দখলের চেষ্টা চালাচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, ২০০১ সাল থেকে মেঘনার ভাঙনে কমলনগর উপজেলার প্রায় ২০ কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। ২০১৩-১৪ সালের দিকে চর কালকিনি ও সাহেবেরহাট ইউনিয়ন দুটি মানচিত্র থেকে প্রায় পুরোপুরি মুছে যায়। এ ছাড়া চর ফলকন, পাটওয়ারীরহাট ও চর লরেন্স ইউনিয়নের একটি বড় অংশ নদীতে তলিয়ে যায়। এতে বাস্তুহারা হাজারো পরিবার উপজেলার বিভিন্ন প্রান্তে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
সম্প্রতি নদী থেকে সেই হারানো ভূখণ্ড আবার দৃশ্যমান হতে শুরু করেছে। উপজেলার দক্ষিণ জগবন্ধু সীমানায় বড় একটি অংশে নতুন চর জেগেছে। এর আগে পাঁচ বছর আগে ‘কটোরিয়া ও কাঁকড়ার চর’ এলাকায় প্রায় ৪০০ একর জমি জেগে ওঠে।
এদিকে নতুন জেগে ওঠা চরে জবরদখল ঠেকাতে এবং নিজেদের জমি ফিরে পেতে ঐক্যবদ্ধ হয়েছেন ভুক্তভোগী কৃষকেরা। তারা ‘চর জগবন্ধু, ফলকন ও পাটারিরহাট ভূমিমালিক ঐক্য পরিষদ’ গঠন করেছেন।
দক্ষিণ জগবন্ধু ভূমিমালিক সমিতির সভাপতি জহির উদ্দিন রিয়াজ বলেন, “সাহেবেরহাট ইউনিয়নের দক্ষিণ জগবন্ধুর নিজস্ব সীমানায় এই নতুন চর জেগে উঠেছে। এতে মাতব্বরদের কোনো জমি নেই। প্রকৃত ভূমিমালিকেরা যাতে এখানে শান্তিপূর্ণভাবে চাষাবাদ করতে পারেন, আমরা সেই চেষ্টাই করছি।”
পাটওয়ারীরহাট ইউনিয়নের ভূমিমালিক সমিতির নেতা জাহাঙ্গীর মেম্বার অভিযোগ করে বলেন, ভাঙনের শিকার জগবন্ধু, ফলকন ও পাটওয়ারীরহাটের ক্ষতিগ্রস্ত সবাইকে ঐক্যবদ্ধ করে একটি সুশৃঙ্খল পরিবেশ তৈরির চেষ্টা চলছে। কিন্তু মাতব্বর গোষ্ঠী ও ফলকনের একটি প্রভাবশালী গ্রুপ জমিগুলো জোরপূর্বক একা ভোগদখল করার পাঁয়তারা করছে।
একই অভিযোগ তুলে সাহেবেরহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর মো. মাসুদ বলেন, “আওয়ামী লীগের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মাতব্বররা একটি চর দখল করে ফায়দা লুটেছে। এখন তারা প্রকৃত ভূমিমালিকদের বঞ্চিত করে দক্ষিণ জগবন্ধুর নতুন চরটিও দখলের চক্রান্ত করছে।”
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মূল অভিযুক্ত বেলাল মাতব্বর ও খোকন মাতব্বরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাতাব্বর বংশের পক্ষে খোকন মাতব্বর বলেন, “এককভাবে যে চরটি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে, সেটি আমাদের পূর্বপুরুষ ও আত্মীয়স্বজনদের চাষাবাদি জমি। নতুন করে জেগে ওঠা চরটিতে আমাদের বসতবাড়ি ছিল; তাই ওই চরে আমাদের দাবি থাকাটা স্বাভাবিক।”
৩৪ লাখ টাকায় ইজারা দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি তা স্বীকার করে বলেন, “সেখানে অন্য কারও জমি নেই। তাই সেখানে আমরা যা করি, তা আমাদের নিজস্ব বিষয়।”এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান বলেন, নতুন চর দখলের চেষ্টার বিষয়টি তিনি শুনেছেন। সরেজমিনে খোঁজখবর নিয়ে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।