× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফান্ড সংকটে বহুলকাঙ্ক্ষিত কয়রা পর্যটন কেন্দ্র

কয়রা (খুলনা) প্রতিবেদক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:১৮ পিএম

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২০ পিএম

গাছে গাছে বানরের চঞ্চলতা, চরে চিত্রল হরিণ আর নদীতে ভেসে ওঠা শুশুক-  সব মিলিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব আধার খুলনার কয়রা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাছে গাছে বানরের চঞ্চলতা, চরে চিত্রল হরিণ আর নদীতে ভেসে ওঠা শুশুক- সব মিলিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব আধার খুলনার কয়রা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

উপকূলীয় নদী শাকবাড়িয়া পার হলেই ম্যানগ্রোভের গাঢ় সবুজ বিস্তার, অদূরে বঙ্গোপসাগর। গাছে গাছে বানরের চঞ্চলতা, চরে চিত্রল হরিণ আর নদীতে ভেসে ওঠা শুশুক- সব মিলিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব আধার খুলনার কয়রা।

শুধু সুন্দরবন নয়, মসজিদকুঁড়ের নয় গম্বুজ মসজিদসহ একাধিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে এ অঞ্চলে। তবে প্রশাসনিক জটিলতা ও ফান্ড সংকটে পাঁচ বছরেও মুখ দেখেনি বহুলকাঙ্ক্ষিত কয়রা পর্যটন কেন্দ্র।

​উপজেলার ৬ নম্বর কয়রা গ্রামের কেওড়াকাটা অঞ্চল প্রকৃতি ও জীববৈচিত্র্যের অনন্য মেলবন্ধন হলেও এখানে পরিকল্পিত পর্যটন অবকাঠামো গড়ে ওঠেনি। ২০২১ সালের ১১ অক্টোবর উপজেলার দক্ষিণ বেদকাশীর গোলখালীতে পর্যটন কেন্দ্র স্থাপনের অনুমোদন দেয় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। একই অর্থবছরে খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে ১ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।

​তবে নির্ধারিত স্থানটি সংরক্ষিত বনাঞ্চলের আওতাভুক্ত হওয়ায় বন বিভাগ আপত্তি জানায়। পরবর্তী সময়ে স্থান পরিবর্তন করে কয়রা সদর ইউনিয়নের কেওড়াকাটায় প্রকল্প হস্তান্তরের সিদ্ধান্ত হয়। কিন্তু স্থান জটিলতা কাটলেও এবার দেখা দিয়েছে তীব্র ফান্ড সংকট।

​কয়রা উপজেলা এলজিইডি প্রকৌশলী আফজাল হোসেন বলেন, প্রকল্পের ৫০ থেকে ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। তবে ফান্ডের অনিশ্চয়তা ও ঠিকাদারের বকেয়া বিল না পাওয়ায় ৮ মাস ধরে কাজ বন্ধ। বাস্তবায়িত কাজের বিপরীতে ঠিকাদারের ১৩ থেকে ১৪ লাখ টাকা বিল বকেয়া। ডিসি অফিস থেকে ফান্ড ছাড় না হওয়ায় পেমেন্ট দেওয়া যাচ্ছে না।

​ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি রিপন হোসেন জানান, উপজেলা প্রশাসনের নির্দেশে ৭০ লাখ টাকার কাজ শেষ করলেও এ পর্যন্ত ৪৭ লাখ টাকা পেয়েছি। জেলা প্রশাসন বাকি ফান্ড ছাড় করলে আগামী ৩ মাসের মধ্যে কাজ শেষ করতে পারব।

​এ বিষয়ে মন্তব্য জানতে খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।

​কয়রার পর্যটন সম্ভাবনা শুধু সুন্দরবন কেন্দ্রিক নয়। এতে যুক্ত রয়েছে রাজা প্রতাপাদিত্যের বাড়ি, খালে খাঁর ৩৮ বিঘা দীঘি ও বুড়ো খাঁ-ফতে খাঁর দীঘির মতো ঐতিহাসিক স্থান। সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে এসব ঐতিহাসিক স্থাপনা যুক্ত করে সমন্বিত ‘পর্যটন সার্কিট’ গড়ে তোলা সম্ভব।

​উপকূল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলনের সভাপতি তরিকুল ইসলাম বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে পুরো অঞ্চলের অর্থনীতি বদলে যাবে। একই সঙ্গে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাত্রাও পর্যটকদের আকর্ষণ করবে।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকি জানান, কেওড়াকাটায় বন বিভাগের আপত্তি নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত বকেয়া ফান্ড ছাড়ের উদ্যোগ নেওয়া হচ্ছে।

খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেন, বন বিভাগের আপত্তি দূর হওয়ায় কয়রা পর্যটন কেন্দ্র প্রকল্পের স্থান সংক্রান্ত জটিলতার অবসান ঘটেছে। বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বকেয়া ফান্ড ছাড় ও দ্রুত কাজ শেষ করার প্রয়াস অব্যাহত রয়েছে। তবে পর্যটন কেন্দ্র নির্মাণের ক্ষেত্রে সুন্দরবনের পরিবেশ ও বন্যপ্রাণীর যেন কোনো ক্ষতি না হয়, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিবেশবান্ধব অবকাঠামো নিশ্চিত করা হবে।

​স্থানীয়দের প্রত্যাশা, সুউচ্চ কংক্রিটের ভবন না বানিয়ে সুন্দরবনের স্পর্শকাতর পরিবেশ রক্ষা করে ওয়াকওয়ে, ওয়াচ টাওয়ার ও নিরাপদ নৌযান সুবিধা গড়ে তোলা হোক। এখন প্রয়োজন কেবল জেলা প্রশাসনের দ্রুত ফান্ড ছাড় ও প্রকল্প বাস্তবায়নের সদিচ্ছা

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা