সংবাদপত্রের জীবন্ত ইতিহাস প্রবীণ হকার আবদুল করিম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ভোরের আলো ফোটার আগেই তার পথচলা শুরু হয়। কাঁধে পত্রিকার বান্ডিল, হাতে জীবনের অভ্যাস হয়ে যাওয়া দায়িত্ব- হেঁটে হেঁটে কিশোরগঞ্জ শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেন তিনি।
ঝড়-বৃষ্টি, শীত কিংবা বয়সের ভার- কোনো কিছুই তাকে থামাতে পারেনি। পাঁচ দশকেরও বেশি সময় ধরে মানুষের ঘরে ঘরে সংবাদ পৌঁছে দেওয়া এই মানুষটির নাম আবদুল করিম। কিশোরগঞ্জ শহরের মানুষের কাছে তিনি পরিচিত ‘করিম ভাই’ নামে।
কিশোরগঞ্জ সদরের বৌলাই ইউনিয়নের পুরান বৌলাই গ্রামের বাসিন্দা আবদুল করিম দীর্ঘ প্রায় অর্ধশতাব্দী ধরে পত্রিকা বিক্রি ও বিতরণের সঙ্গে যুক্ত। মহকুমা শহর কিশোরগঞ্জ যখন ধীরে ধীরে জেলা শহরে রূপ নেয়, সেই সময় থেকে আজকের আধুনিক কিশোরগঞ্জ- সব পরিবর্তনের নীরব সাক্ষী তিনি। জেলার বড় বড় সরকারি কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তর, বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে নিয়মিত পত্রিকা পৌঁছে দিয়েছেন তিনি।
সময়ের সঙ্গে পত্রিকা বিতরণের ব্যবস্থায় এসেছে নানা পরিবর্তন। বাইসাইকেল থেকে মোটরসাইকেল- বদলেছে বাহন, বদলেছে শহরের চেহারা, বেড়েছে যানবাহনের সংখ্যা। কিন্তু করিম ভাইয়ের পথচলার ধরন বদলায়নি। বয়সের ভারে শরীর নুয়ে পড়লেও আজও তিনি হেঁটেই পত্রিকা পৌঁছে দেন পাঠকের হাতে।
কিশোরগঞ্জের গণমাধ্যমকর্মী, সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি এবং সচেতন পাঠকদের কাছে আবদুল করিম এক পরিচিত ও শ্রদ্ধেয় মুখ। তার কর্মজীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য নিষ্ঠা ও সময়নিষ্ঠা। প্রতিদিন ভোরে পাঠকের হাতে পত্রিকা তুলে দেওয়াকে তিনি শুধু পেশা হিসেবে নেননি; বরং এটিকে জীবনের দায়িত্ব ও ব্রত হিসেবে পালন করেছেন।
তার জীবনের সঙ্গে জড়িয়ে আছে কিশোরগঞ্জের বহু প্রজন্মের পাঠকের স্মৃতি। করিম ভাইয়ের ভাষ্য, কয়েক বছর আগেও ভোরে পত্রিকার জন্য শিক্ষার্থীদের অপেক্ষা করতে দেখা যেত। তারা পত্রিকা পড়তেন, দেশ-বিদেশের খবর জানতেন, চাকরির প্রস্তুতি নিতেন। তার হাতে পৌঁছে দেওয়া পত্রিকা পড়ে অনেক শিক্ষার্থী পরবর্তী সময়ে বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অর্জন করেছেন। কেউ হয়েছেন সরকারি কর্মকর্তা, কেউ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন।
আজও পথে সাবেক সেই শিক্ষার্থীদের কারও সঙ্গে দেখা হলে তারা করিম ভাইকে চিনতে পারেন। কাছে এসে কথা বলেন, খোঁজখবর নেন, আপ্যায়ন করেন। এসব মুহূর্ত তার কাছে বড় আনন্দের। পুরোনো পাঠকদের সাফল্যের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
তবে বদলে যাওয়া পাঠাভ্যাস নিয়ে তার মনে রয়েছে গভীর আক্ষেপ। বর্তমান প্রজন্মের বড় একটি অংশ ছাপা পত্রিকা পড়ছে না- এ বিষয়টি তাকে কষ্ট দেয়। তার মতে, প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার তরুণদের বই ও সংবাদপত্র থেকে দূরে সরিয়ে দিচ্ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোনের অতিনির্ভরতা তরুণদের পড়াশোনা ও চিন্তাশক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করেন তিনি।
করিম ভাই বলেন, কয়েক বছর আগেও শিক্ষার্থীরা পত্রিকা পড়ত। পত্রিকার জন্য ভোর থেকে অপেক্ষা করত। আমার দেওয়া পত্রিকা পড়ে অনেকে বিসিএস পাস করে বড় কর্মকর্তা হয়েছে। তারা আমাকে পথে পেলে দেখা করে, কথা বলে, আপ্যায়ন করে। তখন বুকটা আনন্দে ভরে যায়। চোখে পানি চলে আসে।
বর্তমান প্রজন্মের পড়াশোনা ও মূল্যবোধের অবক্ষয় নিয়েও তিনি উদ্বিগ্ন। তার ভাষায়, মোবাইল ফোন ও ফেসবুকসহ নানা প্রযুক্তিনির্ভর মাধ্যম তরুণদের বই ও পত্রিকা পড়ার অভ্যাস কমিয়ে দিয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকার, পরিবার এবং সমাজের সচেতন মানুষকে সম্মিলিতভাবে ভাবতে হবে।
তবে শুধু আক্ষেপ করেই থেমে থাকেননি করিম ভাই। নিজের পেশাকে পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিয়েছেন তিনি। তার ছেলে আবদুর রাজ্জাক এসএসসি পাস করার পর বাবার সঙ্গে পত্রিকা বিতরণের কাজে যুক্ত হন। বর্তমানে তিনিও কিশোরগঞ্জ শহরের অন্যতম পরিচিত পত্রিকা সরবরাহকারী। এভাবেই এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে সংবাদপত্র পৌঁছে দেওয়ার দায়িত্বটি বহন করে চলেছে তাদের পরিবার।
প্রায় পাঁচ দশকের কর্মজীবনে কিশোরগঞ্জের বদলে যাওয়া সমাজ, মানুষের রুচি ও পাঠাভ্যাস খুব কাছ থেকে দেখেছেন আবদুল করিম। তার চোখে সংবাদপত্র কেবল কাগজে ছাপা কিছু খবর নয়; এটি মানুষের জ্ঞান, সচেতনতা ও চিন্তার জানালা।
জীবনের শেষ প্রান্তে এসে নিজের কর্মজীবন নিয়ে তার কোনো বড় অভিযোগ নেই। বরং সরল স্বীকারোক্তি- জীবন তার সুখেই কেটেছে। তবে তরুণদের আচরণ ও বর্তমান সমাজের মূল্যবোধের পরিবর্তন তাঁকে কষ্ট দেয়।
করিম ভাই বলেন, আমার জীবন পার করে দিয়েছি। জীবন সুখেই কেটেছে। শেষ বয়সে তরুণ-যুবকদের ব্যবহার আমাকে দুঃখ দিয়েছে। আল্লাহ তায়ালা তাদের হেদায়েত করুন। দেশটা সত্যিকার অর্থে ভালো থাকুক। মানুষের নৈতিকতা, সততা ও মূল্যবোধ সুন্দর থাকুক- শেষ সময়ে এটাই আমার প্রার্থনা।
কিশোরগঞ্জ শহরের অলিগলি, সরকারি দপ্তর, আদালতপাড়া কিংবা মানুষের বাসাবাড়ি- পাঁচ দশকেরও বেশি সময় ধরে তার পায়ের ছাপ যেন ছড়িয়ে আছে সর্বত্র। সংবাদপত্রের কাগজ বদলেছে, বদলেছে পাঠকের অভ্যাস, বদলেছে শহরের চেহারা; কিন্তু সংবাদ পৌঁছে দেওয়ার সেই নিরলস মানুষটি আজও তার দায়িত্বে অটল।
সময়ের সঙ্গে যখন সংবাদপাঠের মাধ্যম বদলে যাচ্ছে, তখন আবদুল করিমের মতো সংবাদপত্রের প্রবীণ হকাররা হয়ে উঠছেন একেকটি জীবন্ত ইতিহাস। তাদের হাত ধরেই একসময় ভোরের কিশোরগঞ্জের ঘরে ঘরে পৌঁছে যেত দিনের প্রথম সংবাদ। সেই ইতিহাসেরই নীরব সাক্ষী হয়ে আজও হেঁটে চলেছেন ‘করিম ভাই’।