তাহজীবুল আনাম, কক্সবাজার
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৩:২৩ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৩:২৫ পিএম
ভাঙন কবলিত সাগর পার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে কয়লাবিদ্যুৎ প্রকল্পের জন্য সমুদ্র থেকে বালু উত্তোলন এবং প্রকল্পের বাঁধ নির্মাণের কারণে জোয়ারের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
এতে জোয়ারের পানি তীব্র চাপ সৃষ্টি করে পাশের বেড়িবাঁধে আঘাত হানছে। একদিকে জোয়ারের পানি ঢুকে পড়ছে লোকালয়ে, অন্যদিকে বেড়িবাঁধ ও উপকূলে দেখা দিয়েছে ব্যাপক ভাঙন। অব্যাহত ভাঙনে প্রতিনিয়ত সাগরগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি ও ক্ষেত-খামার। ভিটেমাটি হারিয়ে অনেক পরিবার হারাচ্ছে তাদের শেষ আশ্রয় ও জমি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২০১৫ সাল থেকে কয়লাবিদ্যুৎ প্রকল্পের কাজে নিয়মিত সমুদ্র থেকে বালু উত্তোলন করা হচ্ছে। পাশাপাশি প্রকল্পের বাঁধের কারণে জোয়ারের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে পাশের বেড়িবাঁধে চাপ সৃষ্টি করছে। এ কারণে লোকালয়ে পানি ঢুকে পড়ার পাশাপাশি বেড়িবাঁধ ও উপকূলে ভাঙন তীব্র হয়েছে।
মাতারবাড়ির পশ্চিম অংশে বর্তমানে শত শত পরিবার ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে। সম্প্রতি অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে প্রায় দুই শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্বল ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ টপকে ৪ থেকে ৫ ফুট উচ্চতার জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়ছে। ফলে বসতবাড়ির পাশাপাশি ধান, সবজি ক্ষেত, মাছের ঘের ও ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে।
স্থানীয়দের আশঙ্কা, আসন্ন পূর্ণিমা বা অমাবস্যায় জোয়ারের পানি আরও বেড়ে সাইরার ডেইল এলাকা প্লাবিত হতে পারে। এতে অন্তত শতাধিক পরিবার নতুন করে ভোগান্তিতে পড়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয়রা জানান, চলতি মাসে মাতারবাড়িতে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের কিছু অংশে জিওব্যাগ দিয়ে জরুরি কাজ করেছে পানি উন্নয়ন বোর্ড। তবে সাইরার ডেইল এলাকার জালিয়াপাড়া ও বাহারপাড়ায় কোনো জিওব্যাগ দেওয়া হয়নি। ফলে এসব এলাকা এখনও অরক্ষিত অবস্থায় রয়েছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, মাতারবাড়ির সাইরার ডেইল ও পশ্চিম উপকূলীয় এলাকার বেড়িবাঁধ জোয়ারের প্রবল স্রোতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রায় ৮ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে বর্তমানে ৪ কিলোমিটার অরক্ষিত অবস্থায় রয়েছে। বিশেষ করে সাইটপাড়া, সাইরার ডেইলের জালিয়াপাড়া ও বাহারপাড়ার অবস্থা অত্যন্ত নাজুক। জোয়ারের প্রবল স্রোতে প্রতিনিয়ত নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।
মাতারবাড়ি ইউপি চেয়ারম্যান এসএম আবু হায়দার বলেন, সাম্প্রতিক সময়ে ক্ষতিগ্রস্ত প্রায় ৭০০ থেকে ৮০০ পরিবারকে ইউনিয়ন পরিষদ ও কয়লাবিদ্যুৎ প্রকল্পের পক্ষ থেকে সাহায্য-সহযোগিতা করা হয়েছে। সম্প্রতি অতিবৃষ্টি ও সমুদ্রের জোয়ারের পানিতে প্রায় ২০০ থেকে ২৫০টি ঘরবাড়ি তলিয়ে যায়। এতে ধান, মাছের ঘের ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ৮ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ৩ থেকে ৪ কিলোমিটার অরক্ষিত রয়েছে। বর্তমানে বেড়িবাঁধসংলগ্ন অন্তত ৫০০ থেকে ৬০০ পরিবার চরম ঝুঁকিতে রয়েছে।
স্থানীয় বাসিন্দা এসএম রানা বলেন, কয়লাবিদ্যুৎকেন্দ্র চালুর আগে মাতারবাড়ি এভাবে কখনও প্লাবিত হয়নি। গত ১২-১৩ বছর ধরে জোয়ারের পানিতে এলাকা নিমজ্জিত হচ্ছে। অনেকের দোতলা, আবার কারও একতলা বাড়ি সাগরগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে আরও বেশ কিছু স্থাপনা।
আলী আজগর বলেন, আমরা উন্নয়নবিরোধী নই। কিন্তু আমাদের ভিটেমাটি ও জীবন বিপন্ন করে এই উন্নয়ন আমাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এক সময়ের ঘনবসতিপূর্ণ এলাকা জালিয়াপাড়া আজ প্রায় বিলীন। আমরা দ্রুত টেকসই বেড়িবাঁধ এবং মাথা গোঁজার একটি স্থায়ী আশ্রয় চাই।
জালিয়াপাড়া এলাকার মাওলানা আবদুল মালেক বলেন, প্রতি বছর বর্ষা ও জোয়ার এলে আমাদের আতঙ্কে দিন কাটাতে হয়। একসময় যেখানে আমাদের বাড়িঘর ছিল, আজ সেখানে শুধুই সাগরের পানি। আমরা আর কোনো আশ্বাস চাই না, স্থায়ী সমাধান চাই।
স্থানীয় মফিজুর রহমান বলেন, সমুদ্রের ভাঙনে আমরা যেমন বসতভিটা হারিয়েছি, তেমনি জীবিকাও হুমকির মুখে পড়েছে। টেকসই বেড়িবাঁধ নির্মাণ হলে মানুষ যেমন নিরাপদ থাকবে, তেমনি উপকূলের অর্থনীতিও রক্ষা পাবে।
স্থানীয় বাসিন্দা বাদশা মিয়া বলেন, জলোচ্ছ্বাস ও লবণাক্ত পানির কারণে আমাদের চাষাবাদ ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। বেড়িবাঁধ না থাকলে আগামী দিনে এ এলাকায় বসবাস করাই কঠিন হয়ে যাবে।
সাইটপাড়ার বাসিন্দা সাজেদুল ইসলাম বলেন, উন্নয়নের সুফল আমরা চাই। কিন্তু সেই উন্নয়নের কারণে যদি মানুষ গৃহহীন হয়ে পড়ে, তাহলে তাদের পুনর্বাসনের দায়িত্বও রাষ্ট্রকে নিতে হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত আবাসনের ব্যবস্থা করতে হবে।
তথ্য অনুসন্ধানে জানা যায়, ১৯৮৫ সালে তৎকালীন চেয়ারম্যান মোস্তাক আহমদের প্রচেষ্টায় মাতারবাড়িতে বেড়িবাঁধ নির্মাণ করা হয়। পরবর্তী সময়ে বাঁধে ভাঙন দেখা দিলে ২০০১ সালের দিকে নতুন করে সেটির সংস্কার করা হয়। এরপর থেকে প্রতি বছর মাতারবাড়ির পশ্চিমের বেড়িবাঁধ মেরামত ও সংস্কার করা হচ্ছে। তবে সংস্কারের পেছনে শত শত কোটি টাকা সরকার ব্যয় করলেও কাঙ্ক্ষিত সফলতা মিলছে না। কারণ হিসেবে অনেকে মনে করেন সংস্কারের নামে অনিয়ম-দুর্নীতি করা হয়েছে।
পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা)-এর কক্সবাজার জেলা আহ্বায়ক ফজলুল কাদের চৌধুরী বলেন, প্রকল্পের কাজে সাগর থেকে মাটি ও বালু উত্তোলনের ফলে উপকূলীয় পরিবেশ ও প্রতিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সমুদ্রের স্বাভাবিক গতিপথ কখনোই পরিবর্তন করা যায় না। সমুদ্রকে নিয়ন্ত্রণ বা শাসন করতে গেলে প্রকৃতি একসময় ভয়াবহভাবে তার প্রতিক্রিয়া দেখায়।
তিনি বলেন, এরই প্রভাবে জোয়ারের পানি ও সাগরের প্রবল ঢেউয়ের আঘাতে দুর্বল বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ছে। ফলে মাতারবাড়ির বহু মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন এবং চরম দুর্ভোগের মধ্যে মানবেতর জীবনযাপন করছেন।
তবে কয়লাবিদ্যুৎ প্রকল্পের ম্যানেজার এসকে সাজ্জাদ স্থানীয়দের অভিযোগ অস্বীকার করে বলেন, কয়লাবিদ্যুৎ প্রকল্পের কারণে ভাঙন হচ্ছে- এমনটা নয়। মূলত প্রকল্প সৃষ্টির আগ থেকেই এসব জায়গায় ভাঙন চলছে। বালু উত্তোলনে কোনো সমস্যা হয়নি। প্রকল্পের স্বার্থে পরিকল্পিতভাবে বালু উত্তোলন করা হয়েছে। এখন স্থানীয়দের দাবি একটি টেকসই বেড়িবাঁধ। সেটির জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কাজ করছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কক্সবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম বলেন, মাতারবাড়ি ও ধলঘাটায় ৩২ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ৬ দশমিক ৫ কিলোমিটার অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বাকি প্রায় ১৮ কিলোমিটার বাঁধও সংস্কারের প্রয়োজন। এসব এলাকায় বেড়িবাঁধের কয়েকটি ঝুঁকিপূর্ণ অংশে জরুরি সংস্কারের অনুমতি পাওয়া গেছে। ইতিমধ্যে এসব এলাকায় কাজ শুরু হয়েছে।
কক্সবাজারের জেলা প্রশাসক এমএ মান্নান বলেন, জরুরি ভিত্তিতে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে। আশা করছি, সহসাই সমস্যার সমাধান হয়ে যাবে।
ভিটেমাটি ও জীবিকা রক্ষায় দ্রুত একটি স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে স্থানীয় বাসিন্দারা নিয়মিত মানববন্ধন ও আন্দোলন করে আসছেন।