সংকটে প্রাথমিক বিদ্যালয়
মাহবুবুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ)
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৮ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৭:০৮ পিএম
কটিয়াদী ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদের ১২১টি শূন্য রয়েছে। এর মধ্যে প্রধান শিক্ষক পদে ৫৫টি এবং সহকারী শিক্ষক পদের শূন্য রয়েছে ৬৬টি।
দীর্ঘদিন ধরে এসব পদ শূন্য থাকায় বিদ্যালয়গুলোর প্রশাসনিক কার্যক্রম ও পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। অন্যদিকে, অনেক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হচ্ছে। তাদের কেউ কেউ টানা ৭ থেকে ৮ বছর ধরে এ দায়িত্ব পালন করছেন।
প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়গুলোর প্রশাসনিক ও দাপ্তরিক কাজ পরিচালনার দায়িত্ব পড়েছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের ওপর। এতে অনেক সময় তারা নিয়মিত ক্লাস নিতে পারছেন না। ফলে তাদের নির্ধারিত ক্লাস অন্য শিক্ষকদের নিতে হচ্ছে। ফলে সহকারী শিক্ষকদের ওপর অতিরিক্ত ক্লাসের চাপ পড়ছে। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান কার্যক্রমও শ্লথ হয়ে পড়ছে।
কটিয়াদী উপজেলায় ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নে রয়েছে ১১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত ও চলতি দায়িত্ব পালন করা শিক্ষকদের মধ্যেও পদোন্নতি নিয়ে প্রত্যাশা রয়েছে। তাদের দাবি, শূন্য পদ পূরণ এবং পদোন্নতির বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও পাঠদান আরও গতিশীল হবে।
চরপুক্ষিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চ. দা.) জামাল উদ্দিন বলেন, আমি আট বছর ধরে প্রধান শিক্ষক পদে চলতি দায়িত্ব পালন করছি। এর আগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের তাদের জ্যেষ্ঠতা অনুযায়ী পদোন্নতি দেওয়া হয়েছে। আমরাও আশা করছি, কর্তৃপক্ষ দ্রুত আমাদের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
শিমুলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তারেক হোসেন বলেন, দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছি। বিদ্যালয়ের প্রশাসনিক ও দাপ্তরিক কাজের পাশাপাশি নিয়মিত ক্লাস নিতে হয়। অনেক সময় অফিসের কাজে ব্যস্ত থাকায় নির্ধারিত ক্লাস নেওয়া সম্ভব হয় না। তখন অন্য শিক্ষকদের দিয়ে ক্লাস পরিচালনা করতে হয়। এতে তাদের ওপর অতিরিক্ত চাপ পড়ে।
বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তন্ময় সাহা বলেন, প্রধান শিক্ষক না থাকায় আমাদের নিয়মিত পাঠদানের পাশাপাশি অতিরিক্ত ক্লাস নিতে হচ্ছে। এতে শিক্ষার্থীদের পাঠদান পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। শিক্ষক সংকটে শিক্ষার্থীরা যেন পড়াশোনায় পিছিয়ে না পড়ে, সে জন্য আমাদের বাড়তি দায়িত্ব পালন করতে হচ্ছে। দ্রুত শূন্য পদগুলো পূরণ করা প্রয়োজন।
শিক্ষক সংকটে বিদ্যালয়গুলোতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়েছে। একদিকে প্রশাসনিক দায়িত্ব, অন্যদিকে শ্রেণিকক্ষে পাঠদান- সব মিলিয়ে বাড়তি চাপ সামলাতে হচ্ছে শিক্ষকদের।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার বলেন, কটিয়াদী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের অনেকগুলো পদ খালি রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শূন্য পদ পূরণের বিষয়ে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশা করছি। শিক্ষক সংকটের মধ্যেও বিদ্যালয়গুলোতে পাঠদান কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগ দেওয়া প্রয়োজন। একই সঙ্গে দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত ও চলতি দায়িত্ব পালন করা শিক্ষকদের পদোন্নতির বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা দরকার। শিক্ষক সংকট নিরসন, প্রশাসনিক কার্যক্রম গতিশীল করা এবং শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।