বিশ্ব নদী দিবস আজ
রাসেল আহমদ, মধ্যনগর (সুনামগঞ্জ)
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৩ এএম
সুনামগঞ্জের মধ্যনগরের ভেতর দিয়ে প্রবাহিত আন্তঃরাষ্ট্রীয় নদী 'সোমেশ্বরী' এখন বছরের বড় সময়ই থাকে পানিহীন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নদী রক্ষায় সচেতনতা বাড়াতে আজ বিশ্বব্যাপী পালিত হবে বিশ্ব নদী দিবস। প্রতিবছর সেপ্টেম্বরের চতুর্থ রবিবার দিবসটি পালিত হয়। পৃথিবীর পরিবেশ, জীববৈচিত্র্য ও মানুষের জীবন-জীবিকার জন্য নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও দূষণ, দখল, অপরিশোধিত শিল্পবর্জ্য, প্লাস্টিক বর্জ্য ও অপরিকল্পিত বালু উত্তোলনের কারণে বিশ্বের নদীগুলো নানা হুমকির মুখে পড়েছে।
আগামী প্রজন্মের জন্য মিঠাপানির গুরুত্বপূর্ণ এই পরিবেশ ব্যবস্থা টিকিয়ে রাখতে নদীর পানির গুণমান পর্যবেক্ষণ, নদীতীরে দেশীয় প্রজাতির গাছ লাগানো এবং স্থলভাগের প্লাস্টিক বর্জ্য পানির উৎসে প্রবেশ ঠেকানোর মতো কার্যকর পদক্ষেপের ওপর বিশ্ব নদী দিবসে গুরুত্ব দেওয়া হয়।
প্রতিবছর নানা আয়োজনে দিবসটি পালিত হলেও থামছে না নদী দখল-দূষণ। কোথাও অপরিকল্পিত সড়ক, কোথাও ফসল রক্ষা বাঁধ, আবার কোথাও অবৈধ স্থাপনা নির্মাণ চলছেই। এর ফলে সারা দেশেই নদী ও খালের স্বাভাবিক প্রবাহ ক্রমেই সংকুচিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, কেবল সুনামগঞ্জের ১২ উপজেলাতেই ছোট-বড় মিলিয়ে ১০৬টি নদী রয়েছে। তবে পলি, দখল, দূষণ ও অপরিকল্পিত অবকাঠামোর নির্মাণের কারণে এসব জলধারার অধিকাংশই নাব্যতা হারাচ্ছে, ব্যাহত হচ্ছে পানি নিষ্কাশন, কৃষি, মৎস্য ও নৌযোগাযোগ।
জেলার মধ্যনগর ও তাহিরপুর উপজেলায় বিস্তৃত টাঙ্গুয়ার হাওরের গোলাবাড়ি ওয়াচ টাওয়ার এলাকায় পাটলাই নদীর সংযোগ খাল ও গাঙে মাটি ফেলে স্থায়ী বাঁধ নির্মাণের অভিযোগ রয়েছে। এ ছাড়া তাহিরপুরের উত্তর শ্রীপুর ইউনিয়নের কালা গাঙ নদীতে বাঁধ দেওয়ার পর নদীর জায়গা দখল করে দোকানপাট ও বাড়িঘর নির্মাণের অভিযোগও রয়েছে। মনাই ও সরমরা নদীতেও ভরাট ও নাব্যতা সংকট দেখা দিয়েছে।
শান্তিগঞ্জের উথারিয়া নদীর অবস্থাও সংকটাপন্ন। একসময় এই নদী দিয়ে দেখার হাওরের উদ্বৃত্ত পানি মহাসিং নদীতে নামত। তবে স্বাধীনতার পর বড়দই বিলসংলগ্ন খালের সঙ্গে যুক্ত স্থানে স্থায়ী বাঁধ দিয়ে নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ করে দেওয়া হয়।
বাউল সম্রাট শাহ আবদুল করিমের গানে যে কালনী নদীর রূপ উঠে এসেছে, সেই নদীও এখন পলিথিন ও কঠিন বর্জ্যে দূষিত। সিলেট ও সুনামগঞ্জের প্রধান জীবনরেখা সুরমা নদীর সংকটও গভীর। উজানের পাহাড়ি পলি, বর্জ্য, দখল এবং বালু-পাথর উত্তোলনের চাপ নদীর নাব্যতা কমিয়ে দিচ্ছে।
‘আমরা হাওরবাসী’-এর তথ্য ও গবেষণা সমন্বয়কারী ফেরদৌস আলম বলেন, “একসময় আজমিরীগঞ্জ, কিশোরগঞ্জ, ভৈরব ও নেত্রকোণা থেকে নদী ও খালপথে সুনামগঞ্জে সহজে যাতায়াত করা যেত। স্বাধীনতার আগের সেই নৌপথ আজ নতুন প্রজন্মের কাছে কল্পনামাত্র”।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (২) মো. ইমদাদুল হক জানান, জেলার ১১ উপজেলার ৫১টি নদী ও খালের প্রায় ১৯৮ কিলোমিটার পুনঃখননের পরিকল্পনা রয়েছে। এতে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয় হতে পারে। ২০২৭-২৮ অর্থবছর থেকে কাজ শুরুর আশা করা হচ্ছে। তার মতে, এসব নদী ও খাল খনন হলে বর্ষায় পানি নিষ্কাশন, বন্যার চাপ কমানো, বোরো ফসল রক্ষা, সেচ সুবিধা ও মাছের আবাসস্থল পুনরুদ্ধারে সুফল মিলতে পারে।