ওবায়দুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল)
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২১:৫৭ পিএম
বাবুগঞ্জ উপজেলার সুগন্ধা নদীর ওপর নির্মিত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন ও মানুষ চলাচল করলেও রাত নামলেই সেতুটি ডুবে যায় ঘন অন্ধকারে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকা-বরিশাল মহাসড়কের গুরুত্বপূর্ণ সংযোগস্থল বরিশালের বাবুগঞ্জ উপজেলার সুগন্ধা নদীর ওপর নির্মিত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু, যা দোয়ারিকা সেতু নামেও পরিচিত।
প্রতিদিন এ সেতু দিয়ে হাজার হাজার যানবাহন ও মানুষ চলাচল করলেও রাত নামলেই সেতুটি ডুবে যায় ঘন অন্ধকারে। সেতুর দুই পাশে দীর্ঘ সারিতে ল্যাম্পপোস্ট থাকলেও অধিকাংশ সময় সেগুলোতে আলো জ্বলে না। এতে পথচারী ও যানবাহন চালকদের ভোগান্তির পাশাপাশি চুরি-ছিনতাইয়ের ঝুঁকি বাড়ছে বলে স্থানীয়দের অভিযোগ।
সরেজমিনে দেখা গেছে, সেতুর দুই পাশে পর্যাপ্ত ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়েছে। তবে দীর্ঘদিন ধরে অনেক বাতি অচল। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষ মাঝেমধ্যে ল্যাম্পপোস্টের বাতি ও বৈদ্যুতিক সংযোগ মেরামত করলেও কয়েক দিনের মধ্যেই আবার সেগুলো নষ্ট হয়ে যায়। তাদের দাবি, একটি সংঘবদ্ধ চক্র রাতের আঁধারে ল্যাম্পপোস্টের ভেতরের বৈদ্যুতিক কেবল ও অন্যান্য যন্ত্রাংশ কেটে নিয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।
গুরুত্বপূর্ণ এই সেতুর নিরাপত্তায় কোনো স্থায়ী নিরাপত্তা চৌকি কিংবা পর্যাপ্ত নজরদারি ব্যবস্থা না থাকায় চুরির ঘটনা প্রতিরোধ করা কঠিন হয়ে পড়েছে বলেও অভিযোগ স্থানীয়দের। সেতুতে পর্যাপ্ত আলো ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
সন্ধ্যার পর পুরো সেতু এলাকায় অন্ধকার নেমে আসায় যানবাহন চলাচলেও তৈরি হচ্ছে নানা সমস্যা। দূরপাল্লার যানবাহনগুলো তীব্র হেডলাইট জ্বালিয়ে সেতু পার হওয়ায় বিপরীত দিক থেকে আসা ছোট যানবাহন ও পথচারীদের চোখ ধাঁধিয়ে যায়। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে স্থানীয় চালক ও পথচারীরা জানিয়েছেন।
এদিকে সেতুর অন্ধকারাচ্ছন্ন পরিবেশকে কেন্দ্র করে ছিনতাইসহ বিভিন্ন অপরাধের আশঙ্কাও করছেন স্থানীয়রা। বিশেষ করে রাতে একা মোটরসাইকেল আরোহী, পথচারী ও ছোট যানবাহনের যাত্রীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। স্থানীয়দের দাবি, সেতুর দুই প্রান্তসহ পুরো এলাকায় নিয়মিত পুলিশি টহল এবং নজরদারি বাড়ানো প্রয়োজন।
এ বিষয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম বলেন, ‘আমরা একাধিকবার জনস্বার্থে সেতুর ল্যাম্পপোস্টগুলো মেরামত করে বাতি সচল করেছি। কিন্তু দুঃখজনক বিষয় হলো, প্রতিবারই রাতের আঁধারে চোরচক্র লাইটের দামি তার ও ক্যাবল কেটে নিয়ে যায়। সেতু রক্ষণাবেক্ষণের জন্য আমাদের কোনো নিজস্ব নিরাপত্তা প্রহরী বা ওয়াচম্যানের পদ নেই। তাই সার্বক্ষণিক পাহারা দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। এ কারণে পুলিশি টহল জোরদার করা জরুরি।’
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা বলেন, ‘ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ল্যাম্পপোস্টের তার চুরির বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এটি একটি রাষ্ট্রীয় সম্পদ এবং মহাসড়কের নিরাপত্তার সঙ্গে জড়িত। আমি ইতোমধ্যে বিষয়টি নিয়ে সড়ক ও জনপথ বিভাগ এবং থানা পুলিশের সঙ্গে কথা বলেছি।’
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সেতুর অন্ধকারাচ্ছন্ন পরিবেশের সুযোগ নিয়ে যাতে কোনো অপরাধী চক্র বা ছিনতাইকারী মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য আমরা তৎপর আছি। মহাসড়কের এই অংশে পুলিশের রাতের টহল আরও জোরদার করা হয়েছে।