প্রবা প্রতিবেদক,ঝিনাইদহ
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫৬ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২১:০০ পিএম
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভায়না ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ছমির উদ্দিনের বাসভবনে গোপন বৈঠকের অভিযোগে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভায়না ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ছমির উদ্দিনের বাসভবনে গোপন বৈঠকের অভিযোগে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছমির উদ্দিনসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার কালিশংকরপুর গ্রামে শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ছমির উদ্দিনের পরিবারের দাবি, স্থানীয় বিএনপির সমর্থিত লোকজন তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।
ছমির উদ্দিনের মেয়ে কুষ্টিয়া জেলা জজ আদালতের আইনজীবী মনিরা সানজিদা দাবি করেন, স্থানীয় বিএনপির শতাধিক নেতাকর্মী রাতে তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় তার বাবা আওয়ামী লীগ নেতা ছমির উদ্দিন বাড়ির দ্বিতীয় তলায় অবস্থান করছিলেন। হামলাকারীরা তার বাবাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে বলে দাবি করেন তিনি।
মনিরা সানজিদা বলেন, হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে তার বাবাকে খুঁজতে থাকে। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান। রাত ১০টার দিকে পুলিশ তার বাবাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর থানায় নিয়ে যায় বলেও দাবি করেন তিনি।
মনিরার দাবি, হামলার সময় তার মা-সহ বাড়ির অন্য সদস্যদের মারধর করা হয়। এ ছাড়া ঘরের আসবাবসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায় হামলাকারীরা। গ্রামে তাঁদের সমর্থকদের অন্তত ৩০ থেকে ৪০টি বাড়ি থেকে গরু-ছাগল ও আসবাব লুট করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও দাবি করেন, গত ৯ সেপ্টেম্বর তার চাচা ইউপি সদস্য মোনায়েম হোসেনকে কুপিয়ে হত্যা করেন বিএনপি সমর্থকেরা। ওই ঘটনায় বিএনপি সমর্থক বোরহান, ইউনুস, আমজাদসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করেন তারা। এরপর থেকে আসামিরা তার বাবাকে হত্যার হুমকি দিয়ে আসছেন।
ওই আসামিদের নেতৃত্বেই শুক্রবার রাতে তাদের বাড়িতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে জানতে অভিযুক্তদের বাড়িতে গিয়েও তাদের পাওয়া যায়নি।
তবে পুলিশের দাবি, সরকারবিরোধী নাশকতার পরিকল্পনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ছমির উদ্দিনের বাড়িতে গোপন বৈঠক চলছিল।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, “ওই আওয়ামী লীগ নেতার বাড়িতে সরকারবিরোধী নাশকতার জন্য গোপন বৈঠক চলছিল। স্থানীয়রা তাদের অবরুদ্ধ করে রেখে আমাদের খবর দেন। পরে আমরা সেখান থেকে আটজনকে গ্রেপ্তার করেছি। এর মধ্যে নিরাপত্তার স্বার্থে আওয়ামী লীগ নেতা ছমির উদ্দিনকে ঝিনাইদহ সদর থানায় নিয়ে যাওয়া হয়।”