× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিভিন্ন স্থানে মা-মেয়েসহ সড়কে ঝরল ১১ প্রাণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২০:৪৪ পিএম

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫৫ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ দশজন নিহত হয়েছেন। প্রতিবেদকদের পাঠানো খবরÑ

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয়ে গোল্ডেন লাইন পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও তার ১০ মাস বয়সী মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেনÑ সনিয়া (২৬) ও তার ১০ মাস বয়সী মেয়ে জান্নাত। সনিয়া শিবালয়ের জাফরগঞ্জ পয়লা গ্রামের আরফান আলী শেখের মেয়ে।

বরংগাইল হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত বাসটি থানায় নেওয়া হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছেন। 

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার ভোররাত ৩টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেনÑ নামিম খাঁ (১৯) ও নিরব খাঁ (১৮)। তারা জেলা শহরের কান্দিপাড়া এলাকার বাসিন্দা এবং সম্পর্কে চাচাতো ভাই।

খাঁটিহাতা হাইওয়ে থানার এসআই আব্দুল বাতেন জানান, সুলতানপুর থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। নিহতদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় আকাশ (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার দুপুরে পাঁচবিবি পৌর শহরের নাকুড়গাছি এলাকায় জয়পুরহাট-হিলি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

‎পাঁচবিবি থানার ওসি মো. তামবিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর চালক বাসটি নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ও স্থানীয় লোকজন ধাওয়া করলে চালক ও হেলপার বাসটি ফেলে পালিয়ে যান। বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় কিফাত মোল্লা (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। শনিবার দুপুর ১টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কিফাত মোল্লা শেহালা মাঠপাড়া গ্রামের মৃত দবির মোল্লার ছেলে।
দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত গাড়ি ও চালককে শনাক্তে পুলিশ কাজ করছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রাজধানী : রাজধানীর বনানীর আমতলী মোড় এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেনÑ খালেদ সাইফুল্লাহ (৩৮), একজন রাইড শেয়ারিংচালক এবং মাইকেল (৩৬), সিয়েরা লিওনের নাগরিক ও কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের সাংবাদিকতা বিষয়ের শিক্ষক। বনানী থানার এসআই তারেক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

অপরদিকে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় এক পুলিশ সদস্যের মা ও স্ত্রী নিহত হয়েছেন। 

গত শুক্রবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পুলিশের ৩৭ম ব্যাচের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসানের মা (নাম জানা যায়নি) ও তার স্ত্রী আক্তার শান্তা (২৮)।

নিহতদের বাসা ঢাকার কদমতলীর থানার শ্রীধারা এলাকা। 

এসআই মেহেদী হাসান জানান, রাতে তার মা ও স্ত্রী আফরোজা পূর্বাচল ৩০০ ফিট এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। পরে দুজনকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তার মাকে মৃত ঘোষণা করেন। এরপর তার স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন রাত ৩টার দিকে তার স্ত্রী মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

শ্রীপুর: গাজীপুরের শ্রীপুরে পরিচ্ছন্নতা ও উচ্ছেদ অভিযান চলাকালে এস্কেভেটরের নিচে চাপা পড়ে বদু মুন্সী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার দুপুরে শ্রীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্রীপুর বাজারের গরুহাটা মাঠে এ ঘটনা ঘটে। বদু মুন্সী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের বাসিন্দা। 

শ্রীপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভূঞা বলেন, সকাল থেকেই পৌর শহরে পরিচ্ছন্নতা কার্যক্রম চলছিল। এক্সকাভেটর চলাচলের রাস্তা পরিষ্কার রাখার জন্য পৌরসভার ট্রাফিক বিভাগের লোকজন দায়িত্ব পালন করছিলেন। এ সময় অসাবধানতাবশত মজু মুন্সী এক্সকাভেটরের সঙ্গে ধাক্কা লেগে আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা