খাগড়াছড়ি প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৬ পিএম
খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব মধু পূর্ণিমায় দায়ক-দায়িকারা ভোরে বিহারে প্রদীপ প্রজ্বলন করে পালন করেন বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব মধু পূর্ণিমা উদযাপিত হয়েছে। শনিবার ভোর থেকে জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে শুরু হয় পূজা, প্রার্থনা, দান-ধ্যান ও ধর্মীয় নানা আচার-অনুষ্ঠান।
ভোর থেকেই জেলার বিভিন্ন বিহারে ভক্ত-অনুরাগীদের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে উঠে পরিবেশ। খাগড়াছড়ি সদর, পানখাইয়া পাড়া, ধর্মপুর, সারিপুত্র পালিটোল ও য়ংড বৌদ্ধ বিহারসহ বিভিন্ন বিহারে দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দায়ক-দায়িকারা ভোরে বিহারে এসে বুদ্ধ পূজা, পদ্ম ও শাপলা ফুল দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, পিণ্ডদান, চীবর দান, হাজার বাতি দান ও প্রদীপ প্রজ্বলনসহ নানা ধর্মীয় কর্মকাণ্ডে অংশ নেন। এ সময় বৌদ্ধ ভিক্ষুদের ধর্মদেশনা ও প্রার্থনায় মুখরিত হয়ে উঠে বিহার প্রাঙ্গণ।
শান্তি ও মানবকল্যাণের প্রত্যাশায় নানা ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করেন বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ।