নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২৯ পিএম
নবীনগরে শনিবার উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত পথসভায় বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
‘একটি দল কথা বলে ফেরেশতার মতো, কিন্তু কাজ করে শয়তানের মতো। তারা বিভিন্নভাবে চক্রান্ত করছে। দেশের মানুষকে বিভ্রান্ত করতে এবং আমাদের সরকারের বিরুদ্ধে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।’
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে শনিবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও পথসভায় এমন মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান।
তিনি বলেন, ‘আমি দেশের মানুষকে বলতে চাই, কোনো ধরনের ষড়যন্ত্র, অপপ্রচার কিংবা বিভ্রান্তিকর কথায় কান দেবেন না। যারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়, তাদের বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। দেশের মানুষ অনেক কিছু দেখেছে, অনেক কিছু সহ্য করেছে। তাই এখন দেশের স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
এমপি আরও বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকার মানুষের ওপর অন্যায়-অত্যাচার করেছে। সেই সময়ে দেশের মানুষের ওপর নানা ধরনের নির্যাতন ও বৈষম্য করা হয়েছে। এখন আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছি।’
বর্তমান সরকারের সময়ে বিভিন্ন সমস্যা দেখা দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশ পরিচালনা করতে গিয়ে এখন বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। গ্যাসের সমস্যা আছে, বিদ্যুতের সমস্যা আছে। আরও অনেক সমস্যা আমাদের মোকাবিলা করতে হচ্ছে। এসব সমস্যা একদিনে সৃষ্টি হয়নি। বিগত সরকারের সময়ে বিভিন্ন ক্ষেত্রে যে অব্যবস্থাপনা ও সংকট তৈরি হয়েছে, তার প্রভাব এখন আমাদের মোকাবিলা করতে হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘দেশকে সামনে এগিয়ে নিতে হলে আমাদের ধৈর্য ধরতে হবে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশের স্থিতিশীলতা রক্ষায় বিএনপির নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের উসকানি বা ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না।’
নবীনগরের নেতাকর্মীদের উদ্দেশে এমপি মান্নান বলেন, ‘আপনারা মানুষের পাশে থাকবেন। সাধারণ মানুষের কথা শুনবেন এবং তাদের সমস্যাগুলো জানবেন। জনগণের আস্থা ও ভালোবাসা নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।’
সমাবেশে জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান ও রহমত উল্লাহ, বিএনপি নেতা ও সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু ও দেলোয়ার হোসেন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ মহি, উপজেলা বিএনপির সদস্য আবু নাছের, শ্রমিক দলের সদস্য সচিব শাহ আলম বেপারী, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক মো. শুক্কুর খান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান দুলাল, সদস্য সচিব হাজী আবু কাওসার, যুবদল নেতা মনজুরুল আলম মজনু এবং উপজেলা ছাত্রদল নেতা অনন্ত হীরা বক্তব্য দেন।