জয়পুরহাট প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০৪ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৪০ পিএম
প্রতীকী ছবি।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বাসের ধাক্কায় আকাশ (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
পাঁচবিবি পৌর শহরের নাকুড়গাছি বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে জয়পুরহাট-হিলি আঞ্চলিক মহাসড়কে শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকাশ জয়পুরহাট সদর উপজেলার মধুপুর গ্রামের মাছ ব্যবসায়ী নজরুল ইসলামের ছেলে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আকাশ মোটরসাইকেলে করে হিলির দিকে যাচ্ছিলেন। পথে নাকুড়গাছি এলাকায় বিপরীত দিক থেকে একটি বাস তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে আকাশ ছিটকে সড়কের পাশে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “দুর্ঘটনার পর চালক বাসটি নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ও স্থানীয় লোকজন ধাওয়া করলে চালক ও হেলপার বাসটি ফেলে পালিয়ে যান। বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”