গৌরনদী (বরিশাল) প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৪৯ পিএম
জহির উদ্দিন স্বপন। ফাইল ছবি
“কবির কলম এবং সাহিত্যিকের চিন্তা সমাজকে নতুনভাবে ভাবতে শেখায়। মানুষের মধ্যে মানবিকতা, সহমর্মিতা ও দেশপ্রেম জাগিয়ে তুলতে সাহিত্যের ভূমিকা অপরিসীম। তাই সাহিত্যচর্চাকে শুধু ব্যক্তিগত সৃজনশীলতা হিসেবে দেখলে হবে না; এটি একটি আলোকিত ও মননশীল সমাজ বিনির্মাণের অন্যতম শক্তি।”
বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজ ও বাংলা ভাষা-বাঙালি সংস্কৃতি সমাজের উদ্যোগে আয়োজিত কবি-সাহিত্যিকদের মিলনমেলা ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে শুক্রবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, “বর্তমান প্রজন্ম প্রযুক্তিনির্ভর জীবনে অভ্যস্ত হয়ে পড়ছে। এ সময়ে বই পড়ার অভ্যাস ও সাহিত্যচর্চাকে আরও বিস্তৃত করতে হবে। তরুণদের হাতে প্রযুক্তির পাশাপাশি বই তুলে দিতে হবে। কারণ জ্ঞান ও সৃজনশীলতার সমন্বয়েই গড়ে উঠবে আগামী দিনের মানবিক সমাজ।”
বাংলা ভাষা ও সাহিত্যের গৌরবময় ঐতিহ্যের কথা তুলে ধরে তিনি বলেন, “আমাদের ভাষা, সংস্কৃতি ও জাতীয় চেতনার বিকাশে কবি-সাহিত্যিকদের অবদান অনস্বীকার্য। তাদের লেখনী আমাদের শেকড়ের সঙ্গে যুক্ত করে এবং নিজেদের ইতিহাস ও ঐতিহ্যকে জানতে শেখায়।”
সম্মাননা প্রদান প্রসঙ্গে তিনি বলেন, “যারা দীর্ঘদিন ধরে সাহিত্যচর্চার মাধ্যমে সমাজ ও সংস্কৃতিতে অবদান রেখে চলেছেন, তাঁদের সম্মানিত করা আমাদের নৈতিক দায়িত্ব। একটি সম্মাননা একজন সৃষ্টিশীল মানুষকে যেমন অনুপ্রাণিত করে, তেমনি নতুন প্রজন্মের লেখকদেরও সাহিত্যের পথে এগিয়ে আসতে উৎসাহিত করে”।
চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সভাপতি ও বাংলা ভাষা-বাঙালি সংস্কৃতি সমাজের উপদেষ্টা সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সাবেক আহ্বায়ক আলহাজ্ব মো. আবুল হোসেন মিয়া, সদস্য সচিব জহীর সাজ্জাত হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বদিউজ্জামান মিন্টু, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন, সদস্য সচিব শরীফ সফিকুর রহমান স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন এবং গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত অসংখ্য কবি ও সাহিত্যিক নিরলসভাবে সাহিত্যচর্চা করে যাচ্ছেন। তাদের সৃষ্টিকর্ম সংরক্ষণ, প্রকাশ ও পাঠকের কাছে পৌঁছে দিতে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন। নিয়মিত সাহিত্য সম্মেলন, কবিতা পাঠ, সাহিত্য আড্ডা, পাঠচক্র ও লেখক সম্মাননার আয়োজন সাহিত্যাঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।
কবি-সাহিত্যিক সম্মেলন ও সাহিত্যচর্চায় বিশেষ অবদান রাখায় দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক ও লেখকদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। সাহিত্য ও সংস্কৃতির বিকাশে অবদানের স্বীকৃতি হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে কবি-সাহিত্যিকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জহির উদ্দিন স্বপন।
সম্মাননা পাওয়া সাহিত্যিকরা বলেন, এ স্বীকৃতি তাদের ভবিষ্যৎ সাহিত্যচর্চায় নতুন প্রেরণা জোগাবে। তারা বাংলা ভাষা ও সাহিত্যের সমৃদ্ধির জন্য আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।