গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৩৬ পিএম
কলাপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের খন্ডচিত্র। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পটুয়াখালীর কলাপাড়ায় সরকারের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কার্যক্রমে এখন হ-য-ব-র-ল অবস্থা চলছে। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সরকারের বহুমাত্রিক অর্থ বরাদ্দ, শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়ার পরও বিদ্যালয় থেকে ঝড়ে পড়ছে শিশু শিক্ষার্থীরা।
শিক্ষা অফিসের জনবল সংকটে বিদ্যালয়গুলোতে তদারকির অভাব, শিক্ষক সংকট, শিক্ষকদের কোচিং বাণিজ্য, সরকারি বরাদ্দ লোপাট, অকার্যকর বিদ্যালয় পরিচালনা কমিটি- মূলত এর নেপথ্যের কারণ হিসেবে প্রাথমিকভাবে বিবেচনা করা হচ্ছে। তারপরেও বিদ্যালয়গুলোতে উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না বলে অভিযোগ তুলেছেন অভিভাবক ও স্থানীয় বিশিষ্টজন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা। পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরতলীর ১৫১ নম্বর বাদুরতলী (১) সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে গিয়ে দেখা গেল ফ্লাগ স্ট্যান্ডে উড়ছে বিবর্ণ জাতীয় পতাকা। বিদ্যালয় ভবনটিতে যেন দীর্ঘ এক যুগেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। সরকারি কোনো অনুদান কিংবা উন্নয়ন বরাদ্দ এখানে এসে যেন পৌঁছায়নি। ক্লাস চলার সময়ে শিক্ষার্থীরা খেলাধূলা করছে। প্রধান শিক্ষকের রুম ফাঁকা। বিদ্যালয়ে তার দেখা মিলল না। শিক্ষক মিলনায়তনে দেখা পাওয়া গেল সহকারী শিক্ষক জাকিরের, আর তিনজন নারী সহকারী শিক্ষিকাকে দেখা গেল প্রথম শিফটে ক্লাসরুমে অল্প কয়েকজন শিক্ষার্থীকে পড়াচ্ছেন। তবে দেখা গেল বেশির ভাগ শিক্ষার্থীই অমনোযোগী।
বিদ্যালয়টিতে প্রাক প্রাথমিকের ক্লাসরুমে শিশুদের কোনো শিক্ষা উপকরণ নেই। খেলাধূলার কোনো সামগ্রী নেই। দেয়ালে ABCD লেখা থাকলেও বাংলা বর্ণমালার অঙ্কন নেই। হাজিরা খাতায় ২১ জন শিক্ষার্থীর তথ্য থাকলেও বাস্তবে ক্লাসরুমের মেঝেতে বসে থাকতে দেখা গেল ১০ থেকে ১২ জন শিক্ষার্থীকে। ক্লাস নিচ্ছেন সহকারী শিক্ষিকা মাকসুদা পারভিন। প্রাক প্রাথমিকের পাঠদানে তার কোনো ধরনের প্রশিক্ষণ নেই। অথচ তিনিই প্রতিদিন শিশু শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন। ক্লাসরুমের পাশের শৌচাগারটি তালা বদ্ধ। বিশুদ্ধ পানির নলকূপটি প্রায় দেড় বছর ধরে বিকল। বিদ্যালয় চত্বরে নির্মিত ওয়াশ ব্লকের ট্যাঙ্কে মাসে দুই একবার পানি উত্তোলন করা হলেও সবসময় থাকে অপরিচ্ছন্ন। শিক্ষার্থীরা গরমে হাঁসফাঁস করলেও কোথাও বিশুদ্ধ পানি পানের সুযোগ নেই। অনেক সময় বিদ্যালয় সংলগ্ন প্রতিবেশীদের বাড়ি থেকে বকাঝকা শুনেও পানি সংগ্রহ করছে শিশুরা। সুপেয় পানির জন্য শিক্ষার্থীসহ অভিভাবকদের আকুতিও স্পর্শ করছে না দুই যুগ ধরে একই বিদ্যালয়ে থাকা প্রধান শিক্ষিকা সুমাইয়া নাসরিনকে। তিনি স্থানীয় প্রভাবশালী পরিবারের সদস্য হওয়ায় তার বিরুদ্ধে কথা বলার সাহস কারোর নেই। এ বিষয়ে মোবাইল ফোনে কথা বললে তিনি নজরুল বর্ষের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য শিক্ষার্থীসহ উপজেলা পরিষদে আছেন বলে জানালেন।
বিদ্যালয়ের উন্নয়ন বরাদ্দের বিষয়ে তথ্য জানতে চাইলে শিক্ষা অফিস থেকে যখন যা দেয় তা পাওয়ার কথা বললেন প্রধান শিক্ষিকা। বিস্তারিত তথ্য শিক্ষা অফিসার ম্যাডামের কাছ থেকে নিতে বলেন তিনি।
প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, উপজেলার ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য, সহকারী শিক্ষকের ৪২টি পদ শূন্য রয়েছে। খোদ শিক্ষা অফিসে শূন্য রয়েছে ৫টি পদ।
সূত্রটি আরও জানায়, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দেশের বাইরে যাওয়ায় রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফুর রহমানকে, চরচান্দুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাহিদ আক্তার সুমি ও মাঝেরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মিমি রাখাইনকে চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইটবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদ আলম পলাশের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ফৌজদারী মামলার অভিযোগে লতাচাপলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাকির হোসেন, তাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এমা ওয়েন, আবুল হোসেন ও সুলতানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আতিকুর রহমান খলিলকে সাসপেন্ড করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাহিদা বেগম বলেন, অফিসের জনবল সংকট এবং বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এছাড়া প্রধান শিক্ষকের শূন্য পদের জন্য সহকারী শিক্ষকদের কাছ থেকে আবেদন নেওয়া হয়েছে, যা প্রক্রিয়াধীন রয়েছে ।
সাহিদা বেগম আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, ক্লাসরুমে শিক্ষক ও শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতে তিনি জোরালোভাবে কাজ করছেন।