নেত্রকোনা প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৪:২৯ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৩০ পিএম
নেত্রকোনায় নাজু আক্তার নামে সাবেক এক স্ত্রীকে শ্বাসরোধে হত্যা ঘটনার ৭ দিন পর পুলিশ নুরুল আমিনকে গ্রেপ্তার করে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নেত্রকোনায় নাজু আক্তার (৩৪) নামে সাবেক এক স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে মাটি চাপা দিয়ে স্বাভাবিক জীবনযাপন করছিলেন স্বামী নুরুল আমিন।
এ ঘটনায় নাজু আক্তারের ভাইয়ের করা একটি জিডির
সূত্র ধরে তদন্তে নামে পুলিশ। একপর্যায়ে ঘটনার ৭ দিন পর রহস্য উন্মোচিত হয়েছে। স্বামী
নুরুল আমিনকে আটক করে জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যমতে, শুক্রবার সন্ধ্যারাতে নাজু
আক্তারের মাটি চাপা দেওয়া মরদেহ উত্তোলন করা হয়েছে।
নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের নগুয়া
গ্রামে ঘটেছে চাঞ্চল্যকর এমন ঘটনাটি।
নাজু আক্তার নেত্রকোনা পৌর শহরের কাটলী এলাকার
মৃত ইসলাম উদ্দিনের মেয়ে।
স্বজনরা জানান, প্রায় বছরখানেক আগে নুরুল
আমিন ও নাজু আক্তারের বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদ হওয়ার পর আদালতে ধর্ষণ মামলাও চলছে।
এছাড়া আরেক মামলার রায়ে স্ত্রীকে খরপোশ দিয়ে
আসছিলেন নুরুল আমিন। কিন্তু গত তিন মাস ধরে খরপোশের টাকা না দেওয়ায় গত ১৮ সেপ্টেম্বর
সন্ধ্যারাতে নাজু আক্তার টাকার জন্য নুরুল আমিনকে ফোন দেন। এ সময় নুরুল আমিন টাকা দেওয়ার
কথা বলে নেত্রকোনা শহর থেকে নাজু আক্তারকে নগুয়া গ্রামে নিয়ে যান। গ্রামে পৌঁছে নদীর
তীরে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে মাটিতে পুঁতে রাখেন এবং নাজু আক্তারের সঙ্গে থাকা
মোবাইল ফোন, ব্যানিটিব্যাগসহ অন্যান্য জিনিসপত্র গ্রামের শ্মশানের পাশে মাটির নিচে
পুঁতে রাখেন।
এদিকে নাজু আক্তার নিখোঁজ হওয়ার পর
গত ২২ সেপ্টেম্বর তার ভাই শুভ মিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর নিখোঁজের
বিষয়টি নিয়ে তদন্তে নামে পুলিশ। একপর্যায়ে গত শুক্রবার দুপুরে নিহতের স্বামী নুরুল আমিনকে পুলিশ হেফাজতে
নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে নুরুল আমিন হত্যার বিষয়ে বিস্তারিত তথ্য
দেন। তার স্বীকারোক্তি মোতাবেক তাকে সঙ্গে নিয়ে তার দেখানো স্থান থেকে নাজু আক্তারের
লাশ উদ্বার এবং হত্যায় ব্যবহৃত আলামত জব্দ করে পুলিশ।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) আবুল খায়ের জানান, মরদেহটি উত্তোলনের পর ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল
মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় থানায় নিহতের ভাই বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি
চলছে।