মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০২ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৪:১১ পিএম
লেবুঘাস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ধানের পাতার মতো সরু-লম্বা পাতা। কাছে গেলেই নাকে আসে লেবুর সতেজ সুবাস। দূর থেকে সাধারণ ঘাস মনে হলেও বহুমুখী ব্যবহার ও বাজারমূল্যের কারণে পাহাড়ে সম্ভাবনাময় ফসল হয়ে উঠছে লেমন গ্রাস বা লেবুঘাস।
রান্নার উপকরণ হিসেবে পরিচিত এই সুগন্ধি ঘাস এখন ব্যবহৃত হচ্ছে ভেষজ চা, বিভিন্ন পানীয়, প্রসাধনী, সাবান ও সুগন্ধি পণ্য তৈরিতে।
স্বাস্থ্যসচেতন মানুষের আগ্রহ এবং ভেষজ পণ্যের বাজার বাড়ায় দেশে লেবুঘাস চাষেও তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা সদর থেকে প্রায় চার কিলোমিটার দূরে দক্ষিণ মুসলিমপাড়ায় গিয়ে দেখা যায় সেই সম্ভাবনার বাস্তব চিত্র।
আমবাগানের ফাঁকে ফাঁকে সারি সারি লেবুঘাস। বাতাসে ভেসে বেড়াচ্ছে লেবুর মতো মিষ্টি ঘ্রাণ।
উদ্যোক্তা ফোরকান উদ্দিন মাত্র ১০টি টবের চারা দিয়ে লেবুঘাসের চাষ শুরু করেন। শখের চাষ পেরিয়ে এখন তার লক্ষ্য বাণিজ্যিক উৎপাদন।
ব্যবসার সুবাদে পাহাড়ে আসা ফোরকানের বাড়ি চট্টগ্রামে। বিদেশে পড়াশোনার সময় ভিক্টোরিয়া ইন্টারন্যাশনাল কলেজ থেকে কুলিনারি আর্টসে ডিগ্রি অর্জন করেন তিনি।
মালয়েশিয়ায় অবস্থানকালে বিভিন্ন খাবারে লেবুঘাসের ব্যাপক ব্যবহার তার নজর কাড়ে। বিশেষ করে থাই স্যুপে এর স্বাদ ও সুবাস তাকে আকৃষ্ট করে।
সেখান থেকেই দেশে ফিরে সুযোগ পেলে লেবুঘাস চাষের আগ্রহ তৈরি হয় তার।
২০২৩ সালের জুনে ৪০ জাতের প্রায় দুই হাজার আমগাছ দিয়ে বাগান শুরু করেন ফোরকান। গত বছর প্রায় ১০ টন আম বিক্রি করেন বলে দাবি করেন তিনি।
বর্তমানে বারি-৪, গৌরমতি, বানানা ম্যাংগো ও আম্রপালিসহ দেশি-বিদেশি নানা জাতের আম চাষ করছেন। প্রায় পাঁচ একরজুড়ে রয়েছে ডগমাই, কিং অব চাকাপাত, চিয়াংমাই, মিয়াজাকি, সূর্যডিম, ব্রুনাই কিং, রেড পালমার, বারি-১১, কাটিমন, আশ্বিনী ও হাড়িভাঙাসহ বিভিন্ন জাতের আম।

একই বছর ঢাকায় জাতীয় বৃক্ষমেলা থেকে ১০টি টবের লেবুঘাসের চারা সংগ্রহ করেন তিনি। প্রতিটির দাম ছিল ৫০ টাকা। পরে আমবাগানের ফাঁকা জায়গায় সাথি ফসল হিসেবে চারা লাগাতে শুরু করেন।
সব লেবুঘাস একসঙ্গে সংগ্রহ করা হলে প্রায় তিন টন ফলন পাওয়ার প্রত্যাশা করছেন তিনি।
বর্তমানে বাজারে প্রতি কেজি তাজা লেবুঘাস ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বিক্রি হয় বলে জানান ফোরকান।
ফোরকান উদ্দিন বলেন, “থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও চীন ভ্রমণের সময় লেবু ঘাসের ব্যাপক ব্যবহার দেখেছি। বাংলাদেশেও চা, পানীয়, প্রসাধনী ও সুগন্ধি তৈরিতে এর বড় বাজার গড়ে তোলার সুযোগ রয়েছে।”
কম পরিচর্যায় উৎপাদন করা যায় বলে বাণিজ্যিকভাবে এটি লাভজনক ফসল হতে পারে উল্লেখ করে তিনি বলেন, “ভবিষ্যতে প্রায় দশ একর জমিতে চাষ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। দেশের বাজারের পাশাপাশি প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানিরও সম্ভাবনা দেখছি।”
তিনি আরও বলেন, “লেবুঘাসের ধানের পাতার মতো দেখতে অংশে ঘ্রাণ তুলনামূলকভাবে কম। তবে গাছের মূল কাণ্ড বা ডাঁটার অংশে ঘ্রাণ অনেক বেশি তীব্র ও সুগন্ধযুক্ত পাতার তুলনায় প্রায় শতভাগ বেশি।”
ফোরকানের উদ্যোগ শুধু লেবুঘাস চাষেই সীমাবদ্ধ নেই। বাগান থেকে সংগ্রহ করা তাজা পাতা ও ডাঁটা সরাসরি বিক্রি করছেন তিনি।
পাশাপাশি আধুনিক স্মার্ট ড্রায়ারে লেমন গ্রাস শুকিয়ে বাজারজাত করার পরিকল্পনাও করছেন তিনি।
মাটিরাঙ্গার উদ্যানতত্ত্ববিদ মো. আব্দুল্লাহ আল মাসুম বলেন, “রান্নার পাশাপাশি ভেষজ চা, পানীয়, প্রসাধনী ও সুগন্ধি শিল্পে লেবুঘাসের ব্যবহার রয়েছে। সঠিক পরিচর্যা ও বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এটি কৃষকের বাড়তি আয়ের উৎস হতে পারে।”
মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদ বলেন, “লেবু ঘাস উষ্ণ আবহাওয়ায় ভালো জন্মে। পাহাড়ি এলাকার অনেক জমিতেই এর চাষের সম্ভাবনা রয়েছে।”
বাগানের ফাঁকা জায়গায় সাথি ফসল হিসেবে এটি চাষ করা যেতে পারে উল্লেখ করে তিনি সতর্ক করে বলেন, “বড় পরিসরে চাষের আগে জাত, উৎপাদন খরচ, ফলন ও বাজারজাতকরণের বিষয়ে যথাযথ পরামর্শ নেওয়া জরুরি।”
মাটিরাঙ্গার দক্ষিণ মুসলিমপাড়ার আমবাগানে তাই এখন শুধু আমের মৌসুমের অপেক্ষা নয়। সরু পাতার আড়ালে তৈরি হচ্ছে নতুন কৃষি সম্ভাবনা।
বাতাসে ছড়িয়ে পড়া লেবুর সুবাস যেন জানান দিচ্ছে, পাহাড়ের মাটিতেও লেখা যায় নতুন ফসলের গল্প।