× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সখীপুরে এখনও টিকে আছে মাটির ঘর

সাজ্জাত লতিফ, সখীপুর (টাঙ্গাইল)

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৩:০৯ পিএম

সখীপুরের গ্রামাঞ্চলে মাটির ঘর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সখীপুরের গ্রামাঞ্চলে মাটির ঘর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মাটির দেয়াল, মেঝে লেপা, ঈদ বা যেকোনো উৎসবের আগে নতুন করে ঘর সাজানোর আনন্দ- এক সময় গ্রামীণ জীবনের সঙ্গে নিবিড় ভাবে জড়িয়ে ছিল মাটির ঘর। প্রজন্মের পর প্রজন্ম এসব ঘরেই কেটেছে মানুষের শৈশব, সংসার ও জীবনের নানা অধ্যায়।

সময়ের সঙ্গে মানুষের জীবনযাত্রায় এসেছে পরিবর্তন। টিনের ঘর পেরিয়ে পাকা ভবনের বিস্তারে সখীপুরের গ্রামাঞ্চল থেকেও ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সেই চেনা মাটির ঘর।

তবে সবকিছু বদলে গেলেও কোথাও কোথাও এখনও টিকে আছে মাটির সেই ঘর। কারও কাছে সেটি বসবাসের শেষ আশ্রয়, আবার কারও কাছে পূর্বপুরুষের রেখে যাওয়া স্মৃতি।

সখীপুরের গজারিয়া ইউনিয়নের পাথারপুর গ্রামের ৭৫ বছর বয়সী আনোয়ারা খাতুন এখনও স্বামীর রেখে যাওয়া মাটির ঘরেই বসবাস করছেন। ৩০ বছরেরও বেশি সময় ধরে এই ঘর তার ঠিকানা। প্রায় ২০ বছর আগে স্বামী মারা গেলেও ঘরটি ছেড়ে যাননি তিনি। জীবনের দীর্ঘ সময়ের সুখ-দুঃখ, হাসি-কান্নার অনেক স্মৃতি মিশে আছে এই ঘরে।

কালিয়া ইউনিয়নের দামিয়া গ্রামের তৌহিদুল ইসলাম তার বাবার রেখে যাওয়া দুতলা মাটির ঘরটি এখনও সাজিয়ে গুছিয়ে স্মৃতি হিসেবে ধরে রেখেছেন। বৃষ্টিতে বা অন্য কোনো কারণে নষ্ট হলে সঙ্গে সঙ্গে লেপ পোজ দিয়ে ঠিকঠাক করে রাখেন। বাবার স্মৃতি যাতে ম্লান না হয়ে যায়, এজন্যই সাধ্য থাকা সত্যেও সেটি তিনি সযত্নে দাঁড় করে রেখেছেন।

হতেয়া রাজাবাড়ী ইউনিয়নের হতেয়া গ্রামের ৭০ বছর বয়সী আনোয়ারা বেগমের জীবনেও মাটির ঘরের গল্পটা প্রায় একই ধরনের। মৃত রমিজ উদ্দিনের স্ত্রী আনোয়ারা বেগম সারা জীবন কাটিয়েছেন মাটির ঘরে। স্বামী মারা যাওয়ার এক যুগেরও বেশি সময় চলে গেছে। তবু জীবনের শেষ সময়টুকুও তিনি কাটাচ্ছেন সেই পুরোনো ঘরেই। তার বড় মেয়ে নাজমা আক্তার জানান, মাটির ঘরটি শুধু একটি বসতঘর নয়- এটি তার মায়ের আনন্দ- বেদনার সাথী।

সখীপুর উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, মাটির ঘরে বসবাসকারী পরিবারের সংখ্যা খুব বেশি নয়। করটিয়াপাড়া, কাকড়াজান, হতেয়া, পাথারপুর, কচুয়া, বড়চওনা, ছোট মৌশাসহ বিভিন্ন এলাকায় এখনও কিছু মাটির ঘর রয়েছে। কোনো ঘরে এখনও মানুষের বসবাস, কোনোটি পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। আবার কোনো পরিবার পূর্বপুরুষের স্মৃতি ধরে রাখতে পুরোনো ঘরটি ভেঙে নতুন ঘর নির্মাণ করেননি।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, একসময় সখীপুরের গ্রামাঞ্চলের চেনা দৃশ্যই ছিল মাটির ঘর। বাপ-দাদার রেখে যাওয়া ঘরেই পরবর্তী প্রজন্ম বসবাস করতেন। মাটির দেয়াল ছিল পুরু ও মজবুত। গরমের দিনেও এসব ঘরের মধ্যে তুলনামূলক ঠাণ্ডা থাকত। কোথাও কোথাও তৈরি করা হতো দুইতলা মাটির ঘর। কাঠের সিঁড়ি দিয়ে সেই ঘরের ওপরের তলায় ওঠানামা করতেন পরিবারের সদস্যরা। স্থানীয়ভাবে মাটির ঘর ‘কোঠা ঘর’ নামেও পরিচিত ছিল।

সখীপুরের গ্রামাঞ্চলে মাটির ঘর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

এসব ঘর তৈরিতেও ছিল ঐতিহ্যবাহী নির্মাণ কৌশল। মাটির সঙ্গে তুষ ও চুনা মিশিয়ে কাঠের খুঁটির ওপর স্তরে স্তরে মাটি লেপে দেয়াল তৈরি করা হতো। সময়ের সঙ্গে সেই নির্মাণপ্রক্রিয়াও ধুয়াশা হয়ে আসছে। পাথারপুর গ্রামের কৃষক লাল মিয়া বলেন, আমাদের বাড়িতে বাপ-দাদার আমল থেকেই মাটির ঘরে বসবাস করতাম। বর্তমানে আমরা টিনের ঘরে থাকি। আমার মা এখনও মাটির ঘরেই থাকেন। বাপ-দাদার স্মৃতি রক্ষার জন্য ঘরটি রেখে দিয়েছি। আমার মা মাটির ঘরে থাকতেই বেশি পছন্দ করেন।

ছোট মৌশা গ্রামের কৃষক শহিদুল ইসলাম বলেন, আমার জন্মের পর থেকেই দেখে আসছি, আমার বাবা-মা মাটির ঘরে থাকতেন। আমাদের পারিবারিক ও সংসারের সব সুখ-দুঃখের কেন্দ্রবিন্দু ছিল এই মাটির ঘর। ঈদ আসার আগে আম্মা-আব্বাকে দেখতাম পুরো ঘরটি নতুন করে লেপে দিতে। প্রতিবছর ঈদের আনন্দের সঙ্গে মাটির ঘরটিও যেন আরও প্রাণচঞ্চল হয়ে উঠত।

সখীপুর সরকারি কলেজের ভূগোল বিষয়ের প্রভাষক নাছিমা আক্তার বলেন, মাটির ঘর আমাদের গ্রামাঞ্চলের মানুষের কাছে খুবই জনপ্রিয় ছিল। আগেকার দিনে যখন টিনের ঘর ও দালানকোঠার প্রচলন ছিল না, তখন মানুষ মাটির ঘরেই বসবাস করত। গ্রামাঞ্চলের মানুষের প্রবাহমান জীবনের গতিধারায় মাটির ঘর একটি অবিচ্ছেদ্য অংশ। বর্তমানে মাটির ঘর তেমন একটা চোখে না পড়লেও বিভিন্ন জায়গায় এখনও কেউ কেউ এসব ঘরে বসবাস করছেন। মাটির ঘরকে কেন্দ্র করে তাদের জীবনের সুখ-দুঃখের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে।

একসময় যে মাটির ঘর ছিল গ্রামের মানুষের নিত্যদিনের ঠিকানা, এখন সেটিই হয়ে উঠেছে বিরল দৃশ্য। আধুনিকতার চাপে হারিয়ে যেতে বসা এসব ঘর তাই শুধু মাটি, তুষ আর চুনে তৈরি কোনো স্থাপনা নয়; এগুলোর সঙ্গে জড়িয়ে আছে বহু পরিবারের শৈশব, যৌবন, সংসার, উৎসব আর প্রজন্মের স্মৃতি। সখীপুরে টিকে থাকা সেই অল্প কিছু মাটির ঘর যেন হারিয়ে যাওয়া গ্রামীণ জীবনের নীরব সাক্ষী।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা