× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিকের পাঠদান

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪২ পিএম

পরিত্যাক্ত কামালের বার্ত্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষের ছাদ। ফাইল ছবি

পরিত্যাক্ত কামালের বার্ত্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষের ছাদ। ফাইল ছবি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্ত্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থীকে এখন ভোরের আলো ফোটার আগেই ছুটতে হচ্ছে বিদ্যালয়ে।

সকাল সাড়ে ৬টায় শুরু হচ্ছে ক্লাস, শেষ করতে হচ্ছে মাত্র সাড়ে তিন ঘণ্টায়। কারণ, সকাল ১০টা থেকেই একই শ্রেণিকক্ষে শুরু হয় মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান।

এতে কমে গেছে প্রাথমিকের ক্লাসের সময়, ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম।

প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় গত দুই মাস ধরে পাশের কেবি মডেল সেসিপ উচ্চ বিদ্যালয়ে চলছে প্রাথমিকের পাঠদান।

এ কারণে প্রতিদিন ভোরে বিদ্যালয়ে আসতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। অনেক শিক্ষার্থী না খেয়েই ক্লাসে অংশ নিচ্ছে বলে জানিয়েছেন অভিভাবকেরা।

সরেজমিনে দেখা যায়, কেবি মডেল উচ্চ বিদ্যালয়ের একটি ভবনে প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস চলছে। সকাল সাড়ে ৬টায় শুরু হয়ে সব ক্লাস শেষ করতে হচ্ছে সকাল ৯টা ৪৫ মিনিটের মধ্যে। স্বাভাবিক সময়ে প্রতিটি ক্লাসে প্রায় ৫০ মিনিট সময় দেওয়ার কথা থাকলেও এখন দেওয়া হচ্ছে মাত্র ৩০ মিনিট। এতে পাঠ্যসূচি শেষ করা নিয়ে চাপে পড়েছেন শিক্ষকরা।

ক্লাসের সময় কমে যাওয়ার পাশাপাশি জায়গা ও সময়ের সংকটে নিয়মিত সমাবেশ, জাতীয় সংগীত পরিবেশন ও খেলাধুলা থেকেও বঞ্চিত হচ্ছে শিশুরা। দ্রুত নিজ বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।

বিদ্যালয় সূত্র জানায়, ২০০০ সালে নির্মিত ভবনটি দীর্ঘদিনের পুরোনো হওয়ায় বিভিন্ন অংশ জরাজীর্ণ হয়ে পড়ে। প্রায় দুই মাস আগে ক্লাস চলাকালে ভবনের ছাদে বিকট শব্দ হলে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিভিন্ন স্থানে ফাটল দেখা দেওয়ায় নিরাপত্তার কথা বিবেচনা করে সেখানে পাঠদান বন্ধ করা হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল বলেন, ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান বন্ধ রেখে পাশের বিদ্যালয়ে ক্লাস নেওয়া হচ্ছে। দ্রুত নতুন ভবন নির্মাণ করা না হলে শিক্ষার্থীদের পড়াশোনায় বড় ধরনের সমস্যা তৈরি হবে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান রেজাউল করিম বলেন, ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শনের পর সেখানে পাঠদান বন্ধ করে বিকল্প হিসেবে কেবি মডেল উচ্চ বিদ্যালয়ে ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

বিদ্যালয়ের জন্য অস্থায়ী ঘর নির্মাণে ৮ লাখ ৬১ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। ঘরটি নির্মাণ হলে নিজস্ব বিদ্যালয়ে পূর্ণ সময়ের পাঠদান শুরু করা সম্ভব হবে বলেও জানান তিনি।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান বন্ধ রাখা হয়েছে। আপাতত বিকল্প বিদ্যালয়ে পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। অস্থায়ী ঘর নির্মাণের পাশাপাশি দ্রুত নতুন ভবন নির্মাণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।”

অভিভাবকদের দাবি, অস্থায়ী ঘর নির্মাণের কাজ দ্রুত শেষ করার পাশাপাশি স্থায়ীভাবে বিদ্যালয়ের নিজস্ব জায়গায় নতুন ভবন নির্মাণ করা হোক।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা