× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নৌপথ যেন শুধুই স্মৃতি

সাইফুল হক মোল্লা দুলু, মধ্যাঞ্চল

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৮ এএম

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫৫ পিএম

কিশোরগঞ্জের কটিয়াদীর সিংগুয়া নদীর ধুলদিয়া ঘাটে নদী শুকিয়ে যাওয়ায় মালবাহী নৌকাগুলো আটকা পড়ে আছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের কটিয়াদীর সিংগুয়া নদীর ধুলদিয়া ঘাটে নদী শুকিয়ে যাওয়ায় মালবাহী নৌকাগুলো আটকা পড়ে আছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের হাওরে একসময় ভোর মানেই ছিল বৈঠার ছলাৎছল, ঘাটে নৌকার ভিড় আর দূরপথের লঞ্চের হর্ন। নদীর বুক চিরে কৃষকের ধান যেত বাজারে, নৌপথে পৌঁছত মাছ ও নিত্যপণ্য; মানুষের জীবনও চলত নদীর স্রোতের সঙ্গে তাল মিলিয়ে। এখন সেই দৃশ্য অনেকটাই উধাও।

কোথাও নদীর বুকে জেগেছে চর, কোথাও কাশবন-ধানক্ষেত, কোথাও আবার সরু জলধারা কেবল নদীর পুরনো অস্তিত্বের সাক্ষী। পলি জমে তলদেশ ভরাট, দখল-ভরাটে সংকুচিত নদী আর দীর্ঘদিনের অযত্নে কিশোরগঞ্জের বিস্তীর্ণ নৌপথ আজ মৃতপ্রায়। যে নদী একসময় মানুষ ও পণ্য বহন করত, সেই নদীর বুকেই এখন হাঁটে মানুষ। ফলে নৌপথ হারিয়ে বাড়ছে মানুষের ভোগান্তি, ব্যয় ও কৃষির ঝুঁকি। নদী হারানোর সঙ্গে যেন নীরবে হারিয়ে যাচ্ছে একটি নদীমাতৃক জনপদের চেনা জীবন।

কিশোরগঞ্জের বিস্তীর্ণ হাওরাঞ্চলসহ ১৩ উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র, ঘোড়াউত্রা, ধনু, মেঘনা, আড়িয়াল খাঁ, ধলেশ্বরী, কালনী, নরসুন্দা, সিঙ্গুয়া ও সোয়াইজনি একসময় এ অঞ্চলের কৃষি, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু নাব্যতা হারিয়ে বর্তমানে অধিকাংশ নদীই খাল-বিলে রূপ নিয়েছে।

ব্রহ্মপুত্রের শাখা নদী নরসুন্দা হোসেনপুর উপজেলা থেকে প্রবাহিত হয়ে কিশোরগঞ্জ শহরের মধ্য দিয়ে ইটনার চৌগাঙ্গায় ধনু নদে গিয়ে মিশেছে। প্রায় ৫৮ কিলোমিটার দীর্ঘ এ নদী একসময় ছিল নৌ-যোগাযোগের অন্যতম প্রধান পথ। কিন্তু দীর্ঘদিন খনন না হওয়ায় পলি জমে নদীটির গভীরতা কমে গেছে। কোথাও কোথাও চর জেগে ওঠায় নৌ চলাচল প্রায় বন্ধ। 

কিশোরগঞ্জ শহরের মধ্য দিয়ে প্রবাহিত অংশটিও দখল ও ভরাটের কারণে তার স্বাভাবিক প্রবাহ হারিয়েছে। যদিও ২০১২ সালে নরসুন্দা শোভাবর্ধক প্রকল্পের নামে ১১০ কোটি টাকায় একটি প্রকল্প বাস্তবায়ন করা হয়। সেই প্রকল্পে উদ্ধারকৃত ৩০০ কোটি টাকার ভূমি আবারও নদীখেকোরা দখল করে দোকানপাট, ঘরবাড়ি বানিয়ে নির্বিঘ্নে জীবনযাপন করছেন। প্রকল্পের স্থাপনার দুটি দৃষ্টিনন্দন সেতুতে স্থায়ী বাজার বসে। ওয়াচ টাওয়ার থেকে গুরুদয়াল সরকারি কলেজ পর্যন্ত এক বর্গকিলোমিটার এলাকাজুড়ে প্রায় দেড় হাজার দোকান স্থাপন করে বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যবসা করছেন রাজনৈতিক প্রভাবশালীরা। 

এদিকে ব্রহ্মপুত্র নদ জামালপুর দিয়ে কিশোরগঞ্জে প্রবেশ করে ময়মনসিংহ ও নরসিংদীর ওপর দিয়ে ভৈরবের কাছে মেঘনায় গিয়ে মিশেছে। একসময় এ নদ ছিল এ অঞ্চলের মানুষের যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যের অন্যতম প্রধান মাধ্যম। এ নদ দিয়ে গফরগাঁও, হোসেনপুরসহ বিভিন্ন এলাকার প্রায় ৪০টি বাজার ও মোকামে নৌপথে মালামাল পরিবহন করা হতো।

বর্তমানে হোসেনপুর অংশে নাব্যতা হারিয়ে চর জেগে ওঠায় নদটি অনেকটাই মরা নদে পরিণত হয়েছে। নৌযান চলাচল বন্ধ হওয়ায় নদের তীরের বহু বাজার ও মোকামের ব্যবসা-বাণিজ্যেও বিরূপ প্রভাব পড়েছে।

কটিয়াদী উপজেলার আড়িয়াল খাঁ নদী কটিয়াদী থেকে উজানচর ও বাজিতপুর হয়ে ভৈরবের কাছে মেঘনায় গিয়ে মিশেছে। একসময় এ নদী দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে পণ্য পরিবহন করা হলেও নাব্য সংকটে বর্তমানে বড় অংশ অচল। ফলে ব্যবসায়ীদের সড়কপথে পণ্য পরিবহনে ব্যয় বাড়ার পাশাপাশি সময়ও বেশি লাগছে। 

হবিগঞ্জের খোয়াই, মৌলভীবাজারের মনু এবং সিলেটের সুরমা-কুশিয়ারা নদীর প্রবাহ কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও সুনামগঞ্জের দিরাই এলাকার মোহনায় এসে কালনী নদী নামে পরিচিত। একসময় কালনী-দিরাই নৌপথ ছিল হাওরের মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম। বর্তমানে নাব্যতা সংকটে নৌপথটি প্রায় বন্ধ। ফলে হাওরের বিভিন্ন এলাকার মানুষকে দীর্ঘপথ ঘুরে বিকল্প পথে যাতায়াত করতে হচ্ছে। 

আরও পড়ুন
নদীর বুকেই দাঁড়িয়ে নগর

মিঠামইন উপজেলার সুরমা নদীর নাব্যতা কমে যাওয়ায় হাওরের বিস্তীর্ণ এলাকার সঙ্গে অষ্টগ্রাম উপজেলার আদমপুর পর্যন্ত নৌ-যোগাযোগও ব্যাহত হচ্ছে। ফলে হাওরের প্রায় ৫০টি বাজার ও মোকামে নৌপথে পণ্য পরিবহন কঠিন হয়ে পড়েছে।

নদীর নাব্যতা কমে যাওয়ার প্রভাব শুধু নৌ-যোগাযোগেই সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে হাওরের কৃষিও। উজান থেকে নেমে আসা পানির সঙ্গে প্রতি বছর বিপুল পরিমাণ পলি এসে নদীর তলদেশে জমা হচ্ছে। দীর্ঘদিন ড্রেজিং না হওয়ায় নদীর গভীরতা কমে তলদেশ উঁচু হয়ে গেছে। ফলে বর্ষায় নদীর পানি দ্রুত উপচে আশপাশের হাওরে প্রবেশ করে। এতে আগাম বন্যার ঝুঁকি বাড়ছে। বোরো ধান কাটার আগেই হাওরে পানি ঢুকে পড়লে কৃষকদের কোটি কোটি টাকার ফসল নষ্ট হয়। নদীর নাব্যতা কমে যাওয়ায় পানি নিষ্কাশনও বাধাগ্রস্ত হচ্ছে।

আবহাওয়াগত পরিবর্তনেও পরিস্থিতি জটিল হচ্ছে। কোনো কোনো বছর পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় নদী ও হাওরে প্রয়োজনীয় পানি থাকে না। আবার কোনো বছর দীর্ঘস্থায়ী বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। বর্ষার পানির স্থায়িত্ব কমে গেলে কৃষকদের সেচের জন্য ভূগর্ভস্থ পানির ওপর নির্ভর করতে হয়।

কিশোরগঞ্জের নদ-নদীগুলো দীর্ঘদিন ধরে নিয়মিত খনন বা ড্রেজিংয়ের আওতায় না আসায় পলি জমে গভীরতা ক্রমেই কমছে। নদী দখল ও ভরাটও পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। হাওরাঞ্চলে কৃষিপণ্য, ধান, মাছসহ বিভিন্ন মালামাল নৌযানে কম খরচে পরিবহন করা হতো। এখন শুষ্ক মৌসুমে অধিকাংশ নৌপথ অচল হয়ে যাওয়ায় সড়কপথই একমাত্র ভরসা। এতে সাধারণ মানুষের যাতায়াত ব্যয় বেড়েছে এবং কৃষিপণ্য পরিবহনেও বাড়তি খরচ হচ্ছে। একসময় যেসব নদীপথ ছিল কর্মচঞ্চল, এখন সেসব স্থানেই দেখা যায় নীরবতা।

কিশোরগঞ্জের অষ্টগ্রামের গুরুত্বপূর্ণ নদী ধলেশ্বরী। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ধলেশ্বরী মেঘনা নদীর একটি শাখা এবং অষ্টগ্রামে মেঘনা থেকে এর উৎপত্তি। ধলেশ্বরী ছিল অষ্টগ্রামসহ হাওরাঞ্চলের মানুষের নৌ-যোগাযোগের অন্যতম প্রধান পথ। বর্ষায় লঞ্চ, ট্রলার ও বড় নৌকা চলাচল করত এ নদীতে। কিন্তু বছরের পর বছর পলি জমে নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ায় ধলেশ্বরী তার নাব্যতা হারিয়েছে। কোথাও নদীর বুকে চর জেগেছে, কোথাও শুকিয়ে গিয়ে ফসলের জমিতে পরিণত হয়েছে। ফলে যে নদী একসময় নৌযানের পথ ছিল, এখন সেই নদীর বুকেই দেখা যায় সবুজ ফসলের মাঠ।

অষ্টগ্রামের বিল মাকসা নদীও এখন শুকিয়ে গেছে। নাব্যতা কমায় এখন তার স্বাভাবিক প্রবাহ নেই। একই অবস্থা মিঠামইনের গাইরা নদীর। স্থানীয়দের কাছে একসময় পরিচিত ও গুরুত্বপূর্ণ এই নদীর অস্তিত্বই এখন অনেকটা হারিয়ে গেছে। 

স্থানীয়দের ভাষ্য, একসময় হাওরের বিভিন্ন প্রান্তে লঞ্চ চলাচল ছিল স্বাভাবিক ঘটনা। বাজার, হাট, উপজেলা সদর কিংবা জেলা শহরে যেতে মানুষ লঞ্চ ও ট্রলার ব্যবহার করত। এখন নদীপথ সংকুচিত হওয়ায় সেই যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে।

নদীপথ বন্ধ হয়ে যাওয়ার সবচেয়ে বড় প্রভাব পড়েছে সাধারণ যাত্রী ও ব্যবসায়ীদের ওপর। যে পথে আগে সরাসরি গন্তব্যে যাওয়া যেত, এখন সেখানে বিকল্প পথে মেঘনা নদী ব্যবহার করতে হচ্ছে। ফলে যাতায়াতের দূরত্ব, সময় ও খরচ সবই বেড়েছে। 

হাওরাঞ্চলের মানুষের কাছে নৌপথ শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি ছিল জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ। বর্ষা শুরু হলেই হাওরের বিস্তীর্ণ জলরাশি নৌপথে পরিণত হতো। লঞ্চ, ট্রলার ও নৌকার আনাগোনায় ব্যস্ত হয়ে উঠত বিভিন্ন ঘাট।

কুলিয়ারচর থেকে অষ্টগ্রাম পর্যন্ত লঞ্চ চলাচল ছিল গুরুত্বপূর্ণ নৌ-যোগাযোগব্যবস্থা। সরকারি তথ্যেও কুলিয়ারচর-অষ্টগ্রাম নৌপথে নিয়মিত লঞ্চ চলাচলের উল্লেখ রয়েছে।

কুলিয়ারচর উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, নৌপথে অষ্টগ্রাম, মিঠামইন ও ইটনা উপজেলার সঙ্গে যাত্রী ও পণ্য পরিবহনের যোগাযোগ ছিল। লঞ্চ, ট্রলার, কার্গোসহ বিভিন্ন নৌযান এ পথে চলাচল করত। কিন্তু বর্তমানে আগের সেই বিস্তৃত নৌ-যোগাযোগ নেই। ভরা বর্ষাতেও দুয়েকটি নৌপথ ছাড়া অধিকাংশ পথেই লঞ্চ চলাচল বন্ধ থাকে।

কুলিয়ারচর, চামড়াঘাট, বালিখলা ঘাট, আদমপুর ও আবদুল্লাহপুর একসময় হাওরাঞ্চলের গুরুত্বপূর্ণ নৌ-যোগাযোগ কেন্দ্র ছিল। এসব ঘাট দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করত। ব্যবসায়ীরা নৌযানে করে মালামাল আনা-নেওয়া করতেন। এখন নাব্যতা সংকটে অনেক ঘাটের কার্যক্রম সীমিত হয়েছে। কোথাও লঞ্চ বন্ধ, কোথাও ট্রলার চলাচলও অনিয়মিত। ফলে ঘাটগুলো আগের সেই কর্মচঞ্চলতা হারিয়েছে। বালিখলা ও চামড়াঘাটে সাম্প্রতিক সময়ে পানি কিছুটা বাড়ালেও এসব ঘাটের যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয়দের দাবি, কিশোরগঞ্জের অর্থনীতি, কৃষি ও যোগাযোগব্যবস্থার সঙ্গে নদ-নদীর সম্পর্ক অত্যন্ত নিবিড়। তাই নদীগুলোকে শুধু অতীতের স্মৃতি হিসেবে রেখে না দিয়ে দ্রুত পরিকল্পিতভাবে খনন ও দখলমুক্ত করে নাব্যতা ফিরিয়ে আনা প্রয়োজন। নদীপথ সচল করা গেলে একদিকে যেমন হাওরাঞ্চলের মানুষের দুর্ভোগ কমবে, অন্যদিকে কৃষি, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতিতেও নতুন গতি ফিরে আসবে।

সচেতন নাগরিক কমিটি সনাকের  সদস্য ফিরোজ উদ্দীন ভূঁইয়া বলেন, “এসব বিষয় রহস্যময়, তাই কোনো মন্তব্য করতে পারছি না। কারণ নদী খননের পর এর গভীরতা ও প্রশস্ততা অর্ধেক হয়ে বড় নালায় পরিণত হয়েছে। জেলাবাসীর দুর্ভাগ্য এত মিছিল, মিটিং, আন্দোলন, মানববন্ধনের পরও নরসুন্দা নদী যেন বড় ড্রেনে পরিণত হয়েছে”।

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন বলেন, “নদীগুলো নাব্যতা হারিয়ে ফেলায় নৌপথে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। নদীপথে জনযোগাযোগ অনেকাংশে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, এ বিষয়ে চিন্তাভাবনা ও জরিপ চলছে। আগামী বছর নতুন কিছু প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের প্রস্তাব রয়েছে”।

হাওর থেকে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, “হাওরের মানুষকে বাঁচাতে এবং প্রধান ফসল বোরো ধান রক্ষায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বন্যার পানির তোড়ে বিলীন হয়ে যাওয়া গ্রাম পুনরুদ্ধারের জন্য নদীগুলোতে নাব্যতা ফিরিয়ে আনার জন্য একাধিক প্রকল্পের প্রস্তাব করা হয়েছে। আশা করি সময়ের ব্যবধানে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা