সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫১ এএম
নিখোঁজের দুই দিন পর শনিবার সকাল ৫টার দিকে বৈদ্যার বাজার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ একই পরিবারের চারজনের মধ্যে তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ।
নিখোঁজের দুই দিন পর শনিবার সকাল ৫টার দিকে বৈদ্যার বাজার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় সামিয়ার মরদেহ ও ৮টার সময় একই স্থানে সজিব এবং সামিনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন সজিব, সামিয়া ও শিশু সামিন। তবে তাদের বাবা হেলাল উদ্দিন এখনো নিখোঁজ রয়েছেন। তার সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকালে কুমিল্লা জেলার শ্রীমন্দী গ্রাম থেকে সোনারগাঁয়ের হাড়িয়া গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ট্রলারে করে গরু-ছাগলসহ ১৩ জন যাত্রী বৈদ্যার বাজারের উদ্দেশ্যে রওনা হয়। পথে মেঘনা নদীর মাঝখানে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে পানিতে ডুবে যায়। এ সময় স্থানীয়দের সহায়তায় আটজন তীরে উঠতে সক্ষম হন। পরে রাশিদা নামে এক নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় হেলাল উদ্দিন, তার ছেলে সজিব, মেয়ে সামিয়া ও শিশু ছেলে সামিন নিখোঁজ ছিলেন।
দুই দিন ধরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ নদীতে উদ্ধার অভিযান চালানোর পর শনিবার সকালে আল মোস্তফা ফ্যাক্টরির সামনে ভাসমান অবস্থায় সজিব, সামিয়া ও শিশু সামিনের মরদেহ উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন হেলাল উদ্দিন। তার মরদেহ উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশের অভিযান চলছে।