রাজু আহমেদ, রাজশাহী
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৮ এএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫৫ পিএম
সময়ের সঙ্গে সেই নদীগুলোর বুকেই বসেছে সড়ক, উড়ালসেতু, ভবন আর নগরায়ণের ভার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
একসময় নদীই ছিল রাজশাহীর প্রাণ ও অর্থনীতির প্রধান চালিকাশক্তি। পদ্মার শাখা নদী বারাহী, স্বরমঙ্গলা, দয়া, নারদসহ অন্তত নয়টি নদীপথ ঘিরে গড়ে উঠেছিল জনপদ, নদীবন্দর, গুদাম ও বাণিজ্যকেন্দ্র। পালতোলা নৌকায় কৃষিজাত ও শিল্পপণ্য ছুটে যেত দূরদূরান্তে। সময়ের সঙ্গে সেই নদীগুলোর বুকেই বসেছে সড়ক, উড়ালসেতু, ভবন আর নগরায়ণের ভার। কোথাও নদী পরিণত হয়েছে ড্রেনে, কোথাও জলাভূমিতে, আবার কোথাও হারিয়ে গেছে মাটির নিচে। একসময়ের স্রোতস্বিনী নদীগুলোর পথরেখা আজও ছড়িয়ে আছে রাজশাহীর নগরজুড়ে, যেন হারিয়ে যাওয়া এক জলসভ্যতার নীরব সাক্ষ্য।
যাত্রী পরিবহন কিংবা পণ্য আনা-নেওয়াÑ রাজশাহীর সঙ্গে যোগাযোগের প্রধান ভরসা এখন মসৃণ আলকাতরার সড়কপথ। অথচ একসময় এই অঞ্চলের প্রাণশক্তি ছিল প্রাকৃতিক জলপথ। রাজশাহী শহরের বুক চিরে তখন দর্পভরে বয়ে যেত দুটি বিশাল নদীÑ বারাহী ও স্বরমঙ্গলা।
সেদিন নানা রঙের পালতোলা নৌকা ঘুরে বেড়াত পদ্মার এই শাখাগুলোতে। আশপাশের জনপদ থেকে আসা সুগন্ধি চাল, পাট, পান, রেশমগুটি আর ঔষধি পণ্য নৌকায় চড়ে পদ্মা হয়ে পৌঁছে যেত দূরদূরান্তেÑ এমনকি সুদূর ইউরোপের বন্দরেও! নদীর তীরে তীরে ছিল গুদাম আর ব্যস্ত নদীঘাট। আজ সেসবই কেবল হলদে হয়ে যাওয়া ইতিহাসের পাতা। অপরিকল্পিত নগরায়ণের নির্মম থাবায় প্রবহমান নদী দুটি বিলীন হলেও রেখে গেছে শুধু আবছা পথরেখা।
অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাওয়া সেই নদীগুলো একটি বারাহী, আরেকটি স্বরমঙ্গলা (রাইচান)। দুটোই ছিল পদ্মার শাখা নদী। প্রবাহিত হতো পৃথকভাবে। বারাহী নদীপথ দিয়ে চলাচল করত নওগাঁ জেলাসহ বাগমারা ও তানোরে উৎপাদিত সরু চাল, পাট আর পানবোঝাই বড় বড় নৌকা। অন্যদিকে স্বরমঙ্গলা নদীপথে চলাচল করত নাটোর জেলাসহ পুঠিয়া, দুর্গাপুর, পবা ও মোহনপুর উপজেলায় উৎপাদিত পান, পাট, কার্পাস তুলা, রেশমগুটি ও নীলের মতো অর্থকরী ফসল। শুধু বারাহী বা স্বরমঙ্গলাই নয়, রাজশাহীর বুক থেকে নয়টি প্রবহমান নদীকে মেরে ফেলা হয়েছে। যার প্রথম আঘাত আসে বন্যানিয়ন্ত্রণের নামে পানি উন্নয়ন বোর্ডের স্লুইসগেট নির্মাণের মাধ্যমে। এরপর স্থানীয় ভূমিদস্যুদের দখলে বিলীন হয় নদীগুলো। নারদ, সন্ধ্যা, স্বরমঙ্গলা, দয়া, বারাহী, হোজা, নবগঙ্গা, চিনারকূপ ও মুসাখান, সব কটিই ছিল পদ্মার শাখা নদী। এ ছাড়া দখল, দূষণ আর মূল নদীর সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় মৃতপ্রায় রাজশাহী বিভাগের আরও অন্তত ৪০ নদনদী।
আবাদি জমি হয়ে ওঠায় এবং আবাসিক ভবন নির্মিত হওয়ার ফলে নদীর অস্তিত্ব খুঁজে পাওয়া এখন দুঃসাধ্য। ললিতাহার থেকে এ নদীরেখা কালুমেড়, বালানগর, পান্তাপাড়া, ঘোলহাড়িয়া, শিরোলিয়া, কাপাশমুল হয়ে ফলিয়ার বিলে পতিত হয়েছে। নদীর এই অংশটি রাইচান নামে পরিচিত। রাইচানের ওপর একাধিক সড়ক সেতু ও কালভার্ট নির্মিত হয়েছে। রামচন্দ্রপুর হাট থেকে নওহাটা অভিমুখী সড়কের ওপর নির্মিত হয়েছে প্রায় ৮০ গজ দীর্ঘ সড়ক সেতু। এটি ফলিয়ার বিল থেকে রাইচান হোজা নদী নাম নিয়ে দুর্গাপুর পৌরশহর হয়ে পানানগর পৌঁছে গেছে। এখান থেকে দমদমা নামক স্থানে এসে হোজা নদী বিলুপ্ত হয়ে গেছে।
বারাহী ও স্বরমঙ্গলা নদী দুটি এখনও বেঁচে আছে বটে, তবে ধুঁকেধুঁকে, কোনোমতে ড্রেনের রূপ নিয়ে। রাজশাহীবাসী এখন প্রমত্তা সেই নদী দুটিকে চেনে ড্রেন হিসেবে! আবাসিক ও বাণিজ্যিক এলাকায় নগরবাসীর ব্যবহৃত বর্জ্য ও বর্জ্যমিশ্রিত দূষিত পানি সেই ড্রেনে গিয়ে পড়ে। যার সংযোগ রয়েছে মূল পদ্মার সঙ্গে।
পদ্মা নদী ও রাজশাহীর ইতিহাস নিয়ে একাধিক বই লিখেছেন নদীগবেষক মাহাবুব সিদ্দিকী। তিনি বলেন, “বারাহী নদী রাজশাহী শহরের মধ্য দিয়ে প্রবাহিত। এটি পদ্মার অন্যতম শাখা নদী। শহরের কুমারপাড়া ও সাহেবগঞ্জের (১৮৫৫ খ্রিস্টাব্দের বন্যা ও নদীভাঙনে সাহেবগঞ্জ মৌজার অধিকাংশই গঙ্গায় বিলীন হয়ে গেছে) মধ্য দিয়ে এবং মন্নুজান প্রাইমারি স্কুলের পশ্চিম পাশ দিয়ে এ নদী প্রবাহিত হয়েছে। এখানে একটি স্লুইসগেট রয়েছে। এখানে বড় ড্রেনের আকৃতি নিয়ে বারাহী নদী সাহেববাজার বড় মসজিদকে পশ্চিমে রেখে জিরো পয়েন্ট অতিক্রম করেছে। এখানে বারাহী নদী এখন পরিচিত এক নম্বর ড্রেন নামে। এরপর তুলাপট্টি, রানীবাজার, ষষ্ঠীতলা এবং নগরভবনের গ্রিন প্লাজার নিচ দিয়ে প্রবাহিত হয়ে এটি গ্রেটার রোড অতিক্রম করেছে। রেললাইনের পাশ দিয়ে এই নদী পূর্বমুখী পথে গোরহাঙ্গা মোড় অতিক্রম করেছে।
“তবে এই অংশটুকু বর্তমানে ভরাট হয়ে গেছে। স্টেশন রোড অতিক্রম করে রেলওয়ে অফিস চত্বরের ভেতর দিয়ে এগিয়ে একপর্যায়ে স্টেডিয়ামের পূর্ব পাশ দিয়ে অগ্রসর হয়ে বিজিবি সেক্টর হেড কোয়ার্টারের মধ্য দিয়ে এটি বড় বনগ্রামে প্রবেশ করেছে। এখানে নদী তীরবর্তী মৌজাটি পবা গাঙপাড়া নামে পরিচিত। অর্থাৎ এলাকাটির নামকরণ হয়েছে বারাহী নামে নদী বা গাঙ থেকে। এরপর বারাহী বড় বনগ্রাম, মুশরইল, কৃষ্ণগঞ্জ, মতিয়ারবিল, সন্তোষপুর, বায়া, সিন্দুরকুসুম্বী হয়ে নওহাটা ব্রিজের সামান্য পশ্চিমে মহানন্দখালী গ্রামে এসে বারনই নদীতে পতিত হয়েছে। বারাহী তীরবর্তী একসময়ের বিখ্যাত নদীবন্দর বায়া এবং কৃষ্ণগঞ্জ। গঙ্গার বিলুপ্ত শাখা বারাহীর চিহ্ন বিজিবি ক্যাম্প থেকে মোহনা অবধি এখনও দৃশ্যমান। রাজশাহী শহরের অধিকাংশ তরল বর্জ্য এখন বহন করছে বারাহী নদী। এর দৈর্ঘ্য ১৫ কিলোমিটার”।
মাহাবুব সিদ্দিকী বলেন, “রাজশাহী শহরের তালাইমারী বিজিবি ক্যাম্পের পার্শ্ববর্তী গঙ্গা থেকে উৎপত্তি স্বরমঙ্গলা (রাইচান) নামে নদীটির। পাশেই শহর রক্ষা বাঁধ। এখানে স্লুইসগেট রয়েছে। স্বরমঙ্গলা এর নিচ দিয়ে কাজলা মহল্লায় প্রবেশ করে অক্ট্রয় মোড়ে এসে মহাসড়ক অতিক্রম করেছে। এরপর বিশ্ববিদ্যালয় এবং রুয়েটের মধ্য দিয়ে সীমান্ত রচনা করে খালের আকৃতি নিয়ে এগিয়ে গেছে। রুয়েটের মধ্য দিয়ে আধা কিলোমিটারব্যাপী নিম্ন জলাভূমিটি রেললাইন পর্যন্ত বিস্তৃত। বর্ষা মৌসুমে এটি নদীর আকৃতি নিয়ে ফিরে আসে। স্থানীয়ভাবে এই স্থান নাওডোবা নামে পরিচিত। কথিত আছে ধনপতি সওদাগরের নৌকা এখানে প্রবল স্রোতের কবলে পড়ে ডুবে যায়। রেললাইন অতিক্রম করে নদীটি (জামালপুর) নামোভদ্রা, নারকেলবাড়িয়া, ললিতাহার হয়ে মহাসড়ক (বাইপাস) অতিক্রম করেছে। উৎস থেকে ললিতাহার পর্যন্ত নদীটি স্বরমঙ্গলা নামে পরিচিত। তবে এই অংশটি অনেককাল আগেই বিলুপ্ত হয়ে গেছে। আবাদি জমি হয়ে ওঠায় এবং আবাসিক ভবন নির্মিত হওয়ার ফলে নদীর অস্তিত্ব খুঁজে পাওয়া এখন দুঃসাধ্য। ললিতাহার থেকে এ নদীরেখা কালুমেড়, বালানগর, পান্তাপাড়া, ঘোলহাড়িয়া, শিরোলিয়া, কাপাশমুল হয়ে ফলিয়ার বিলে পতিত হয়েছে। নদীর এই অংশটি রাইচান নামে পরিচিত। রাইচানের ওপর একাধিক সড়ক সেতু ও কালভার্ট নির্মিত হয়েছে”।
এদিকে স্বরমঙ্গলার শাখা এবং তৎকালীন গঙ্গার অন্যতম প্রশাখা দয়া নামে নদীটির উৎপত্তিস্থল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পশ্চিম দেয়ালসংলগ্ন রুয়েটের সীমানায়। এখান থেকে অর্ধকিলোমিটার পথ পেরিয়ে বিশ্ববিদ্যালয়ের পশ্চিম ও উত্তরের দেয়াল অতিক্রম করার পর রেললাইন। রেললাইনের নিচে দয়া নদীর ওপর ছোট একটি রেলওয়ে কালভার্ট। বিশ্ববিদ্যালয়ের কবরস্থানের পাশ দিয়ে পাকা সড়ক লাগোয়া অনেক দিনের পুরনো নিম্ন জলাভূমিটি আসলে দয়া নদী। মেহেরচণ্ডী কড়াইতলা পর্যন্ত নদীর আকৃতি নিয়ে প্রবাহিত হয়েছে এটি। ২০১৯ খ্রিস্টাব্দে রেললাইনের ওপর দিয়ে উড়াল সেতু নির্মাণের প্রকল্প গ্রহণের পর এ জলাভূমির সম্পূর্ণ অংশ ভরাট হয়ে গেছে। দয়া নদী মেহেরচণ্ডী, খড়খড়ি, ললিতাহার, বামনশিকড়, কুখুণ্ডী, মল্লিকপুর, তেবাড়িয়া, সারাংপুর, শিরোলিয়া হয়ে ঘোলহাড়িয়া গ্রামে এসে রাইচান নদীর সঙ্গে সংযুক্ত হয়েছে। এ নদীর পাড়ে অষ্টাদশ-ঊনবিংশ শতাব্দীতে রেশম শিল্পের একাধিক ছোট ছোট কারখানা গড়ে উঠেছিল।
নদী গবেষক মাহাবুব সিদ্দিকী জানান, ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে নাটোর জেলায় জলাবদ্ধতা ও রোগবালাই বেড়ে যাওয়ায় ব্রিটিশরা মনে করেন জনপদটি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। এ কারণে ১৮২২ সালের দিকে ফৌজদারি ও চিফ জুডিসিয়াল আদালতসমূহ নাটোর থেকে রাজশাহীর বোয়ালিয়ার শ্রীরামপুর ও বুলনপুর মৌজায় প্রতিষ্ঠা করা হয়। এরপর থেকেই রাজশাহী মহানগরী হিসেবে প্রতিষ্ঠা পেতে শুরু করে। তবে শ্রীরামপুর ও বুলনপুর মৌজা পদ্মা তীরবর্তী হওয়ায় এই এলাকায় নির্মিত অনেক ভবন বিভিন্ন বন্যায় নদীতে তলিয়ে যায়। ১৮৫০-এর বন্যা যার মধ্যে উল্লেখযোগ্য। এরপর পদ্মার প্রলয় ঠেকাতে ১৮৫৫ সালের দিকে নদীতীরে বাঁধ নির্মাণ শুরু করা হয়।
১৮৯৫-এর দিকে শহর রক্ষা বাঁধ নির্মাণ করা হলে শহরের ভেতর প্রবাহিত শাখা নদী দিয়ে বড় আকারের নৌকা নিয়ে মূল পদ্মায় প্রবেশ বন্ধ হয়ে যায়। বুলনপুর থেকে তালাইমারী পর্যন্ত পদ্মা তীরে বাঁধ নির্মাণের ফলে শাখা নদীর উৎসমুখে পলি জমতে শুরু করে। এদিকে ১৯২৯ সালের দিকে রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ স্থাপনের ফলে পদ্মা নদীর গুরুত্ব কমতে থাকে। রেল যোগাযোগ ভালোভাবে শুরু হওয়ার পর রামপুর বোয়ালিয়া থেকে পদ্মা নদীপথে ব্যবসা-বাণিজ্য কমে আসে উল্লেখযোগ্য হারে। ট্রেন চালুর ফলে রাজশাহীর সঙ্গে কলকাতার সরাসরি ব্যবসা-বাণিজ্যের দুয়ার উন্মুক্ত হয়।
অন্যদিকে অযত্ন ও অবহেলায় শাখা নদীর সঙ্গে মূল পদ্মার সংযোগস্থলে পলি জমতে থাকে। মূল নদীর মুখে বসানো হয় স্লুইসগেট। যা মূল নদীর সঙ্গে শাখা নদীর বিচ্ছেদ ঘটায়। শাখা নদীর বিশাল ভূখণ্ডের এখানে ওখানে বাঁধ দিয়ে কৌশলে প্রথমে পুকুর বানিয়ে, পরে তা ভরাট করে দখল করে নেওয়া হয়। তবে এখনও রাজশাহী নগরী এবং এর উপকণ্ঠ এলাকাগুলোতে শাখা নদী দুটির রেখা রয়ে গেছে।
বিশেষজ্ঞরা মনে করেন, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ভুল সিদ্ধান্তও নদীর মৃত্যুর অন্যতম কারণ। নদনদীকে বাঁচাতে প্রকৃত সংখ্যা নিরূপণে গবেষণাসহ নদীর ডেটাবেজ করতে হবে। সিএস ম্যাপ অনুযায়ী সব নদীর সীমানা নির্ধারণ করতে হবে। নদীর ওপর নির্মিত ছোট ব্রিজ-কালভার্ট ভেঙে উঁচু করে নির্মাণ করতে হবে। শোধন ছাড়া কোনো বর্জ্য নদীতে ফেলা যাবে না। শহরে নদীর দুই ধারে হাঁটার রাস্তাসহ বসার ব্যবস্থা করে নগর পরিকল্পনা করতে হবে। নদীপাড়ে লাগাতে হবে ফলদ ও ঔষধি বৃক্ষ। লোকায়ত জ্ঞানকে গুরুত্ব দিয়ে এলাকার সংস্কৃতি ও ঐতিহ্যকে বিবেচনায় রেখে নদী সংরক্ষণ প্রকল্প গ্রহণ করতে হবে। সর্বোপরি নদী রক্ষায় নিতে হবে আইনি পদক্ষেপ। তা হলেই এই নদনদীগুলো টিকে থাকতে পারবে।
এদিকে নদীরক্ষায় সোচ্চার রাজশাহী মহানগরের নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, নদীগুলো পরিকল্পনার অভাবে এবং দখলদারদের কবলে পড়ে হারিয়ে গেছে। যা প্রকৃতিরও ভয়ানক ক্ষতি করছে। এখন দখল ও দূষণের কবলে পড়ছে মূল পদ্মা নদী।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী শাখার সভাপতি জামাত খান দাবি করেন, সিএস ও আরএস খতিয়ান দেখে বিলীন হওয়া নদীগুলো রক্ষার ব্যবস্থা করা হোক। অন্তত নদীর জায়গাগুলোতে জলাধার গড়ে তোলা হোক। যা নগরায়ণকে আরও সুন্দর এবং নিরাপদ করে তুলবে।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) রাজশাহী জেলা সভাপতি আহমেদ শফি উদ্দিনও পদ্মাকে দখল ও দূষণমুক্ত করার দাবি জানিয়েছেন।
সর্বোপরি রাজশাহীর হারিয়ে যাওয়া নদীগুলো কেবল কয়েকটি জলধারার বিলীন হওয়ার গল্প নয়; এর সঙ্গে হারিয়ে গেছে একটি জনপদের অর্থনীতি, নৌযোগাযোগ, বাণিজ্য ও জলজ সংস্কৃতির দীর্ঘ ইতিহাস। বারাহী, স্বরমঙ্গলা, দয়া, নারদসহ যে নদীগুলো একসময় পদ্মার সঙ্গে রাজশাহীকে যুক্ত রেখেছিল, সেগুলোর অনেকটাই আজ দখল, ভরাট, দূষণ ও অপরিকল্পিত নগরায়ণের চাপে অস্তিত্বহীন। কোথাও নদীর ওপর উঠে গেছে সড়ক-ভবন, কোথাও তার গতিপথ পরিণত হয়েছে ড্রেন বা জলাবদ্ধতার স্থানে। অথচ নদীর পুরনো পথরেখা এখনও নগরের নানা প্রান্তে ছড়িয়ে আছে।
নদী ও জলবায়ু বিশেষজ্ঞ, নাগরিক সমাজ সহ স্থানীয়দের মতে, এসব নদীর অস্তিত্ব ও সীমানা চিহ্নিত করে দখলমুক্ত করা, পুরনো জলাধারগুলো পুনরুদ্ধার এবং নদীর সঙ্গে পদ্মার সংযোগ ফিরিয়ে আনার উদ্যোগ এখনই প্রয়োজন। কারণ মৃত নদীর জায়গা দখল করে নগর যতই বিস্তৃত হোক, তার জলাবদ্ধতা, পরিবেশ ও জীববৈচিত্র্যের সংকট ততই গভীর হবে। তাই হারিয়ে যাওয়া নদীর জায়গায় শুধু স্মৃতিচিহ্ন নয়, সম্ভব হলে ফিরিয়ে দিতে হবে জলাধার ও জলপ্রবাহের স্বাভাবিক পথ। রাজশাহীর ভবিষ্যৎ নগর পরিকল্পনায় নদীকে ফিরিয়ে আনা তাই অতীত সংরক্ষণের পাশাপাশি নিরাপদ ও বাসযোগ্য নগর গড়ারও গুরুত্বপূর্ণ শর্ত।