× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছবি বিকৃত করে ব্ল্যাকমেইল, বেতাগীতে সাইবার আতঙ্ক

বেতাগী (বরগুনা) প্রতিবেদক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৭ এএম

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:১৪ এএম

বেতাগীতে বিভিন্ন পেজে ব্যক্তিগত ছবি-ভিডিও প্রকাশ, ব্ল্যাকমেইল বিষয়ে থানার ওসির সঙ্গে স্থানীয় তরুণদের মতবিনিময়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বেতাগীতে বিভিন্ন পেজে ব্যক্তিগত ছবি-ভিডিও প্রকাশ, ব্ল্যাকমেইল বিষয়ে থানার ওসির সঙ্গে স্থানীয় তরুণদের মতবিনিময়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরগুনার বেতাগীতে দিন দিন বাড়ছে সাইবার অপরাধ। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজ ও গ্রুপে স্থানীয় শিক্ষক-শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

এসব ছবি ও ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে একটি সংঘবদ্ধ চক্র ভুক্তভোগীদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ ও আতঙ্ক।

অভিযোগ ওঠা পেজগুলোর মধ্যে রয়েছে- ‘Social Meme BD Betagi’, ‘Crush and Confession 2.0 Betagi’, ‘Betagi Dark Zone’ ও ‘Roast of Betagi’।

অভিযোগ রয়েছে, বিভিন্ন স্থানে মানুষের অজান্তে ছবি বা ভিডিও ধারণ করে এসব পেজে পোস্ট করা হচ্ছে। এসব পোস্টকে কেন্দ্র করে নানা ধরনের মন্তব্য ও শেয়ারও হচ্ছে।

বিভিন্ন পেজে ব্যক্তিগত ছবিও ভিডিও প্রকাশ, ব্ল্যাকমেইল বিষয়ে বেতাগী প্রেসক্লাবে গণমাধ্যম কর্মিদের সঙ্গে স্থানীয় তরুণদের মতবিনিময়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

স্থানীয় ভুক্তভোগী ও সচেতন মহলের তথ্যমতে, বেশ কিছুদিন ধরে একটি চক্র বেতাগীর বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের টার্গেট করছে। চক্রটি বিভিন্ন উপায়ে কিংবা এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের সাধারণ ছবি সংগ্রহ করে।

তাদের দাবি, পরে সেসব ছবি বিকৃত (মর্ফ) করে অথবা গোপন মুহূর্তের ছবি-ভিডিও থাকার দাবি করে ভুয়া ও আপত্তিকর কনটেন্ট তৈরি করা হচ্ছে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করা হচ্ছে।

মান-সম্মান ও লোকলজ্জার ভয়ে অনেকে চক্রটির দাবি মেনে টাকা দিতে বাধ্য হচ্ছেন বলেও জানান তারা। 

ভুক্তভোগীদের অভিযোগ, ফেসবুকের কিছু ভুঁইফোড় পেজ থেকেও তাদের টার্গেট করা হচ্ছে। টাকা না দিলে অনেক সময় ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে। এতে অনেকে মানসিকভাবে ভেঙে পড়ছেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে যেতেও আতঙ্ক বোধ করছেন।

বেতাগী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নুসরাত নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে বলেন, “আমরা ভাই-বোন কোথাও ঘুরতে গেলে অনেক সময় গোপনে আমাদের ছবি ধারণ করে সেগুলো বিভিন্ন অ্যাপ ও পেজে পোস্ট করা হচ্ছে। এভাবে যদি আমাদের ব্যক্তিগত ছবি প্রকাশ করা হয়, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়।”

একই প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. নবীন বলেন, “এখানকার বেশ কিছু পেজে মানুষের অজান্তে ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এতে মানুষের ব্যক্তিগত বিষয় প্রকাশ পাওয়ার পাশাপাশি অনেকেই হয়রানি ও বিভ্রান্তির শিকার হচ্ছেন। বিষয়টি দ্রুত বন্ধ হওয়া প্রয়োজন।”

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সিলবি প্রশ্ন তোলেন, “আমাদের নিরাপত্তা কোথায়? রাস্তাঘাটে বা বিভিন্ন জায়গায় বসে থাকা অবস্থায় গোপনে ছবি তুলে তা পোস্ট করা হচ্ছে। বিষয়টি সত্যিই উদ্বেগজনক।”

“এতে আমরা প্রতিনিয়ত বিভ্রান্তকর পরিস্থিতির মধ্যে পড়ছি এবং হয়রানির শিকার ও বিব্রত হচ্ছি”, বলেন তিনি।

অনার্স পড়ুয়া শিক্ষার্থী মেহেদী বলেন, “শুনেছি, ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে কাউকে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের ঘটনাও ঘটছে। সাধারণ ও নিরীহ শিক্ষার্থীরা এ ধরনের হয়রানি থেকে মুক্তি চান।”

অনুমতি ছাড়া ব্যক্তিগত বিষয় কেউ যেন ব্যবহার করতে না পারে উল্লেখ করে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নাফিজা বলেন, “সত্যি বলতে এসব বিষয় দেখতে খুব খারাপ লাগে। আমাদের ব্যক্তিগত বিষয়গুলো এখানে পোস্ট করা হচ্ছে।”

আইনজীবীরা জানান, কারও অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিও ধারণ এবং ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া শাস্তিযোগ্য অপরাধ।

এমন পরিস্থিতিতে চুপ না থেকে দ্রুত আইন প্রয়োগকারী সংস্থার শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার বলেন, “কিছু পেজের নাম আমরা একাধিকবার মৌখিকভাবে পেয়েছি। অভিযোগ রয়েছে, এসব পেজে ছেলে-মেয়েদের ব্যক্তিগত ও আপত্তিকর ছবি প্রকাশ করা হচ্ছে।”

বিষয়গুলো নজরে রয়েছে এবং এসব সাইবার অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, কারও ব্যক্তিগত ছবি বা ভিডিও অনুমতি ছাড়া প্রকাশ করে হয়রানি বা সম্মানহানি করলে সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য-প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় শিক্ষাবিদ ও শিক্ষকেরা বলছেন, শিক্ষার্থীদের মধ্যে দ্রুত সাইবার সচেতনতা বাড়ানো জরুরি।

ব্যক্তিগত তথ্য, ছবি, ফোন নম্বর বা পাসওয়ার্ড অপরিচিত কারও সঙ্গে শেয়ার না করা এবং অনলাইনে হয়রানি বা ব্ল্যাকমেইলের শিকার হলে ভয় না পেয়ে অভিভাবক, শিক্ষক কিংবা প্রশাসনকে জানানোর পরামর্শ দিয়েছেন তারা।

পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে সাইবার নিরাপত্তা সেল গঠন, কাউন্সেলিং ও নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম চালুর ওপরও গুরুত্ব দিয়েছেন তারা।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন বলেন, বর্তমান যুগ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের যুগ। শিক্ষা ব্যবস্থা এখন প্রযুক্তি-নির্ভর। ইন্টারনেট ও স্মার্টফোন শিক্ষার পরিধিকে অনেক বাড়িয়ে দিয়েছে।

কিন্তু এই অবারিত সুযোগের পাশাপাশি একটি অন্ধকার দিকও সামনে আসছে, যা হলো সাইবার অপরাধ এবং সাইবার আতঙ্ক, বলেন তিনি।

উপজেলা প্রশাসনের প্রধান হিসেবে তিনি আশ্বস্ত করে বলেন, “সাইবার জগতকে ভয় পাওয়ার কিছু নেই। এ উপজেলায় কোনো শিক্ষক বা শিক্ষার্থী সাইবার অপরাধের শিকার হলে তার বিরুদ্ধে উপজেলা প্রশাসন সতর্ক ও সর্বোচ্চ ব্যবস্থা নেবে।”

স্থানীয় ভুক্তভোগী ও সচেতন মহল সাইবার অপরাধী ও চাঁদাবাজ চক্রকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা