উদ্ধার হওয়া ১৭ যুবক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১৭ জনকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।
উপজেলার দক্ষিণ লম্বরী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে শুক্রবার বিকালে তাদের উদ্ধার করা হয়।
এদিন রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তারা জানতে পারেন, একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন এলাকার কয়েকজনকে জোরপূর্বক সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে দক্ষিণ লম্বরী এলাকার মো. ইব্রাহীমের বাড়িতে আটকে রেখেছে।
এর ভিত্তিতে শুক্রবার বিকাল ৫টা ৪০ মিনিটের দিকে এসআরবি-১৫-এর একটি আভিযানিক দল ওই বাড়িতে অভিযান চালায়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যায় বলেও জানান তিনি।
তিনি আরও জানান, অভিযানের সময় উপস্থিত সাক্ষীদের সামনে বাড়িটিতে তল্লাশি চালিয়ে ১৭ জন যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধার ব্যক্তিদের মধ্যে বান্দরবানের লামা এবং কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, রামু, সদর ও টেকনাফের বাসিন্দারা রয়েছেন।
এসআরবি-১৫ জানায়, প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে সংঘবদ্ধ চক্রটি তাদের বিদেশে পাচারের জন্য জড়ো করেছিল। তাদের জবরদস্তিমূলক শ্রমে নিয়োজিত করারও পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পালিয়ে যাওয়া পাচারকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে। উদ্ধার ১৭ জনকে আইনগত প্রক্রিয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।