কক্সবাজার অফিস ও টেকনাফ প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ২২:৪৯ পিএম
কক্সবাজারের টেকনাফের সাবরাং ট্যুরিজম পার্কের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফের সাবরাং ট্যুরিজম পার্ককে বিশ্বমানের পর্যটন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নতুন সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার।
পর্যটন সুবিধা সম্প্রসারণের পাশাপাশি টেকনাফের সঙ্গে কক্সবাজারের যোগাযোগব্যবস্থা উন্নত করা এবং সেন্টমার্টিনের নৌপথে যাতায়াতের সময় কমানোর উদ্যোগও নেওয়া হবে।
শুক্রবার বিকালে সাবরাং ট্যুরিজম পার্কের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় তিনি চলমান উন্নয়নকাজ, অবকাঠামো ও পর্যটন সুবিধা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এবিএম আব্দুস সাত্তার বলেন, সাবরাং এক্সক্লুসিভ ট্যুরিজম পার্কের জন্য প্রায় এক হাজার একর জমির পরিকল্পনা ছিল। তবে সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় এর প্রায় ৫০০ একর জমি সমুদ্রে বিলীন হয়ে গেছে। এখন অবশিষ্ট প্রায় ৫০০ একর জমিকে কাজে লাগিয়ে পর্যটন অবকাঠামো গড়ে তোলার চেষ্টা করা হবে। তিনি বলেন, টেকনাফ থেকে কক্সবাজারের যোগাযোগব্যবস্থা সহজ ও দ্রুত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি টেকনাফ থেকে সেন্টমার্টিনে নৌ যাতায়াতের সময় কমিয়ে আনার পরিকল্পনাও রয়েছে।
পরিদর্শনকালে সাবরাং এলাকায় জেটি নির্মাণ নিয়েও আলোচনা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জেটি নির্মাণের জন্য ইতোমধ্যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। কাজ শেষ হতে প্রায় দুই বছর সময় লাগতে পারে। জেটি নির্মিত হলে বড় লঞ্চ ও জাহাজ ভিড়তে পারবে। এতে সেন্টমার্টিনের সঙ্গে নৌ যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি পর্যটন খাতেরও প্রসার ঘটবে।
স্থানীয় জনগণের কর্মসংস্থানের ওপরও গুরুত্ব দেওয়া হবে বলে জানান মুখ্য সচিব। হোটেল-মোটেল ও বিভিন্ন পর্যটন কেন্দ্র গড়ে উঠলে স্থানীয় বাসিন্দাদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হবে। তিনি বলেন, আগামী কয়েক বছরের মধ্যে টেকনাফের পর্যটন অবকাঠামোর চেহারা বদলে দেওয়ার চেষ্টা করা হবে। পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে সাবরাং দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকারসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।