গাইবান্ধা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩৮ পিএম
সুন্দরগঞ্জ উপজেলায় মানুষের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা দেয়। এ ঘটনায় অধিকতর অনুসন্ধানে মাঠে নেমেছে আইইডিসিআরের আউটব্রেক ইনভেস্টিগেশন টিম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অসুস্থ গাভির মাংস কাটার পর বেশ কিছু মানুষের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা দেয়। এর পর ধীরে ধীরে বাড়তে থাকে আক্রান্ত রোগীর সংখ্যা।
সবশেষ গত বৃহস্পতিবার রাত পর্যন্ত অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন করে চিকিৎসা নিয়েছেন শিশুসহ দুজন। এ নিয়ে সন্দেহভাজন অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ জনে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, বৃহস্পতিবার অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে নতুন করে চিকিৎসা নিয়েছেন তারাপুরের নিজামখা গ্রামের ইব্রাহীমের স্ত্রী আইরীন বেগম (৩৫) ও সর্বানন্দ ইউনিয়নের পূর্ব বাছোয়াহাটি গ্রামের আনারুল ইসলামের শিশুকন্যা রোজামনি (৪)।
আইরীন বেগমের স্বামী ইব্রাহীম হোসেন মোবাইল ফোনে জানান, তার স্ত্রীর ডান হাতের আঙুলে ফোসকা পড়ে ফুলে গেছে। তারা অসুস্থ গরুটির মাংস রান্না করে খেয়েছেন। রোজামনির দাদা আব্দুর রশিদ বলেন, তিন দিন আগে রোজামনির বাম চোখে সমস্যা দেখা দেয়। বৃহস্পতিবার চোখ ফুলে যাওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। ডাক্তার ওষুধ দিয়েছেন। তিনি জানান, মঞ্জুরুলের জবাই করা গরুর গোশত কাটাকাটিতে তিনিও ছিলেন। তারও হাতে ফোসকা হয়েছে। তারা সবাই গরুটির মাংস খেয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা কয়েকটি ইউনিয়নের ৩৭ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। কুকুরের কামড়ে আক্রান্ত নয়জনকে সার্বক্ষণিক মনিটরিংয়ে রাখা হয়েছে। এখন পর্যন্ত তাদের কারও জলাতঙ্কের লক্ষণ বা উপসর্গ প্রকাশ পায়নি।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জোবাইদুল কবীর বলেন, গত কয়েক দিনে প্রায় ২০ হাজার গরুকে অ্যানথ্রাক্সের ভ্যাকসিন দেওয়া হয়েছে। শুক্রবার প্রায় সাড়ে ৭ গরুকে ভ্যাকসিন দেওয়া হয়। তিনি আরও বলেন, কোনো এলাকায় হঠাৎ জীবাণুঘটিত প্রাদুর্ভাব দেখা দিলে সেটিকে আউটব্রেক ডিজিজ বলা হয়ে থাকে। সুন্দরগঞ্জের বিষয়টিও তাই হয়েছে। এজন্য আইইডিসিআরের ৬ সদস্যের একটি ইনভেস্টিগেশন টিম সুন্দরগঞ্জে প্রাদুর্ভাব, তথ্য সংগ্রহ ও অধিকতর গবেষণার জন্য মাঠে কাজ করছেন। এর আগে গত ২১ সেপ্টেম্বর প্রাণিসম্পদ অধিদপ্তরের রোগতত্ত্ব বিভাগের উচ্চপর্যায়ের অপর একটি পর্যবেক্ষণ টিম আক্রান্ত এলাকায় নমুনা ও তথ্য সংগ্রহ এবং প্রাদুর্ভাবের গবেষণার জন্য সরেজমিন এসেছিল।
এদিকে উপজেলায় মানুষের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা দেওয়া এবং শিয়ালের কামড়ে নারী-শিশুসহ নয়জন আহত হওয়ার ঘটনায় অধিকতর অনুসন্ধানে মাঠে নেমেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) আউটব্রেক ইনভেস্টিগেশন টিম। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের বাছোয়াহাটি কমিউনিটি ক্লিনিক এলাকায় জনসচেতনতামূলক ক্যাম্প করেন ওই টিম। এতে স্থানীয় স্বাস্থ্য ও প্রাণিসম্পদ সংশ্লিষ্ট কর্মকর্তারাও অংশ নেন।
আইইডিসিআরের সহকারী অধ্যাপক ডা. সোহেল রহমানের নেতৃত্বে ইনভেস্টিগেশন দলের অন্য সদস্যরা হলেনÑ একই বিভাগের ডা. কাজী তাহমিনা করিম, এফইটিপি-বি ফেলো ডা. মেরী হাপাং, মেডিকেল টেকনোলজিস্ট মিনহাজ মিয়া, মেডিকেল অ্যানথ্রোপলজিস্ট ড. আব্দুল খালেক মো. দৌলত খান ও ল্যাব অ্যাটেনডেন্ট মো. তরিকুল ইসলাম। তদন্ত দলকে কর্মস্থলে ফেরার তিন দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর সুন্দরগঞ্জের পূর্ব বাছোয়াহাটি গ্রামের মঞ্জুরুল ইসলামের অসুস্থ ফ্রিজিয়ান গাভি জবাই করে মাংস কাটতে বিভিন্ন বয়সের নারী-পুরুষ অংশ নেন। এর কিছুদিন পর ওই এলাকার ৪ জনের শরীরে ফোসকা (অ্যানথ্রাক্সের উপসর্গ) দেখা দেয়। আক্রান্তরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে তাদের শরীরের ফোসকাগুলো অ্যানথ্রাক্সের উপসর্গ বলে নিশ্চিত করেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার পর্যন্ত ৩৭ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
এর আগে গত বছরের ২৯ সেপ্টেম্বর বেলকা ইউনিয়নে রোগাক্রান্ত গরু জবাই ও মাংস কাটাকাটির কাজে অংশ নেওয়া ১১ জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা দেয়। পরে তাদের গাইবান্ধাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে রোজিনা বেগম (৪৫) নামে এক নারী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।