উদ্ধারকৃত ইয়াবা ও আটক দুই যুবক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জেলের ছদ্মবেশে মিয়ানমার থেকে ইয়াবা নিয়ে কক্সবাজারের টেকনাফে প্রবেশের সময় দুই যুবককে গ্রেপ্তার করেছে বিজিবি।
এ সময় তাদের কাছ থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফের জীম্বংখালী সীমান্তের ইশাকের ঘের এলাকায় শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জীম্বংখালী গ্রামের মো. শাহ আলমের ছেলে মো. ইমরান হোসেন (২০) এবং একই এলাকার মৃত জফর আলমের ছেলে রাসেল মিয়া (২১)।
বিষয়টি নিশ্চিত করেছেন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম ।
বিজিবি জানায়, শুক্রবার দুপুর ২টা ৫০ মিনিটের দিকে নিয়মিত টহলের সময় জীম্বংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী ইশাকের ঘের এলাকায় দুই ব্যক্তিকে মাছের ঝুড়ি হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে সন্দেহ করে। তাদের থামতে বললে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়।
আটকের পর মাছের ঝুড়িতে তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটে মোড়ানো চারটি নীল রঙের কার্টন পাওয়া যায়। কার্টনগুলো থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন।
লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদক সরবরাহকারী ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।