পিরোজপুর প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫৯ পিএম
পিরোজপুর শহরের কালিবাড়ী রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পিরোজপুর শহরের কালিবাড়ী রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে। এতে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাত ১২টার দিকে কালীবাড়ি রোডের দোকানগুলোতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে টেইলার্স, চায়ের দোকান, সাইকেল ও পার্টস, হার্ডওয়্যার, প্লাস্টিক এবং মুদির দোকানসহ ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়। স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলোÑ টেইলার্সের দোকান জাহাঙ্গীর হোসেনের, চায়ের দোকান ধীমান মিস্ত্রির, সাইকেল ও পার্টসের দোকান মশিউর রহমানের, হার্ডওয়্যারের দোকান আবু জর মোল্লার, সাইকেল ও প্লাস্টিকের দোকান আলী আকবর আকনের এবং মুদির দোকান মহসিন শেখের।
ব্যবসায়ীরা জানান, তাদের অধিকাংশই ব্যাংক ও বিভিন্ন সমিতি থেকে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করতেন। আগুনে দোকান ও মালামাল পুড়ে যাওয়ায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে সরকারি কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার পাশাপাশি প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়।
পিরোজপুর সদর থানার ওসি শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় আমাদের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।