× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সারাদেশে সড়কে ঝরল ৮ প্রাণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫৬ পিএম

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে ৩ জন, নরসিংদীতে সিএনজি ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে ২ যাত্রী, কুষ্টিয়ার খোকসায় ট্রাকচাপায় নসিমন চালক, সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকের ধাক্কায় সিএনজি চালক ও রায়গঞ্জে বাসের ধাক্কায় সাংবাদিকের ভাতিজা প্রাণ হারিয়েছে। প্রতিবেদকদের পাঠানো খবরÑ

শিবচর (মাদারীপুর) : ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। দুর্ঘটনায় অন্তত ১৫ যাত্রী আহত হয়েছে।

শিবচর হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ৩টার দিক ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের পাঁচ্চর এলাকায় ঢাকাগামী পালকি পরিবহনের একটি বাস চাকা পাংচার হয়ে যাওয়ায় গাড়িটি মহাসড়কের পাশে রেখে মেরামতের কাজ চলছিল। এ সময় ঢাকামুখী যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস পিছন দিক থেকে পালকি পরিবহনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ যাত্রী নিহত হয় ও অন্তত ১৫ যাত্রী আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা চলছে। খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি হেফাজতে নিয়েছে। তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

শিবচর হাইওয়ে থানার পরিদর্শক এমএম মুনতাসির মাহমুদ বলেন, দুর্ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতালে রাখা হয়েছে। পরিচয় শনাক্তে কাজ চলছে। দুর্ঘটনা কবলিত বাস দুটি উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে।

নরসিংদী : নরসিংদীর পাঁচদোনায় সিএনজি ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে ২ যাত্রী নিহত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় পাঁচদোনা-টঙ্গী সড়কের ভাটপাড়া বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলোÑ নরসিংদী সদর উপজেলার চরদিঘলদী ইউনিয়নের অন্তরামপুর এলাকার খোরশেদ আলমের ছেলে সাইদুল ইসলাম (২২) ও আশুলিয়ার মাতাইল দক্ষিণ পাড়ার হারিস মোল্লার ছেলে নুর উদ্দিন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল ৮টায় গাজীপুর থেকে যাত্রীবাহী একটি সিএনজি নরসিংদীর উদ্দেশে ছেড়ে আসে। সকাল ৯টায় পাঁচদোনার ভাটপাড়া সড়কে পৌঁছার পর ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী নুর উদ্দিন ও হাসপাতালে নেওয়ার পথে সাইদুল ইসলামের মৃত্যু হয়। খবর পেয়ে মাধবদী থানা পুলিশ নুর উদ্দিনের মরদেহ উদ্ধার ও সিএনজি চালককে হেফাজতে নেয়। মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রায়গঞ্জ (সিরাজগঞ্জ): বগুড়ায় সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রিপন কুমার কর (৪৫) দৈনিক ইত্তেফাকের রায়গঞ্জ প্রতিনিধি দীপক কুমার করের ভাতিজা। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে বগুড়া শহরের বনানী বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস রিপন কুমার করকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রিপন কুমার কর রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের তপন কুমার করের মেজ ছেলে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি আটক করেন। বাসটি ঢাকা থেকে বগুড়াগামী আরকে পরিবহনের বলে জানা গেছে। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহজাদপুর (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকের ধাক্কায় মোমিনুল ইসলাম (৩৫) নামে এক সিএনজিচালক নিহত হয়েছেন। শুক্রবার ভোর ৬টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সরিষাকোল বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোমিনুল ইসলাম শাহজাদপুর উপজেলার মশিপুর গ্রামের আবু সাঈদের ছেলে। স্থানীয়রা জানায়, মোমিনুল ইসলাম পেশায় সিএনজিচালক। সকালে সরিষাকোল বাজারে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় পাথরবোঝাই একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শাহজাদপুর ফায়ার স্টেশনের ইনচার্জ পারভেজ আহমেদ বলেন, সিরাজগঞ্জ রোডের দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাক সিএনজি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সিএনজি চালকের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশের সাথে কথা বলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

খোকসা (কুষ্টিয়া) : খোকসায় ট্রাকের চাপায় আলমগীর (৩৫) নামে এক নসিমনচালক নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে খোকসা ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীরের গ্রামের বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার মৃগী এলাকায়। তিনি পেশায় নসিমনচালক ছিলেন।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিদুল ইসলাম বলেন, ‘নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ঘাতক ট্রাকটি শনাক্ত করে চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা