× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুড়ি তিস্তা পুনঃখনন, মিলছে না সুফল

হাবিবুর রহমান হাবীব, রাজারহাট (কুড়িগ্রাম)

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ২০:৪৯ পিএম

রাজারহাটে জিও ব্যাগে তিস্তা-বুড়ি তিস্তার পানিপ্রবাহ বন্ধের পর খালের ওপর মাটির রাস্তা। বুড়ি তিস্তায় পানি না থাকায় পুনঃখননের সুফল পাচ্ছেন না স্থানীয়রা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজারহাটে জিও ব্যাগে তিস্তা-বুড়ি তিস্তার পানিপ্রবাহ বন্ধের পর খালের ওপর মাটির রাস্তা। বুড়ি তিস্তায় পানি না থাকায় পুনঃখননের সুফল পাচ্ছেন না স্থানীয়রা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুড়িগ্রামের রাজারহাটে প্রায় ৩ কোটি ৭৩ লাখ ৮৮ হাজার টাকা ব্যয়ে বুড়ি তিস্তা নদীর ৯ কিলোমিটার অংশ পুনঃখনন করা হলেও কাঙ্ক্ষিত সুফল নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, তিস্তা নদীর সঙ্গে বুড়ি তিস্তার সংযোগস্থলে পানির প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় পুনঃখননের পরও খালের বড় অংশে পর্যাপ্ত পানি থাকছে না।

ফলে শুষ্ক মৌসুমে সেচ সুবিধা, মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য বৃদ্ধির যে প্রত্যাশা ছিল, তা পুরোপুরি বাস্তবায়িত হচ্ছে না।

স্থানীয় কৃষক খয়বর আলী বলেন, ‘বুড়ি তিস্তা খনন করার সময় আমরা আশা করেছিলাম, শুষ্ক মৌসুমে খালে পানি থাকবে এবং সেই পানি দিয়ে জমিতে সেচ দিতে পারব। কিন্তু এখন তিস্তা নদীতে পানি থাকলেও বুড়ি তিস্তায় পর্যাপ্ত পানি দেখা যায় না। খনন করে যদি পানি ধরে রাখা না যায়, তাহলে কৃষকরা কাঙ্ক্ষিত সুফল কীভাবে পাবেন?’

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ‘ভূ-উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে বৃহত্তর রংপুর জেলায় সেচ সম্প্রসারণ’ প্রকল্পের আওতায় বুড়ি তিস্তার এই পুনঃখনন করা হয়। প্রকল্পের আওতায় রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়ন থেকে উলিপুর উপজেলার থেত্রাই ইউনিয়ন পর্যন্ত নদীর প্রায় ৯ কিলোমিটার অংশ পুনঃখনন করা হয়েছে।

বিএমডিএ কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ১৫টি ধাপে এ কাজ শেষ করতে ব্যয় হয়েছে ৩ কোটি ৭৩ লাখ ৮৮ হাজার ৭০০ টাকা। প্রতিটি ধাপে প্রায় ৫৯০ মিটার নদী ১২ ফুট গভীর করে খনন করা হয়েছে।

এ বিষয়ে বিএমডিএর নির্বাহী প্রকৌশলী মোস্তাক আহমেদ বলেন, ‘এখানে একটি স্লুইসগেট থাকলে হয়তো ভালো হতো। তবে বর্তমানে এ বিষয়ে বিএমডিএর কোনো বাজেট বা প্রকল্প নেই। আমাদের প্রকল্প ছিল খাল পুনঃখনন। সেই কাজ শেষ হয়েছে। এ প্রকল্পের আওতায় এখন আর কোনো কাজ নেই।’

তিনি আরও জানান, খালের ওপর স্থানীয়ভাবে রাস্তা নির্মাণ কিংবা দখলমুক্ত করার বিষয়টি বিএমডিএর ওই প্রকল্পের আওতাভুক্ত নয়।

স্থানীয়দের দাবি, শুধু খাল খনন করলেই হবে না; তিস্তা ও বুড়ি তিস্তার সংযোগস্থলে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি খালের ওপর তৈরি মাটির রাস্তা, ভরাট ও দখলের বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা